আমি আলোকচিত্রী আমিই সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলফি তো তুলেই ফেললাম। মডেল: প্রিয়া। ছবি: অধুনা
সেলফি তো তুলেই ফেললাম। মডেল: প্রিয়া। ছবি: অধুনা

পাহলোয়ানের মতো ইয়া মোটা পাকানো গোঁফ যদি আপনার থাকত, কেমন হতো বলুন তো? কিংবা হাট্টিমাটিম টিমের মতো থাকত যদি ‘খাড়া দুটো শিং’! এমন মজার সব পরীক্ষা-নিরীক্ষা তো বটেই, এ ছাড়া নিজের ছবি নানাভাবে উল্টেপাল্টে দেখতে পছন্দ করে আজকালকার তরুণেরা। কখনো রঙিন ছবিটা সাদাকালো করে একটু পুরোনো হওয়ার চেষ্টা, কখনো ধূসর ছায়ায় সাদামাটা ছবিটাও কেমন সিনেমার দৃশ্যের মতো দেখায়। ছবি সম্পাদনার এই প্রবণতা জনপ্রিয় হয়ে ওঠার পেছনে ফেসবুকের ভূমিকাই সম্ভবত সবচেয়ে বেশি। জাকারবার্গের নীল-সাদা দুনিয়ায় ‘লাইক’-এর হাতছানি যদি না থাকত, এ তো কারিকুরি হয়তো সাধারণের না জানলেও চলত। ফেসবুকে দেওয়ার আগে ছবিগুলো আরও একটু আকর্ষণীয় করতেই এই প্রচেষ্টা।
রামপুরার আসিফুর রহমানের অবশ্য ফেসবুকে ছবি আপলোড করার আগ্রহ কম। নিজের ভালো লাগার জন্যই মুঠোফোনে ছবি তোলেন। টুকটাক সম্পাদনার পরও ছবিগুলো ফোনের মেমোরি কার্ডেই থেকে যায়। বলছিলেন, ‘ডিএসএলআর ক্যামেরা তো নাই, মোবাইলেই যতটুকু সম্ভব ছবি তোলার কাজ করি। আমার মোবাইলে ক্যামেরা জুম এফএক্স নামে একটা সফটওয়্যার আছে। ওটা দিয়ে ছবি সম্পাদনা করা যায়। সাইমেরা নামেও একটা মজার সফটওয়্যার ব্যবহার করি। ছবিতে নানা রকম চুলের স্টাইল করা, মুখোশ পরানো...এ রকম কিছু কাজ সাইমেরা দিয়ে করা যায়।’ সব স্মার্টফোনেই ছবি সম্পাদনার কিছু কিছু প্রোগ্রাম বা অ্যাপস দেওয়াই থাকে। রং কিংবা উজ্জ্বলতা বাড়ানো-কমানো যায়। এ ছাড়া কম্পিউটারেও নিজের ছবি নিজেই সম্পাদনা করেন অনেকে। ফটোশপ, পিকাসা ছাড়াও কেউ কেউ ফটোস্কেপ ব্যবহার করেন। এসব সফটওয়্যারে অনেক রকম ‘ইফেক্ট’ দেওয়াই থাকে, তাই সম্পাদনার কাজটাও বেশ সহজ।

এখন সম্পাদনাও আমিই করি
এখন সম্পাদনাও আমিই করি

সিটি কলেজের নুসরাত শারমিন জানালেন, ছবি সম্পাদনা সম্পর্কে তাঁর বিদ্যা খুব একটা বেশি না। তবে এই অল্প বিদ্যা তাঁর কাছে ভয়ংকরী নয়, জাদুকরি বলেই মনে হয়। হাসতে হাসতে বলছিলেন ‘নিজের সেলফি ছাড়া অন্য কোনো ছবি আমি সম্পাদনা করতে পারি না! অন্তত আমার বন্ধুরা তা-ই বলে। অনেকগুলো ছবি একসঙ্গে করে একটা কোলাজ বানানো যায়, ওটা বেশ মজার। একটা রং রেখে বাকি রংগুলো ফেলে দেওয়া যায়, এটাও আমি খুব করি। ধরেন একটা ছবিতে আমার কপালের টিপ, আর হাতের চুড়িগুলো লাল—এই দুটো জিনিস রঙিন, বাকি সবটা সাদা-কালো। এ ধরনের সম্পাদনা খুব মজা লাগে।’
অ্যান্ড্রয়েড ফোনগুলোতে পিকসে, আফটার ফোকাস, পিকসপ্লে—এমন বিভিন্ন অ্যাপের সাহায্যে ছবি সম্পাদনা করা যায়। কিছু কিছু সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন বিনা মূল্যে। এ ছাড়াও অনলাইনে পাবেন মজার সব অ্যাপ। যেমন এজিং অ্যালবাম থ্রিডি নামে একটি অ্যাপের সাহায্যে বুড়ো বয়সে আপনার চেহারা কেমন হবে, সেটিও দেখে নিতে পারেন!