আমি অসুস্থ হয়ে পড়ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহতাব খানম।
মেহতাব খানম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
ছোটবেলা থেকেই আমি সাইকিয়াট্রিস্ট হওয়ার স্বপ্ন দেখি। কিন্তু মা-বাবা চান আমি কোনো প্রাইভেট মেডিকেল থেকে ডাক্তারি পড়াশোনা করি। সাইকোলজি বিভাগটি শুধু সরকারি বিশ্ববিদ্যালয়ে ও কিছুসংখ্যক সরকারি কলেজে পড়ানো হয় বলে জেনেছি। কিন্তু কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালেয় নেই। এমবিবিএসের পরেও কি পড়াশোনা করে সাইকিয়াট্রিস্ট হওয়া যায়? নাকি ওই বিষয়টিই পড়তে হবে? কোনটা আমার স্বপ্ন পূরণের জন্য সহায়ক? আমি এ বিষয়ে খুবই মরিয়া। এ নিয়ে খুব মানসিক চাপে ভুগছি, যার পরিণামে আমি অসুস্থ হয়ে পড়ছি। আমার কিছু কাছের মানুষও চায় আমি যেন সত্যিকারার্থেই সাইকিয়াট্রিস্ট হতে পারি।
নায়লা করিম
টঙ্গী, ঢাকা।
পরামর্শ
তুমি শৈশব থেকেই সাইকিয়াট্রিস্ট হওয়ার স্বপ্ন দেখেছ, নাকি সাইকোলজিস্ট হওয়ার কথা ভেবেছ, তা ঠিক বোঝা গেল না। এই দুটো বিষয় সম্পর্কে তুমি হয়তো খুব স্পষ্ট ধারণা পাওনি। সাইকিয়াট্রিস্টের বাংলা মনোরোগ বিশেষজ্ঞ। তাঁরা প্রথমে চিকিত্সাশাস্ত্রে কোনো মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারপর মানসিক রোগের চিকিত্সা সম্পর্কে বিশেষভাবে প্রশিক্ষণ নেন। তুমি যদি মা-বাবার কথা অনুযায়ী কোনো প্রাইভেট মেডিকেল কলেজে ডাক্তারি পড়ো তাহলে মানসিক রোগের চিকিত্সক হতে পারবে। আর যদি কাউন্সেলিং বা ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী হতে চাও, তাহলে তোমাকে সরকারি বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হয়ে প্রথমে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি নিতে হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগ বা ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ থেকে আরও তিন বছরের প্রশিক্ষণমূলক ডিগ্রি অর্জন করতে হবে। তারপর তুমি একজন প্র্যাকটিসিং মনোবিজ্ঞানী হিসেবে কাজ করার যোগ্যতা এবং দক্ষতা অর্জন করবে। এই প্রশিক্ষণ গ্রহণ করার সময় মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে স্পষ্ট ধারণালাভ করতে হয়। তত্ত্বগুলো জানার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় সরাসরি কাজ করার জন্য যেতে হয়। মন নিয়ে কাজ করা বেশ কঠিন। মন যেহেতু বাইরে থেকে দেখা যায় না ও শারীরিক পরীক্ষা দ্বারা মনের গতিবিধি বোঝা সম্ভব নয়, তাই সারাক্ষণ প্রশিক্ষণ নিয়ে এবং নতুন বইপত্র, গবেষণামূলক প্রবন্ধ পড়ে এ বিষয়ের ওপর আপডেটেড থাকার দরকার হয়। তুমি সাইকিয়াট্রিস্ট বা প্রশিক্ষণপ্রাপ্ত মনোবিজ্ঞানী যা-ই হও না কেন, ভালোভাবে নিজেকে তৈরি করলে একজন দক্ষ মানসিক স্বাস্থ্যকর্মী হতে পারবে। বাংলাদেশে এই বিষয়ে যাঁরা কাজ করছেন, তাঁদের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। তোমাদের মতো উত্সাহী ছেলেমেয়েরা এই বিষয়ে বিশেষজ্ঞ হয়ে দেশে মানসিক কষ্টে থাকা অসহায় মানুষগুলোকে সাহায্য করতে পারবে। আমি আশা করব, তুমি এই ক্ষেত্রে কাজ করার জন্য অবশ্যই নিজেকে উত্সাহিত করবে।