আমি এখন রিকশা চালাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুনুন, বিশ্বকাপ ক্রিকেট ২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে ১৪ দলের অধিনায়ক এবং মাসকটকে নিয়ে মাঠে চক্কর দেওয়া ১৫ রিকশাওয়ালার গল্পঢাকার বকশীবাজারের খাজা দেওয়ান আলী লেন এলাকায় রিকশা চালান বিল্লাল হোসেন, নবী হোসেন, শাহীন, সিদ্দিক, মিরাজরা। বিশ্বকাপের আগে আগে ভেবেছিলেন—আহা, মাঠে বসে যদি একটা খেলা দেখা যেত! সত্যি কথা বলতে কি, বিল্লাল হোসেনরা জানতেন, দীর্ঘশ্বাস ফেলে ফায়দা নেই। মাঠে বসে খেলা দেখা তো দূরের কথা, ওই বিষয়ক স্বপ্ন দেখাটাও স্রেফ বোকামি। কিন্তু ভাগ্যে থাকলে ঠেকায় কে? খাজা দেওয়ান আলী দ্বিতীয় লেনের ওই রিকশাচালকেরা বিশ্বকাপের মাঠে তো গেলেনই, বিশ্বের কোটি কোটি মানুষের নজরও কাড়লেন! পাঠক, এতক্ষণে নিশ্চয়ই আপনার বুঝতে বাকি নেই, সেই রিকশাচালকেরা কারা। হ্যাঁ, বিশ্বকাপ ক্রিকেট ২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে ১৪ দলের অধিনায়ক এবং মাসকটকে নিয়ে মাঠে চক্কর দেওয়া ওই ১৫ জনের কথাই বলা হচ্ছে।যেমন করে এমন হলোফেব্রুয়ারির ১ তারিখের কথা। প্রতিদিনের মতো সকাল আটটায় রিকশা নিয়ে বেরিয়েছিলেন খাজা দেওয়ান আলী দ্বিতীয় লেন স্ট্যান্ডের রিকশাচালকেরা। প্রতিদিন বিকেলে তাঁরা জড়ো হন পঞ্চায়েত বাংলা যুব পরিষদ ক্লাবে। বেশ পুরোনো সেই ক্লাব। জনপ্রিয়ও। এলাকার সব রিকশাচালক দিনশেষে সেখানেই আড্ডা দেন। কিন্তু ওই দিন ক্লাবের পরিচালকদের একজন ইকবাল হোসেন যখন সবাইকে ডেকে জিজ্ঞেস করলেন, ‘বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কে কে যেতে চাও?’, তখন আড্ডাবাজি কিংবা চা-পান করে ক্লান্তি ঝাড়তে হলো না। সবার উত্তেজনার পারদ উঠে গেল আকাশমুখে। বলে কি! এ দেখি মেঘ না চাইতেই ঝড়! ১৫ জনের ওই রিকশাচালকদের নেতা বিল্লাল হোসেন বললেন সেদিনের কথা, ‘ইকবাল ভাই যখন সবাইকে ডেকে বিশ্বকাপের কথা বললেন, তখন তো আমরা বিশ্বাসই করতে পারছিলাম না! পরে বিস্তারিত শুনে আনন্দে মন নাচতে লাগল। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার সুযোগ কেই-বা হাতছাড়া করতে চায়! তাই কয়েক মিনিটের মধ্যেই এলাকার অনেক রিকশাচালক ছুটে এল ক্লাবে। সবার মুখে একই কথা, “আমি যাইতে চাই”।’ কিন্তু চাইলেই তো আর সবাই সুযোগ পাবে না সেখানে। দরকার মোটে ১৫ জন। ভীষণ ফাঁপরেই পড়লেন ইকবাল হোসেন। এশিয়াটিক ইভেন্টসে কাজ করেন তিনি। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছিল ভারতের উইচক্র্যাফট। ওই প্রতিষ্ঠানটি আবার রিকশাচালকদের অংশটির দায়িত্ব দিয়েছিল এশিয়াটিক ইভেন্টসকে। সেই সূত্রে রিকশাচালকদের জোগাড় করার দায়িত্ব বর্তেছিল ইকবাল হোসেনের কাঁধে। সবার মধ্য থেকে বিশ্বস্ত ১৯ জনকে বাছাই করা হয় শেষমেশ। ১৯ জনের মধ্যে ১৫ জন রিকশা আর ভ্যান চালাবেন। আর বাকি চারজনের তিনজন থাকবেন অতিরিক্ত চালক হিসেবে, আরেকজন মেকানিক। বলতে গেলে বিশ্বকাপের একটা দলই হয়ে গেল যেন!’ বলছিলেন ইকবাল হোসেন।আপাদমস্তক শিল্পীই বনে গেলেন তাঁরা। আর দশজন শিল্পীর মতোই মহড়াও শুরু হলো ১০ ফেব্রুয়ারি থেকে। চলল টানা সাত দিন। এদিকে রিকশাও বানানো হলো ‘স্পেশাল’ভাবে। রিকশা বানালেন সিক্কাটুলির টেক্কা মিস্ত্রি। বিশ্বকাপ বলে কথা, যেনতেন রিকশা নয়, স্বাভাবিক আকারের চেয়ে বেশ বড় হলো রিকশাগুলো। চওড়ায় প্রায় সাড়ে তিন ফুট, ছাউনির উচ্চতা দুই ফুটের বেশি। হোমড়া-চোমড়া সেই রিকশাগুলো বাগে আনা বেশ হুজ্জতের কাজ!মহড়ায় নিয়ম করে সেই রিকশাগুলো নিয়ে প্রধান মঞ্চের চারপাশে চক্কর দিতে লাগলেন রিকশাচালকেরা। খুঁটিনাটি সব পরীক্ষা করে নিলেন। নির্দিষ্ট একটা সময় বেঁধে দেওয়া হলো। দুই মিনিট পরপর রিকশা চক্কর দেবে। সবার মধ্যেই থাকতে হবে নির্দিষ্ট দূরত্ব। রিকশাচালক দলের একজন পিয়ারুল ইসলাম বললেন মহড়ার কথা, ‘মহড়ায় ঘড়ি ধরে আমাদের গতি মাপা হতো। একটা চক্কর দিয়ে আসতে কত সময় লাগে, তা ঠিক করে নিতাম আমরা। বেশ মজা হয়েছে সেই সময়টাতে। তবে বেশ কঠিনও ছিল। একে তো বড়সড় রিকশা, তার ওপর তা চালানো হয়েছিল কার্পেটের ওপরে। তবে বিশ্বকাপের অংশ হয়ে যাচ্ছি, এই উত্তেজনায় কোনো কষ্টই কষ্ট মনে হয়নি।’বিশ্বকাপের আলোয়হাজারো দর্শক গ্যালারিতে। মাঠের পাশে দৈত্যাকার স্ক্রিন। অসংখ্য ক্যামেরা। তার ঠিক মাঝখানে বিশাল মঞ্চ। বিশ্বের কোটি কোটি চোখ সেই মঞ্চে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ। প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে নড়েচড়ে বসলেন সবাই। নুরু ব্যাপারির বুক দুরু দুরু। পেছন থেকে কে যেন বললেন, ‘শুরু করো।’ ব্যাস কল দেওয়া পুতুলের মতো ভ্যানের প্যাডেলে চাপ দিলেন মাদারীপুরের কালকিনী উপজেলার নুরু ব্যাপারি। ১০-১৫ বছর ধরে ঢাকায় রিকশা-ভ্যান চালান। কিন্তু সেদিনের অনুভূতি ছিল একেবারেই আলাদা। নুরু ব্যাপারি সেদিন বিশ্বকাপের মাসকট হাতিটিকে নিয়ে চক্কর দিলেন উদ্বোধনী মঞ্চে! সারা বিশ্ব তাকিয়ে রইল তাঁর দিকে। এরপর শুরু হলো তারকাদের নিয়ে রিকশাযাত্রা। প্রথমেই দলের নেতা মাদারীপুরের কালকিনীর বিল্লাল হোসেন। তাঁর রিকশায় অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। কেমন লাগছিল তখন বিল্লাল হোসেনের? চটপটে জবাব তাঁর, ‘পরে অনেকেই জিজ্ঞেস করেছিল, সেই সময় ভয়টয় পেয়েছিলাম কিনা। কিন্তু আসলেই কোনো রকম ভয় বা দুশ্চিন্তা কাজ করেনি আমার মনে। রিকি পন্টিংয়ের মতো এক তারকা আমার রিকশায়, এটা ভাবতেই খুব গর্ব হচ্ছিল।’ গর্ব বাকি ১৩ জনেরও হচ্ছিল। বিল্লাল হোসেনের পর একে একে রিকশা নিয়ে চক্কর দিলেন শরীয়তপুরের সখিপুরের মো. সিদ্দিক। নোয়াখালীর রামগঞ্জ উপজেলার মিরাজ, যশোরের মুগদা জিয়াপাড়ার হারুন, বিক্রমপুরের আড়ৈলের নবী হোসেন, মাদারীপুরের মো. শাহীন, মুক্তার হোসেন গাজীপুরের শ্রীপুরের মো. পিয়ারুল ইসলাম। পিয়ারুল খানিকটা ইংরেজি জানেন, পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। সেই বিদ্যাটুকু ফলালেন নেদারল্যান্ডের অধিনায়কের সঙ্গে! নেদারল্যান্ডের অধিনায়ক নাকি দারুণ খুশি। শুধু নেদারল্যান্ডেরই নয়, বাকি সব কটা দলের অধিনায়কই প্রত্যেক রিকশাচালককে ধন্যবাদ জানিয়েছেন, করমর্দনও করতে ভোলেননি। পিয়ারুলদের পালা শেষে মাঠে আসেন শেরপুরের বকশীগঞ্জের সুরুজ, শরীয়তপুরের মো. হাফিজ, নোয়াখালীর মিজান, মাদারীপুরের আমিন ও আনোয়ার হোসেন। তবে দিনাজপুরের রমণীকান্ত সাধু প্যাডেলে একটা চাপ দিতে না-দিতেই ‘বাংলাদেশ বাংলাদেশ’ বলে আকাশ-বাতাস কাঁপালেন হাজারো দর্শক। কারণ, বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান যে রমণীকান্তের সওয়ারি! রিকশাচালকেরা সেদিন বাড়ি ফেরার পথে রিকশা পাননি। হেঁটেই চলে গিয়েছিলেন নিজ নিজ ডেরায়। সেই রাতে ফিরতি পথে তাঁদের পোশাক-আশাক দেখেই চিনে ফেলেছিল অনেকে। ছবিও তুলেছিল কেউ কেউ। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই রীতিমতো বিশ্বকাপের তারকা বনে গিয়েছিলেন ওঁরা ১৫ জন।