আমার 'ফাইট' শেষ হয়নি এখনো: রুমানা মনজুর
স্বামীর নির্মম নির্যাতনে চোখের আলো হারিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুর। দৃষ্টিশক্তি হারিয়েও থেমে থাকেননি তিনি। মেয়েকে নিয়ে কানাডায় গিয়ে আবার পড়াশোনা শুরু করেন আইন বিষয়ে। ২৪ মে অনুষ্ঠিত সমাবর্তনে স্নাতক ডিগ্রির সনদ পান রুমানা মনজুর। দৃঢ় মনোবলই তাঁকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এসব নিয়ে ফোনে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি

২৭ মে, বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা। টেলিফোনে নিজের পরিচয় দিয়ে জানতে চাই, কেমন আছেন? খুব সংক্ষেপে উত্তর—‘এই তো।’ তারপর টেলিফোনের অপর প্রান্ত থেকে হাসির শব্দ। বাংলাদেশ থেকে কানাডার ভৌগোলিক দূরত্ব অনেক বেশি হলেও প্রাণবন্ত সেই হাসির শব্দ ছিল খুব স্পষ্ট; তাই উত্তর অনেকটা জানা হয়ে গেল। কথা বলছিলাম বাংলাদেশের মেয়ে রুমানার সঙ্গে। আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হওয়ায় এই রুমানা মনজুরকে চেনে দেশের বাইরেও অনেকে।
কানাডার ভ্যাংকুভারের ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার (ইউবিসি) পিটার অ্যা অ্যালার্ড স্কুল অব ল থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রুমানা মনজুর। স্নাতক ডিগ্রি অর্জনকারীদের সম্মানে ২৪ মে অনুষ্ঠিত চ্যান শুন কনসার্ট হলের অনুষ্ঠানে রুমানাও বক্তব্য দেন।
কনসার্ট হলে প্রায় ১ হাজার ২০০ মানুষের উপস্থিতি। মিলনায়তনজুড়ে পিনপতন নীরবতা। রুমানা ফোনে বলেন, ‘বক্তব্য শেষ হলে তুমুল হাততালির শব্দ শুনি। সবাই নাকি আমার সম্মানে দাঁড়িয়ে গিয়েছিলেন। তা তো আর দেখতে পাইনি, তাই বুঝতেও পারিনি। একজন বলে দেওয়ার পর বুঝতে পারি।’
রুমানার গলায় দৃঢ়তা। বলেন, ‘আমার ফাইট শেষ হয়নি এখনো। আমি কিছু দেখতে পাচ্ছি না। এ ফাইট শেষ হওয়ার নয়। আমি শিখেছি, চেষ্টা করেছি। আমি পরাজিত হব না।’
রুমানা পরাজিত হননি।

২০১১ সালের ১৪ জুন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মনজুরকে নিয়ে প্রথম আলোর প্রতিবেদনটির কয়েক লাইন ছিল এমন—‘কক্ষে ঢুকেই পেছন থেকে হামলা চালায় ও। চুলের মুঠি ধরে দুই চোখে আঙুল ঢুকিয়ে দেয়। কামড়ে নাক-মুখ ক্ষত-বিক্ষত করে। রক্তে পুরো শরীর ভরে যায়। একপর্যায়ে মেঝেতে পিছলে পড়ি নিজের রক্তের ওপর। এরপর...জ্ঞান ফিরলে দেখি, হাসপাতালের বিছানায়।’
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় এ কথা বলেছিলেন রুমানা । এর আগে ৫ জুন রাজধানীর ধানমন্ডিতে বাবার বাড়িতে স্বামী হাসান সাইদের হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার হন তিনি। মাত্র পাঁচ বছর বয়সী একমাত্র মেয়ে আনুশেহের চোখের সামনেই ঘটেছিল ঘটনা। সেই মেয়ের বয়স এখন ১১ বছর। কানাডার চ্যান শুন কনসার্ট হলের অনুষ্ঠানে যখন মা রুমানা বক্তব্য দিচ্ছিলেন, তখন ছোট্ট আনুশেহেও সেখানে উপস্থিত ছিল। আরও ছিলেন রুমানার মা-বাবা, ভাই ও ভাইয়ের স্ত্রী।
নির্যাতনের ঘটনার পর ভারতে চিকিৎসা নিয়ে রুমানা আবার ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। ২০ জুন প্রথম আলোর কাছে রুমানা বলেছিলেন, ‘আমার পৃথিবীটা অন্ধকার করে দিল। আমি আমার বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না।’ ততক্ষণে রুমানা জেনে গেছেন, তাঁর দুই চোখের আলো একেবারে নিভে গেছে। সে সময় রুমানার এ খবর কানাডার বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ হয়েছিল।
আর ২০১৭ সালের মে মাসে কানাডা, বাংলাদেশসহ বিভিন্ন দেশের গণমাধ্যমে প্রকাশিত খবর হলো—রুমানা এখন আইনে স্নাতক। সঙ্গে তাঁর হাসিমাখা মুখচ্ছবি।
২০০১ সালে হাসান সাইদের সঙ্গে বিয়ে হয় রুমানার। বিয়ের পর থেকেই সাইদ তাঁকে নির্যাতন করে আসছিলেন। সন্তানের দিকে তাকিয়ে সব কষ্ট সয়ে গেছেন। সর্বশেষ উচ্চশিক্ষার জন্য কানাডা যাওয়া নিয়েই মনোমালিন্য শুরু হয়। তারপর তো চলে চরম নির্যাতন। ওই ঘটনার সময়ে তিনি কানাডার ইউবিসিতে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করছিলেন। স্বামীর নির্যাতনে দৃষ্টিশক্তি হারানোর পর দুই বছরের মাথায় ইউবিসি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর আইন বিষয়ে পড়া শুরু করেন। ওই হামলার ঘটনায় তাঁর স্বামী হাসান সাইদকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। ২০১১ সালের ডিসেম্বরে কারাগারেই তাঁর মৃত্যু হয়।
রুমানা মনজুরের সঙ্গে আলাপচারিতায় বাংলাদেশের নারী নির্যাতন নিয়ে কথা হয়। দেশে বর্তমানে যে হারে নারীরা পারিবারিক নির্যাতনের শিকার হচ্ছেন, তাকে ‘আনবিলিভেবল (অবিশ্বাস্য)’ বলে মন্তব্য করেন রুমানা। একই সঙ্গে তিনি বলেন, ‘নিজের কথা ভুলব কেমন করে?’
রুমানা জানান, বাংলাদেশে নারীরা বেশি নির্যাতনের শিকার। আবার কোনো কোনো দেশে পুরুষেরাও নির্যাতনের শিকার হচ্ছেন। তাই শুধু নারী নয়, মানুষের বিরুদ্ধে যে নির্যাতন তার বিরুদ্ধেই রুখে দাঁড়াতে চান রুমানা। আর এ ক্ষেত্রে আইনে স্নাতক ডিগ্রির যে সনদ, তা ভিত্তি হিসেবে কাজ করবে।
রুমানার মতে, কোনো নারীর সঙ্গে যখন অসম্মানজনক আচরণ করা হবে, তখন সেই নারীর উচিত ডিপ্লোম্যাটিক ওয়েতে সেখান থেকে বেরিয়ে আসা। কেননা, নিজের জীবনটাও তো গুরুত্বপূর্ণ।
রুমানা বলেন, তিনি এখন ভীষণ ব্যস্ত। ব্রেইল শিখতে সময় লাগে, তাই তিনি কাজ করেন কম্পিউটারে, বিশেষ সফটওয়্যারের মাধ্যমে। আবার তাঁর ক্যারিয়ার শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে। সামনে আছে বারের পরীক্ষা।
রুমানার কণ্ঠে দেশের জন্য হাহাকার। বলেন, ‘দেশে আসতে খুব ইচ্ছা করে। কিন্তু সময় নেই। মেয়েটা এখনো ছোট। ওকে বড় করতে হবে। নিজের ক্যারিয়ার গোছাতে হবে। সব ঠিক করে একদিন দেশে যাব।’
দৃষ্টিশক্তি হারানো রুমানা তাঁর আজকের অবস্থায় রূপান্তরে নিজের পরিবারের সদস্য, দেশবাসী এবং কানাডার ইউবিসি—সবার প্রতি কৃতজ্ঞ। এখনো রুমানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কথা ভুলতে পারেন না। আর যখন তিনি হারিয়ে যেতে বসেছিলেন, তখন ইউবিসি পরিবার যেভাবে তাঁর হাত দুটো আকঁড়ে ধরেছে, তার কথা ঘুরেফিরে বারবার উল্লেখ করেছেন।
ঘুরে দাঁড়ানোর এই সংগ্রামে মনোবল ও শক্তি অটুট রাখতে রুমানা মনজুর সবার কাছে দোয়া চেয়েছেন।