আমি ওকে ভুলে থাকতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা

মেহতাব খানম
মেহতাব খানম

আমার বয়স ২০। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তিন ভাইবোনের মধ্যে আমিই সবার বড়। সবার বড় হওয়া সত্ত্বেও ততটুকু আদর বা স্নেহ আমার পরিবার থেকে পাই না, যতটুকু আমার অন্য দুই ভাইবোন পায়। আমার মনে হয়, চারপাশের লোকজন শুধু আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে। কলেজে থাকা অবস্থায় আমার এক সহপাঠীকে ভালো লেগে যায়। এখন আমি ওকে ভুলে থাকতে চাই। এসব কারণে আমার লেখাপড়ার ও নিত্যদিনের কাজে বেশ ব্যাঘাত ঘটছে। আমি লেখাপড়ায়ও অমনোযোগী হয়ে পড়ছি। মা-বাবাকে এসব কিছু বললে তারা পাত্তা দেয় না। অনেক দিন ধরেই আমার এ রকম সমস্যা হচ্ছে। আমি আমার আগের জীবনে ফিরে যেতে চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক নেত্রকোনা।
পরামর্শ
আমাদের জীবনে পরিবারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। একটি শিশু তার জন্মের পর সবচেয়ে প্রথমে যে জিনিসটির সঙ্গে পরিচিত হয়, সেটি হচ্ছে তার পারিবারিক পরিবেশ। সেই পরিবেশে থাকা সদস্যরা শিশুটির সঙ্গে ইতিবাচক আচরণ করছেন কি না, তার আবেগীয় বহিঃপ্রকাশগুলো সঠিকভাবে বুঝে তার চাহিদা পূরণ করছেন কি না এসব অনেক কিছুই শিশুর ব্যক্তিত্বে প্রভাব ফেলে। পুরো জীবনভর এই প্রভাবগুলো তার ভেতরে থেকে যায়। শিশুদের মধ্যে যুক্তির চেয়ে আবেগের প্রাধান্য বেশি থাকে। তাই সে খুব ভালোভাবে অনুধাবন করতে পারে, তাকে কতটুকু গুরুত্ব দেয়া বা ভালোবাসা হচ্ছে।
এটি অত্যন্ত দুঃখজনক যে তুমি অত্যন্ত আপন ও প্রিয় মানুষগুলোর আচরণে কষ্ট পাচ্ছ। তাঁদের ওপর আস্থা বা বিশ্বাস রাখতে পারছ না। তোমাকে নিয়ে তাঁরা কী ধরনের যড়যন্ত্র করছেন বলে মনে হয়, তা লিখলে ভালো হতো।
যাকে তোমার ভালো লেগেছিল, তাকে এখন কেন ভুলতে চাইছ? তুমি স্পষ্টভাবে লেখোনি। সেখানেও কি আস্থার অভাব ঘটেছিল? অথবা পরিবার থেকে বাধা এসেছিল? জানালে বুঝতে পারতাম ঠিক কী কারণে সম্পর্কটি হয়নি। মনে হচ্ছে, তুমি নিজেকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারছ না। দিন ও রাতের অনেকখানি সময় ধরে কষ্ট, রাগ, ভয় ও হতাশা উদ্রেককারী চিন্তাগুলোই বেশি করছ। এর ফলে প্রাণশক্তি এতটাই নিঃশেষ হয়ে যাচ্ছে যে, তোমার মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ছে। এই প্রাণশক্তি অফুরন্ত নয় এবং নেতিবাচক চিন্তাগুলোর মাধ্যমে এটি নিঃশেষিত হয় খুব তাড়াতাড়ি। লেখাপড়া করার ব্যাপারটি কিছুটা একঘেয়ে বলে অনেক বেশি মানসিক প্রশান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন হয় ।
পরিবারের সদস্যরা তোমার মনের অবস্থাটিকে গুরুত্ব দিচ্ছেন না। মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সমাজ এখনো মোটেও সচেতন নয়। মনে করা হয় কেউ চেষ্টা করলেই এ ধরনের নেতিবাচক অবস্থান থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু শুধু একা মনের সঙ্গে যুদ্ধ করে দুঃখকষ্ট থেকে বেরিয়ে আসা খুব সহজ নয়। তুমি চেষ্টা করো তাঁদের বুঝিয়ে কোনো সেবা গ্রহণ করতে।
এ ছাড়া নিজের ইতিবাচক দিকগুলোর প্রতি বেশি গুরুত্ব আরোপ করে সেগুলোকে আরও বাড়িয়ে তোলো। তোমাকে অন্য ভাইবোনদের তুলনায় কম ভালোবাসা হয়েছে ভেবে নিজেকে ভালোবাসতে এবং শ্রদ্ধা করতে ভুলে যেও না, কেমন?