>

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
আমার পরীক্ষার প্রস্তুতি একদমই ভালো না। আমি পড়তে বসি, কিন্তু পড়া একদমই হয় না। পড়ার সময় নানা রকম চিন্তা মাথায় আসে। আমার মনে হয় যেন আমি কিছুই পারব না। শুধু অন্যদের কথা মাথায় আসে। মনে হয়, আমার বান্ধবীরা আমার চেয়ে অনেক ভালো পড়ালেখায়। আমি ভালোভাবে পড়লেও তাদের মতো ফল করতে পারব না। নিজেকে অন্যদের চেয়ে অনেক ছোট মনে হয়। আমি আগে এ রকম ছিলাম না। আগে অনেক ভালো ফল করতাম। আমার পরিবারের সবাই আমার ওপর অনেক আস্থা রেখেছেন। আমি মনে হয় না তাঁদের আশা পূরণ করতে পারব। এসব কারণে মাঝেমধ্যে মরে যেতে ইচ্ছে করে। আমি এই কয়েকটা দিন ভালোমতো পড়াশোনা করলে কি ভালো ফল করতে পারব?
নাম প্রকাশে অনিচ্ছুক।
পরামর্শ
তুমি কিন্তু একা নও। পরীক্ষা দোরগোড়ায় এলে তোমার মতো অনেকেরই মনে হয়, তারা বোধ হয় কিছুই পারবে না। আমাদের মতো মানসিক স্বাস্থ্যকর্মীদের কাছে এ ব্যাপারে অনেকেই সাহায্য নিতে আসে। তবে এখন তোমার প্রস্তুতি কতটুকু আছে বা অন্যরা তোমার তুলনায় অনেক ভালো করবে—এই ভাবনাগুলো কিন্তু তোমাকে একেবারেই সাহায্য করছে না। পড়তে বসার পর তুমি যে এই চিন্তার মধ্যে হারিয়ে যাচ্ছ, তাতে মানসিক শক্তি কমে যাচ্ছে। যখন অবচেতন মনের প্রভাবে এই ভাবনা আসবে, তখন নিজের সচেতন মনটিকে সক্রিয় করবে। নিজেকে বলবে, প্রত্যেক মানুষ আলাদা—কোনো মানুষকেই অন্য কারও সঙ্গে তুলনা করা যায় না।
তুমি খুব দৃঢ়ভাবে নিজের কাছে প্রতিজ্ঞা করো যে এরপর থেকে তুমি কারও সঙ্গে তুলনা করে এভাবে নিজেকে কষ্ট দেবে না। তোমার ভেতরের একটি সত্তা বলছে, তুমি পড়লেও ভালো করবে না। অন্যদের চেয়ে তুমি ছোট। মা-বাবার প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে। বর্তমানে এই সত্তা খুব শক্তিশালী হয়ে যাচ্ছে। যে সত্তাটি মনে করে তোমার মধ্যেও সম্ভাবনা রয়েছে, সেটি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। এখন ইতিবাচক কথা বলার সত্তাটিকে ব্যবহার করে তোমাকে নেতিবাচক সত্তাটিকে পরাজিত করা খুব প্রয়োজন। নিজের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা ধরে রেখে ইতিবাচক সত্তাটিকে সব সময় তোমার সঙ্গী করো। পরিবারের সদস্যদের বলো, এই মুহূর্তে তোমার প্রয়োজন তাঁদের প্রত্যাশা নয়, বরং তাঁদের উৎসাহ। তুমি যা-ই ফলাফল করো, তাঁরা যেন সেটি গ্রহণ করে নেন, সেই নিশ্চয়তাটুকু এখন খুব প্রয়োজন।