আমি আলোকিত হলে...

এতটা উদ্দাম-উদ্দীপনা ছড়িয়ে পড়বে ভাবিনি। আমরা যাদের নিয়ে বন্ধুসভার তালিকায় ফেলেছিলাম, তাদের মধ্যেও একই আবেগ-আগ্রহ জেগে উঠল। সারা দেশের বন্ধুদের জেড়া করে এমন বড় সম্মেলন এবারই প্রথম বলা যায়।
গতকাল শনিবার পুরো বাংলাদেশই যেন উপস্থিত হয়েছিল কারওয়ান বাজার সিএ ভবন মিলনায়তনে। সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। এ ছাড়াও যাঁরা উপস্থিত হয়েছিলেন, তাঁদের মুখের দিকে তাকিয়ে মনে হয়েছিল প্রত্যেকেই তঁারা ‘আমি বাংলাদেশ’। স্বদেশটাকে গড়ে তোলার আলোকচ্ছটা তাঁদের চোখে-মুখে। মনের ভেতরে। শপথে-উদ্যোগে।

অনেকের মনে স্বপ্ন ছিল, তাহলে কি আর গাজীপুরের মৌচাকে মহাসমাবেশ হবে না? সে ভুল আগেই ভেঙে দেওয়া হয়েছে। হ্যাঁ, হবে। জাতীয় সম্মেলন হচ্ছে বলে মৌচাকের স্কাউট মাঠে মহা আয়োজন হবে না, তা নয়।
সম্মেলন আমরা পেলাম প্রতি বন্ধুসভার দুজন করে। আর মৌচাকে পাই প্রতিটি বন্ধুসভার একেকটি দল। তাই ফোন করে করে যাঁরা হতাশার সুর উচ্চারণ করেছিলেন, মৌচাকের অনুষ্ঠান কি হচ্ছে না? তাহলে কি আমরা যেতে পারছি না? সিংহভাগ বন্ধুসভার সদস্যই গতকালের আয়োজনের বাইরে ছিলেন। তাঁদের কথাও আমাদের মাথায় ছিল। তাঁদের সঙ্গে নিশ্চয় দেখা হবে মৌচাকে।
শুরুতে যা ভাবছিলাম, এতটা উৎসাহ-উদ্দীপনা আমরা আশা করিনি। ভেবেছিলাম সাদাসিধে একটি সম্মেলন হবে। বন্ধুদের উপস্থিতি এবং দেশকে গড়ে তোলার দৃঢ় প্রতিজ্ঞা আমাদের আশান্বিত করেছে। বন্ধুদের উদ্যাম দেখে আমরা নিজেরা আরও বেশি অনুপ্রাণিত হয়েছি।
গতকাল থেকে শুরু হেলা আমাদের নতুন উদ্যমে কাজ। আমরা আরও বেশি সুসংগঠিত, আরও বেশি সুপরিকল্পিতভাবে এগিয়ে যাব। বিতর্ক, বইপড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি বেশি জড়িয়ে পড়ার দিকে আমাদের লক্ষ্য থাকবে। লক্ষ্য থাকবে প্রথম আলো বন্ধুসভার সব ধরনের কাজের চর্চার মধ্য দিয়ে নিজেকে তৈরি করা। ‘আমি বাংলাদেশ’ মানে বাংলাদেশের কাজ আমার দায়িত্ব, আমার। এ দেশকে আধুনিক করা, গণতন্ত্রকে রক্ষা করা, দেশকে আলোকিত করা, সে আমারই কাজ। আমি আলোকিত হলে দেশও আলোকিত হবে।
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ