স্বপ্ন। পৃথিবীতে বোধহয় এই একটিই বিষয় আছে, যা দেখতে কোনো বাধা নেই। আর তাই তো ছেঁড়া কাঁথায় শুয়েও লাখ টাকার স্বপ্ন দেখে মানুষ। আমি স্বপ্ন্ন দেখি আমার বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের শিশুদের নিয়ে। যে বাংলাদেশে শিশুদের শৈশব কম্পিউটার বা ভিডিও গেমসের মতো কতগুলো ডিজিটাল যন্ত্রে বন্দী হয়ে থাকবে না, খোলা মাঠে মুক্ত বাতাসে ঘুড়ি ওড়াবে শৈশবে। থাকবে না ক্ষুধিত শিশুর রোনাজারি। ঘর থেকে বের হলেই দেখতে হবে না পথশিশুদের ভিক্ষা করার করুণ দৃশ্য। থাকবে না শিশুশ্রম। রাস্তার পাশে শুয়ে চরম অনিরাপদ রাত কাটাতে হবে না কোনো শিশুকে।আরও স্বপ্ন দেখি, পড়ালেখা নিয়ে শিশুদের নেই কোনো ভীতি, নেই পরীক্ষায় প্রথম হওয়ার জঘন্য কোনো প্রতিযোগিতা। নিজের চেয়ে ভারী কোনো স্কুলব্যাগ চাপিয়ে দেওয়া হচ্ছে না শিশুদের কাঁধে। সকাল-সন্ধ্যা তাদের ছুটতে হচ্ছে না কোচিং অথবা প্রাইভেটে। শিশুরা দেশীয় সংস্কৃতির চর্চা করছে, আর সুস্থ পারিবারিক পরিবেশে বেড়ে উঠছে। আমি এ দেশের শিশুদের জন্য কিছু করতে চাই। শিশুরা নিরাপদ পরিবেশে গড়ে উঠছে—এই আমার স্বপ্ন, যা আমার তরুণ মনের চারপাশে ওড়াউড়ি করে প্রজাপতির মতো। জানি না, স্বপ্নতরী বেয়ে আমি ছুঁতে পারব কি না আমার স্বপ্নের আকাশটাকে।বুশরা তাবাসসুমশিক্ষার্থী, কুষ্টিয়া সরকারি কলেজ।