আমি অভ্র নই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটাকে ঠিক গল্পের সিক্যুয়াল বলা যাবে না। কিন্তু পরিস্থিতির মারপ্যাঁচে আবার বলাও যেতে পারে। যা-ই হোক, গল্পটায় আগে আসা যাক। ‘তাহলে আমিও’ শিরোনামে আমার একটি অনুগল্প প্রকাশ হয়েছিল ‘ছুটির দিনে’ পাতায়। প্রথমবারের মতো পত্রিকার পাতায় নিজের নাম দেখে পরিচিত সবাইকে ফোনে জানালাম। ফেসবুকে পোস্ট করলাম লেখার ছবি। এরপর অনেক দিন চলে গেল। হঠাৎ ফেসবুকে এক অপরিচিতা আমাকে নক দিয়ে বলল, ‘তুমি কি অভ্র?’

আমি তেমন ভ্রুক্ষেপ করলাম না। আজকাল আনুমানিক বা ভুল পরিচয় প্রদান করে অনেকেই এভাবে ফেসবুকে পরিচিত হয়। কিন্তু আবারও মেসেজ—

‘তুমি রিপ্লাই দিচ্ছ না কেন?’

আমি এক শব্দে জানালাম, ‘না।’

‘মানে, তুমি অভ্র না?’

‘না, আমি অভ্র নই।’

‘তুমি যে মিথ্যে বলছ না, এর প্রমাণ কী?’

এবার আমি একটু বিরক্ত হয়ে বললাম, ‘আচ্ছা মানুষ তো আপনি। বললাম তো আমি অভ্র নই।’

‘আপনি ‘তাহলে আমিও’ লিখেছেন তো?’

‘হুম লিখেছি।’

‘তাহলে এ গল্প আপনি কোথায় পেলেন? এটা তো আমার পার্সোনাল লাইফের ঘটনা।’

‘আপনিই তো বললেন গল্প, আর গল্পতে কোনো কোনো সময় কাল্পনিকতারও মিশ্রণ থাকে। তবে ঘটনাটা আমার জীবন থেকে নেওয়া এতটুকু বলতে পারি। আর কিছু?’

মেসেঞ্জারে অপরিচিতার নামের পাশে জ্বলতে থাকা সবুজ বাতিটা চলে গেল। আমি অনেকটা কৌতূহল নিয়ে তার প্রোফাইলে ঢুঁ মারলাম। প্রোফাইল ঘেঁটে কোনোভাবেই তাকে আমার পরিচিত মনে হলো না। তবে ‘তাহলে আমিও’ এর ঘটনার দাবি করল কেন সে? আমার জানার আগ্রহ থেকে আমি একটা সমাধান খুঁজে নিলাম। হয়তো তার জীবনেও এমন কোনো রঙিন ঘটনা আছে। যেখানে একজন অভ্র ছিল হয়তো, তার মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল তাহলে আমিও ভালোবাসি। কে জানে, হয়তো সময়ভেদে একই ঘটনার পুনরাবৃত্তি হয় তার, আমার অথবা অন্য কারও সঙ্গে। যে ঘটনাগুলো শুধু প্রকাশ হলেই আমরা আমাদের মতো করে মিল খুঁজে পাই, নয়তো চিরতরে ঢাকা পড়ে থাকে সময়ের চাদরে।

এস এম নূরনবী

ঝালকাঠি, বরিশাল