আমি ও আমার বাংলাদেশের পতাকা

গার্মেন্টস ও তৈরি পোশাকের জন্য বাংলাদেশ সারা বিশ্বে পরিচিত। আমাদের দেশের তৈরি পোশাক ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে প্রচণ্ড জনপ্রিয়। এর বাইরে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের নামের হাঁকডাক রয়েছে। পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এই দেশের আছে অমিত সম্ভাবনা আর সাফল্যের খনি। বাংলাদেশে মেধাবী মানুষের অভাব নেই। আমাদের ইতিহাস, সমাজ-সংস্কৃতি পৃথিবীতে আমাদের অনন্য এক মর্যাদা দিয়েছে। কিন্তু শুধু মেধা থাকলেই আমরা সামনে এগোতে পারব না। বাংলাদেশের প্রতিভার অভাব নেই। কিন্তু প্রকৃত সুযোগ ও সমন্বয়ের অভাবে মেধার অপচয় হয়। সব ক্ষেত্রেই সরকারি ও প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে আরও শক্ত অবকাঠামো ও মনোযোগ দেওয়া প্রয়োজন। আর তাতেই আগামী প্রজন্ম থেকে আরও সিদ্দিক বেরিয়ে আসবে।
ক্রিকেট-ফুটবলের বাইরে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাধারণ মানুষদের কাছে আরেকটি খেলার নাম পৌঁছেছে, যার নাম গলফ। আমি একজন গলফার হিসেবে এই আনন্দের ভাগীদার। সমাজ, সংস্কৃতি, অর্থনীতি ও শিক্ষায় গত ১০ বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আমি সৌভাগ্যবান, আমি বাংলাদেশি। জন্ম আমার বাংলাদেশে। মালয়েশিয়া, কোরিয়ান গলফাররা বাংলাদেশের নাম শুনে বেশ অবাক হয়। বাংলাদেশও গলফ খেলে? আমার উচ্চতা ইউরোপ আমেরিকা কিংবা এশিয়ার অন্যান্য দেশের গলফারের চেয়ে একটু কম। কিন্তু তার পরও আমার খেলার কৌশল অন্য গলফারদের নজরে পড়েছে। একজন বাংলাদেশি হিসেবে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অনেক জায়গায় আমি একাই খেলতে গিয়েছি। অনেক ভেন্যুতে আমি ছাড়া কোনোই বাংলাদেশি ছিল না। কিন্তু তার পরও আমি দেশের জন্য খেলতে পেরে আনন্দিত। ইউরোপে খেলতে গেলে সুইজারল্যান্ডের মাটিতে শুধু আমি আর আমার পতাকা ছিলাম। আমার গলফ খেলার অনুপ্রেরণা দক্ষিণ আফ্রিকার গলফার আর্নি এলস। ম্যাকাওয়ে আমি প্রথমবারের মতো তাঁর সঙ্গে একই প্রতিযোগিতায় খেলেছি, যা ছিল আমার জন্য বিস্ময়কর এক ঘটনা। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার ছিল। আমার আদর্শের সঙ্গে প্রথমবারের মতো খেলতে পেরে অন্য রকম আনন্দ হচ্ছিল।
খুব সাধারণ এক পরিবারে জন্ম আমার। কিন্তু নেশার গলফ এখন পেশা আমার। বাংলাদেশের হয়ে গলফ খেলতে পারা বেশ দারুণ ব্যাপার। বলবয় থেকে ক্যাডি, সেই ক্যাডি সিদ্দিকুর আজকে বিশ্বকাপে খেলছে। টাকা ছিল না, কিন্তু তার পরও ছোটবেলায় গলফ খেলার আগ্রহ কমেনি আমার। পড়ালেখার পাশাপাশি ক্যাডির দায়িত্ব পালন করেছি অনেক দিন। ২০০০ সালে গলফ ফেডারেশনের আয়োজনে প্রতিযোগিতামূলক গলফে খেলার সুযোগ পাই। সেই সুযোগ কাজে লাগিয়ে একে একে বেশ কটি অপেশাদার গলফ টুর্নামেন্টের শিরোপা জয় করে ফেলি। নিজেকে প্রতিষ্ঠার জন্য সবার মধ্যে সুযোগ কাজে লাগানোর মনোভাব রাখতে হবে। নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে। ব্যর্থ হলেও মন খারাপ না করে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।
২০০৫ সাল থেকে আমি পেশাদার পর্যায়ে গলফ খেলা শুরু করি। এখন পর্যন্ত ২ মিলিয়ন ইউএস ডলার প্রাইজমানি (১৬ কোটি টাকা) জয় করেছি। আমি আমার খেলা উপভোগ করি মাত্র। আমার খেলার কৌশল আর গতি নিয়েই আমার ভাবনা থাকে বেশি। পৃথিবীসেরা গলফারদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমার। আমি শিখতে চাই। ২০১০ সালের এশিয়ান ট্যুরে ব্রুনাই ওপেন জয় ছিল আমার জীবনের অনন্য এক ঘটনা। তারপর প্রথম বাংলাদেশি গলফার হিসেবে গলফ বিশ্বকাপে অংশ নিয়েছি ২০১৩ সালে। বেশ কবার বাছাইপর্বে খেললেও মূল আসরে জায়গা করে নিতে আমাকে বেশ ঘাম ঝরাতে হয়েছিল। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলা ছিল আমার জন্য অসাধারণ এক ব্যাপার। স্কোরবোর্ডে আমার নাম ও বাংলাদেশের পতাকার এক সন্ধিযুগল দেখে ভীষণ ভালো লাগে আমার। গলফ জগতে বাংলাদেশকে শক্তভাবে প্রতিষ্ঠা করতে চাই।
আমাদের দেশে ১৫টি গলফ ক্লাব আছে। আমাদের ছেলেরা সুযোগ পেলেই বিশ্ব কাঁপাতে পারে। তাদের সুযোগ করে দিতে হবে। প্রতিবছর একজন করেও গলফার বের হলে ভবিষ্যতে আমাদের সম্ভাবনা অনেক বেশি। আমার মতোই অনেক সিদ্দিকুর রহমান তৈরি হবে তখন। আমাদের অভিভাবকদের আগ্রহ থাকে তার ছেলেমেয়েকে চাকরিজীবী বানাবে। আমার আলাদা কোনো শিক্ষাগত যোগত্য নেই, কিন্তু আমি অনেক দিন লেগেছিলাম বলেই আজ এখানে। পড়ালেখার পাশাপাশি গলফ খেলেও নিজের ভবিষ্যৎ নিরাপদ করা সম্ভব। আমার আয় সম্পর্কে সবাই জানে। পেশাদার গলফে অংশগ্রহণের পরই আমার এত আয়। গলফ সমাজের বিশেষ কোনো অংশের মানুষের খেলা নয়, ইচ্ছে করলেই যে কেউ অংশ নিতে পারেন গলফে। সারা পৃথিবীর তুলনায় বাংলাদেশে গলফ শেখা ও প্র্যাকটিসে তুলনামূলক খরচ কম।
২০১০ সালে ভারতের দিল্লির গলফ মাঠে হিরো ইন্ডিয়ান ওপেন জয়ে আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। বড় খেলোয়াড়দের কাছে সব সময় কিছু না কিছু শিক্ষণীয় বিষয় থাকেই। বাংলাদেশের তরুণ গলফারদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ, দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ভবিষ্যতে শক্তিশালী একটি গলফার প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
কৈশোরে দেখতাম আমাদের দেশের গলফ কোর্সে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করা হতো। আমরা দেখতাম। একবার ভারত থেকে চার ভাই আমাদের দেশের এক গলফ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ব্যাপারটা জেনে আমার ভীষণ অন্য রকম লেগেছিল। আমাদের দেশেও অনেক পেশাদার ভালো গলফার আছেন। বাবু আহমেদ, চাঁন মিয়ার মতো গলফাররা সেই নব্বই দশকে ভারতে গিয়ে গলফ খেলতেন। তাঁদের দেখাদেখি আমারও খেলার নেশা-আগ্রহ দুটোই বেড়ে গিয়েছিল।
দেশের বাইরে বাংলাদেশের পতাকা নিয়ে যেতে ভালো লাগে। দেশের প্রতিনিধি হয়ে গলফ কোর্সে দাঁড়ানোর অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয়। পেশাদার জীবনের প্রথম সাফল্য হিসেবে ২০০৮ সালে ভারতের পুনেতে ৩০ লাখ রুপির প্রোফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়ার শিরোপা জয় করি। ধীরে ধীরে বাংলাদেশের একজন গলফার হিসেবে ইউরোপিয়ান ও জাপানের পেশাদার সার্কিটে সরাসরি খেলার সুযোগ পাই। আত্মবিশ্বাসের সঙ্গে খেলার পেছনে সময় দিয়েছি বেশ। এক প্রতিযোগিতা শেষ করে আরেক প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করি। গলফ জগতে নিজের দেশের নাম প্রতিষ্ঠিত করতে পারার মতো সম্মান বোধহয় আর নেই।
বাংলাদেশ—আমার দেশ, গলফ বিশ্বে একসময় ধারাবাহিক লড়াই করবে এই দেশের গলফাররাই। সেই প্রত্যাশা পূরণ হতে বেশি সময় লাগবে না আমাদের। কারণ আমরা বাংলাদেশি, আমরা সব সম্ভব করতে পারি।
সিদ্দিকুর রহমান: গলফার।