আমি এখন দিশেহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক মেহতাব খানম
অধ্যাপক মেহতাব খানম

সমস্যা
আমি তৃতীয় শ্রেণির একজন সরকারি কর্মচারী। দেড় বছর আগে আমার মামাতো বোনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ি। পরে আমাদের দুই পরিবার জানতে পারে আমাদের মধ্যে কিছু একটা হচ্ছে। সবাই এই সম্পর্কে ইচ্ছুক ছিল, সবকিছুই ঠিক ছিল। হঠাৎ আমার মা আর মামার মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। দুই পরিবার আমাদের সম্পর্ক আর মেনে নেয় না। তবু আমরা প্রায় ছয় থেকে সাত মাস সম্পর্ক গোপন রাখি এবং সেটাও প্রকাশ হয়ে যায়। 
তারপর অনেক চাপ সৃষ্টি হয় আমাদের ওপর। ইদানীং সে তার মা-বাবার কথা মেনে নিয়েছে। আমাকে যোগাযোগ করতে মানা করে। 
কিন্তু আমি জানি, সে আমাকে অনেক ভালোবাসে। আমি এখন দিশেহারা। চাকরির স্বার্থে আমাকে দূরে থাকতে হয়, তাই আর দেখাও হয় না। 
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তোমার মা ও মামার মধ্যে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সেটির বোঝা তোমাদের বইতে হওয়াটা খুবই দুঃখজনক। অনেক মা-বাবাই নিজেদের মতামত সন্তানদের ওপর চাপিয়ে দেন। ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরও তাদের মতামত ও অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখান না। 
আমাদের সমাজে মেয়েদের আত্মনির্ভরশীল হওয়ার ব্যাপারে মোটেও উৎসাহী করা হয় না। মেয়েটিকে হয়তো আবেগপ্রবণভাবে ব্ল্যাকমেল করা হয়েছে। সে কারণে সে এখন মা-বাবার বিরোধিতা করে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারছে না। 
হয়তো অনেকটা অসহায় হয়েই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
তুমি তোমার মনের কষ্টটা পরিষ্কারভাবে লিখে কোনো বিশ্বস্ত আত্মীয়ের মাধ্যমে বোনটির কাছে পাঠাতে পারো। তাকে বলো, তোমাকে যেন উত্তরে জানায় যে সত্যিই কি এই সম্পর্ক সে রাখতে চায় কি না।
তার কাছ থেকে সিদ্ধান্ত পেলে হয়তো তোমার মন একটু শান্ত হতে পারে। যদি তার পক্ষে একেবারেই সম্পর্ক ধরে রাখা সম্ভব না হয়, তাহলে তুমিও নিজেকে বুঝিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রস্তুতি নিতে পারবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.