
সমস্যা
আমি অনেক বড় হয়ে গেছি কিন্তু আমার মনটা শিশুদের মতো। আমার শিশুসুলভ মন নিয়ে মাঝেমধ্যে বিড়ম্বনায় পড়ি। আমি গত বছর একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। তবুও অনেক সময় ছোটদের মতো জেদ করি আগ-পিছু না ভেবেই। সিদ্ধান্ত নিতে সব সময় দোলাচলে ভুগি। সমাজের বড় মানুষদের সামনে নিজেকে তুলে ধরতে ভয় লাগে। মেয়ে হয়েও আমার চাকরি করার প্রবল ইচ্ছা, সেই লক্ষ্যে পড়াশোনাও করছি। কিন্তু বারবার মনে হচ্ছে, আমাকে দিয়ে কিছু হবে না। আবার আমি যে চাকরি করব না, এটা ভাবতেই পারি না। আমার ছোটবেলা সময়টা ভালোভাবে কাটেনি। মাঝেমধ্যে মনে হয়, আমি আমার শৈশবে ফিরে গেছি এবং সেই মতো আচরণ করতে থাকি। সবাই অস্বাভাবিক আচরণের ব্যাপারটাকে খারাপভাবে নেয়। কিছু দিন পর আমি আবার বর্তমান অবস্থানে ফিরে আসি এবং সেই মতো আচরণ করতে থাকি। নিজেই অবাক হয়ে যাই আমি এমন করছি কেন? মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই অনেক কাঁদি। অনেক সময় আত্মহত্যার কথাও মাথায় আসে। কিন্তু কোনোভাবে ঘোরটা কেটে গেলেই একদম স্বাভাবিক।
রুমা
রাজশাহী।
পরামর্শ
নিজের ব্যাপারে তোমার সচেতনতা চোখে পড়ার মতো। তবে ‘মেয়ে হয়েও’ চাকরি করার ইচ্ছার কথা বিশেষভাবে কেন উল্লেখ করেছ বুঝতে পারছি না। চাকরির সঙ্গে তো বর্তমান যুগে ছেলে বা মেয়েদের আলাদাভাবে আর বিচার করা উচিত নয়, তাই না? তুমি অবশ্যই চাকরি করবে এবং নিজস্ব উপার্জন এবং একটি পরিচিতি নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পথ চলবে। তোমার মধ্যে এখন সামাজিক ভীতি, বিষণ্নতা এবং ফ্যান্টাসি কাজ করছে। এর কারণ হতে পারে শৈশব ও কৈশোরের নেতিবাচক অভিজ্ঞতা। তুমি যে মাঝে মাঝে শিশুসুলভ আচরণ করছ, সেটির জন্য কিন্তু তুমি দায়ী নও। তোমার চারপাশে যারা তখন ছিলেন তাঁদের দায়িত্ব ছিল তোমাকে একটি সুস্থ, আনন্দদায়ক ও নিরাপদ পরিবেশ দেওয়া।
তুমি কৈশোর পেরিয়ে যখন প্রাপ্ত বয়সে প্রবেশ করেছ, তখন জীবনের জটিলতা বেড়ে গেছে। এ কারণেই হয়তো তোমার মানসিক চাপের পরিমাণও বেশি হচ্ছে। যখন বর্তমান সময়গুলো আমাদের কাছে দুঃসহ হয়ে পড়ে, তখন আমরা শৈশবের সহজ-সরল জীবনে অবচেতন মনের প্রভাবে অনেক সময় ফিরে যাই। কল্পনায় নিজেকে একটি শিশু ভাবতে শুরু করার ফলে আচরণেও তার প্রভাব পড়ে। তোমাকে যাঁরা তখন পর্যবেক্ষণ করেছেন, তাঁরা বুঝতে পারছেন না যে এটি স্বতঃস্ফূর্তভাবেই ঘটছে। আর তাই তাঁরা অবাক হচ্ছেন।
তোমার অবশ্যই কোনো মনোরোগ বিশেষজ্ঞ বা প্রশিক্ষণপ্রাপ্ত মনোবিজ্ঞানীর কাছে যাওয়া উচিত। বেশ কিছু দিন কাউন্সেলিং সেবা নিলে তুমি নিশ্চয়ই নিজের আবেগগুলোকে কমিয়ে রাখতে সক্ষম হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে বিশেষভাবে এই বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত যাঁরা রয়েছেন তুমি তাঁদের সহায়তা নিতে পার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.