আমারটা যেন হয় আলাদা
ঈদের পোশাকটা ভালোভাবেই বানানো হয়েছে। কিন্তু তার পরও মনে হচ্ছে কী যেন নেই। সৌন্দর্যের কোথায় যেন ঘাটতি আছে। কী করা যায়? সালোয়ার-কামিজ বা শাড়িটা নিয়ে চলে যেতে পারেন ব্লক বা নানা রকম হাতের কাজ করানো হয় এমন কোনো দোকানে। দেখবেন নানা রঙের মিশেলে ব্লকপ্রিন্ট, স্প্রে অথবা এমব্রয়ডারি কাজ পোশাকটায় দিয়েছে নতুন মাত্রা। এবার ঈদে নিজের পোশাকটাকে সবার চেয়ে আলাদা আর জমকালো করার জন্য তাতে বিভিন্ন ধরনের কাজ করাচ্ছেন অনেকে। আর তাঁদের পছন্দের তালিকায় আছে ব্লকপ্রিন্ট, বাটিক, টাইডাই, এমব্রয়ডারি, ডলার, ইয়োক, অ্যাপ্লিক অথবা হাতে করা সুতার কাজ। জেনে নিন এসবের খোঁজখবর।ফ্যাশন হাউস পিরানের ডিজাইনার ও স্বত্বাধিকারী হাসনা বানু বলেন, ‘ফ্যাশন যেমন ঘুরে ঘুরে আসে, ঠিক তেমনি ফ্যাশন নির্ভর করে ব্যক্তির রুচির ওপর। অনেক দিন ধরেই আমাদের দেশে ব্লকপ্রিন্টের ফ্যাশন চলছে। তবে তা নিছক ব্লকের ছাপ নয়। সময়ের সঙ্গে এর ফ্যাশনে এসেছে পরিবর্তন। ব্লকপ্রিন্ট করিয়ে এর ওপর সুতার কাজ বা অ্যাপ্লিক করিয়ে পোশাককে আরও বেশি সুন্দর করা যায়। একই পোশাকে হালকা বা গাঢ় দুই ধরনের রঙের ব্যবহার কিংবা সুতার কমবেশি কাজ করে ডিজাইনের মধ্যে ভিন্নতা আনা সম্ভব। কেউ চাইলে কাপড়টি বেঁধে রঙে ডুবিয়ে ভিন্ন রূপ দিতে পারে। যাকে বলে টাইডাই। আর এমব্রয়ডারি তো কখনোই পুরোনো হয় না।’ এ ধরনের কাজ করে নিজের পোশাকটা সবার চেয়ে আলাদা করা সম্ভব বলে মনে করেন এই ডিজাইনার। অন্যদিকে ইয়োকের ফ্যাশন আবার নতুন করে আসছে—বলেন ঢাকার চাঁদনী চকের ইউনিক লেডিস টেইলার্সের মাস্টার সুকুমার পাল। তিনি বলেন, এবার ঈদে এমব্রয়ডারি, লেইসের সঙ্গে জামার হাতায় আর সামনের অংশে বিভিন্ন ধরনের ইয়োক বসিয়েছি। আর ব্লকপ্রিন্ট তো কখনোই পুরোনো হয় না। জামায় ব্লকপ্রিন্ট করার সুবিধার্থে সালোয়ার আর কামিজের চারপাশ খোলা রাখতে হয়। নিউমার্কেটের তিনতলাজুড়ে রয়েছে ব্লকপ্রিন্ট করানোর দোকান। তিনতলার ভিড়ই বলে দেয় এর চাহিদা কেমন। নিউমার্কেটের ব্লকপ্রিন্ট ব্যবসায়ী মুকুলী বেগম বলেন, ব্লকপ্রিন্ট, হ্যান্ড পেইন্ট আর স্প্রে সব ধরনের কাজেরই চাহিদা রয়েছে। খরচ যেমন হবেসালোয়ার-কামিজসহ ওড়নায় এক রং দিয়ে ব্লকপ্রিন্ট করাতে খরচ পড়বে ১৫০ টাকা। দুই রঙের জন্য খরচ পড়বে ২০০, তিন রঙের জন্য ২৫০ টাকা। শুধু জল ছাপ দিয়ে কাজ করালে খরচ পড়বে ১৮০ টাকা। স্প্রের কাজ করালে খরচ পড়বে ২০০ টাকা। হ্যান্ডপেইন্টের কাজের জন্য ৩০০ টাকা। তবে সোনালি রুপালি রঙের ব্যবহার করলে খরচ একটু বেশি পড়বে। ঢাকার ইস্টার্ন মল্লিকায় রূপসাগর দোকানের এমব্রয়ডারি ডিজাইনার জাকির হোসেন বলেন, শাড়ি, সালোয়ার-কামিজ বা পাঞ্জাবিতে এমব্রয়ডারি করিয়ে থাকি। তবে মেশিনের চেয়ে হাতে করা এমব্রয়ডারির খরচ একটু বেশি। মেশিনে একটি জামা করতে খরচ পড়বে ডিজাইন ভেদে ৩০০ থেকে এক হাজার ২০০ টাকা। একই ডিজাইনের হাতে কাজ করা এমব্রয়ডারি করতে খরচ পড়বে ৫০০ থেকে দুই হাজার টাকা। মেশিনে শাড়ি করতে খরচ পড়বে ডিজাইন ভেদে এক হাজার ৫০০ থেকে দুই হাজার ২০০ টাকা। আর একই ডিজাইনের শাড়ি হাতে এমব্রয়ডারি করতে খরচ পড়বে দুই হাজার থেকে তিন হাজার ৫০০ টাকা। জামায় বা শাড়িতে ডলার বসাতে খরচ পড়বে প্রতিটি তিন টাকা করে। তবে ডলার বেশি বসালে খরচ কিছুটা কমে যায়। পোশাকে যদি ভারী কাজ করা হয়, তবে সময় লাগবে এক মাস আর হালকা কাজে সময় লাগবে ১৫ দিন। ইয়োকের কাজের ভিন্নতার ওপর দাম নির্ভর করে। পুঁতির কাজ করা ইয়োকের দাম পড়বে ২৮০ থেকে ৩২০ টাকা। সুতা আর ডলারের কাজ করা ইয়োকের দাম পড়বে ৩৫০ থেকে ৪০০ টাকা। উলের কাজ করা ইয়োকের দাম পড়বে ৩২০ থেকে ৪৫০ টাকা।কোথায় পাবেন ঢাকার নিউমার্কেটের কিছু কাপড়ের দোকানে পাবেন উলের কাজ করা ইয়োক। এ ছাড়া ইস্টার্ন মল্লিকা, চাঁদনী চক, মিরপুর-১১ নম্বরের তাঁতপল্লিতে রয়েছে ইয়কের বিশাল সমাহার।নিউমার্কেট, গাউছিয়ার নূর ম্যানশন, ইস্টার্ন মল্লিকা আর লালমাটিয়ার ব্লক-সি ও ডিতে রয়েছে এমব্রয়ডারি করার কিছু দোকান।মনে রাখুন ব্লকপ্রিন্ট, হ্যান্ড পেইন্ট, স্প্রে করা কাপড়ে রঙের কাজ করে রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে। কখনোই কাপড়ের রং করা পিঠে ইস্ত্রি করা যাবে না। জামাটা উল্টো করে নিয়ে ইস্ত্রি করুন। এমব্রয়ডারি করা কাপড় খুব বেশি তাপে ইস্ত্রি করা যাবে না