আমি কি অসামাজিক হয়ে পড়ছি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহতাব খানম
মেহতাব খানম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

সমস্যা
আমি একা থাকতে পছন্দ করি। বেশি মানুষের সামনে বিব্রতবোধ হয়। আমার একাকিত্ব কাটাতে কেউ সঙ্গ দিতে চাইলে তার ওপরও বিরক্ত লাগে। তবে মুখ ফুটে বলতেও পারি না।
সবে উচ্চমাধ্যমিক শেষ করেছি। আমার শৈশব এ রকম ছিল না। খুব ছোটবেলায় আমার বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। মা চাকরি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আমি বড় হয়েছি নানা-নানির কাছে। বাবা-মায়ের অভাব খুব একটা বোধ করিনি। কিন্তু যতই বড় হচ্ছি, ততই আমি সমাজ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। অনেক সময় মনে হয়, আমি কি অসামাজিক হয়ে পড়ছি? উচ্চমাধ্যমিকে প্রথম বর্ষে পড়ার সময় একটা মেয়ের সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল। মেয়েটা আমাকে খুব ভালোবাসত। কিন্তু একসময় অন্য মেয়ের সঙ্গে জড়িয়ে পড়ি। আগের মেয়ের জীবনটাকে নষ্ট করছি—এই বোধ আমাকে দুশ্চিন্তা আর হতাশার মধ্যে ফেলে দেয়। উচ্চমাধ্যমিক পরীক্ষার কয়েক মাস আগে আমি হুট করে মেয়েটাকে বললাম, আমার পরীক্ষা, তাই আর সম্পর্ক রাখা সম্ভব নয়। ‘কেন সম্ভব নয়’, এটা আমি তাকে বোঝাতে পারিনি। তার ধরা গলা ফোনের ওপাশ থেকে শুনতে পাচ্ছিলাম আমি। খুব কষ্ট হচ্ছিল আমার। সে নীরবে চলে গেল আমার জীবন থেকে।
এসব ঘটনা আমাকে এখন অনেক কষ্ট দেয়। নিজেকে অপরাধী মনে হয় খুব। পড়াশোনায় মন বসাতে পারি না। ইচ্ছা হয় সবকিছু ছেড়েছুড়ে মানুষজন থেকে দূরে কোথাও চলে যাই। এখন আমি কী করব?
নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ
তোমার কোন বয়সে বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়েছে, তা জানতে পারলে ভালো হতো। শৈশবেই আমাদের ব্যক্তিত্ব গঠিত হয়। সে সময় আশপাশের পরিবেশটি খুব গুরুত্বপূর্ণ। এমনকি শিশুর মাতৃগর্ভে থাকার সময়ও যদি মা বিষণ্নতায় ভোগেন, তাহলে শিশুটিও বড় হলে বিষণ্নতার শিকার হতে পারে। বিচ্ছেদের আগে পরিবারে বেশ অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। সেটি দিয়েও ছোট্ট শিশুটির মনের ওপরে অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়ে। নানা-নানির কাছে তুমি যত্নে বড় হয়েছ বুঝতে পারছি। তবে তাঁদের সঙ্গে তোমার মানসিক নৈকট্য কেমন ছিল, তা জানতে পারলে ভালো হতো। তুমি খোলাখুলিভাবে নিজের মনের ভাবনা ও আবেগগুলো তাঁদের কাছে প্রকাশ করে বড় হয়েছ কি না, তা ভেবে দেখবে। এ ছাড়া বাবার সঙ্গে তোমার সম্পর্ক ছিল বা আছে কি না, তা-ও খুব গুরুত্বপূর্ণ।
তুমি যে মানুষের সঙ্গ এখন পছন্দ করছ না, তার পেছনে হয়তো মেয়েটিকে ফিরিয়ে দেওয়া এবং শৈশব ও কৈশোরের পারিবারিক পরিবেশের প্রভাব রয়েছে। একটি বিষণ্নতাবোধ ও অবসাদ কাজ করছে তোমার মধ্যে। নিজেকেই এখন তোমার ভালো লাগছে না বলে অন্যের সঙ্গও উপভোগ করা সম্ভব হচ্ছে না। তোমার পরিবারের ধরনটি তো একটু অন্য রকম হতেই পারে, তাই না? তা ছাড়া আজকাল তো অনেক দম্পতিই সিদ্ধান্ত নিচ্ছেন আলাদা থাকার। প্রতিনিয়ত অশান্তি দেখার চেয়ে তুমি যে নানাবাড়িতে একটু সুস্থ পরিবেশে বড় হয়েছ, সেটি তো কিছুটা হলেও ইতিবাচক হয়েছে তোমার জন্য। বাবা-মা যে আলাদা হয়েছেন, সেখানে তোমার তো কোনো ভূমিকা ছিল না। নিজেকে এভাবে সবার কাছ থেকে দূরে সরিয়ে না রেখে তুমি চেষ্টা করো মানুষের সঙ্গে কথা বলতে। এ ছাড়া বাইরের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারলে খুব ভালো হয়। যে মেয়েটি তোমাকে খুব ভালোবেসেছিল, তাকে সম্ভব হলে যোগাযোগ করে বলতে পারো, তুমি ঠিক কী কারণে এই সিদ্ধান্তটি নিয়েছিলে। নিজের পরিবার নিয়ে কোনো হীনম্মন্যতায় ভুগিয়ো না। তুমি বরং অত্যন্ত সাবলীলভাবে বলতে পারো যে মেয়েটির ভালো চাও বলেই তুমি এটি করেছ। সেই সঙ্গে ওর কাছে ক্ষমাও চেয়ে নিতে পারো।