আমি কেন তা পারি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মেহতাব খানম
মেহতাব খানম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

সমস্যা
আমি একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রকৌশল বিষয়ে পড়ছি। তবে এ বিষয়ে ভর্তির আগে একই বিশ্ববিদ্যালয়ে টেলিযোগাযোগ বিষয়ে ভর্তির সুযোগ হয়েছিল। কিন্তু ভর্তি হতে পারিনি। এর কারণ হিসেবে কেউ জিজ্ঞাসা করলে বলতাম, আমি কৃষিবিদ হতে চাই। যদিও আমার সব সময় আকর্ষণ ছিল যন্ত্রপাতির প্রতি।
এখন মনে হয়, টেলিযোগাযোগ নিয়ে পড়তে পারলেই ভালো হতো। সে কারণে প্রায়ই হতাশায় ভুগি। পরিবারের সদস্যদের সঙ্গে আমার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নয়। আমি মা-বাবার আচার-ব্যবহারে সন্তুষ্ট নই। তাই রুমমেট যখন তার মা-বাবার সঙ্গে বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলে সিদ্ধান্ত নেয়, তখন মনে হয়, আমি কেন তা পারি না।
তাই মা-বাবার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। আর কোনো প্রয়োজন ছাড়া বাড়িতে যাইয়ো না। আবার মেসে থাকলে একাকিত্ব বোধ করি, কোনোভাবেই লেখাপড়ায় মন বসাতে পারি না। মনে হচ্ছে, আমি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি।
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
মনে হয় তোমার সামাজিক দক্ষতার কিছুটা অভাব রয়েছে। পরিবারে কে কে আছেন তা জানি না। তাঁদের সঙ্গে তোমার সম্পর্ক কি কারণে আন্তরিক হয়নি, তা একটু বুঝতে চেষ্টা করো। যন্ত্রপাতির প্রতি আকর্ষণ থাকা সত্ত্বেও কেন কৃষিবিদ হতে চেয়েছো, সে ব্যাপারে তুমি নিজের কাছে স্পষ্ট কি না, তা-ও বুঝতে পারছি না।
এখন যা পড়ছ, তাতে মনোযোগ দেওয়া তখনই সম্ভব হবে, যখন তুমি সেই বিষয়টির প্রতি ভালোবাসা তৈরি করতে পারবে। এই ভালো লাগাটুকু নিজের মধ্যে তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ, তোমাকে তো এই প্রতিযোগিতার যুগে ভালো ফল করতে হবে।
তুমি প্রায়ই এ ধরনের সিদ্ধান্তহীনতায় ভোগো কি না জানি না। হয়তো কিছুটা বিষণ্নতা বা অবসাদের শিকার হচ্ছ। সে কারণেই নিজে যা চাও, তা খুব আস্থার সঙ্গে বলতে পারছ না। মা-বাবার সঙ্গে আরও বেশি সহজ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলে মানসিকভাবে অবশ্যই অনেক ভালো থাকতে পারতে।
একটি পরিবারের ভেতরে শিশুটি যখন বড় হতে থাকে, তখন পরিবারের সদস্যদের দায়িত্ব হচ্ছে শিশুটিকে অনেক সম্মান করা। তার মধ্যে নিজেকে গ্রহণ করে নেওয়ার ক্ষমতা তৈরি করা। শিশুটি যত বেশি উষ্ণতা, গুরুত্ব পাবে, তত বেশি তার পরিবারের প্রতি ভালোবাসা তৈরি হবে। সে তার দুঃখ, রাগ, আনন্দ—সবকিছু পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য তখন উন্মুখ থাকবে। এই শিশুটি একজন আত্মপ্রত্যয়ী ও আত্মমর্যাদাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে।
তোমার মনে মা-বাবার প্রতি অনেক ক্ষোভ ও অভিমান হয়তো জমা হয়েছে। রুমমেটকে তাই মা-বাবার সঙ্গে অনেক কিছু আলোচনা করতে শুনলে মনটা ভারাক্রান্ত হয়ে পড়ছে। তবে তুমি তো এখন একজন প্রাপ্তবয়স্ক মানুষ। জীবনের ছোট-বড় সিদ্ধান্তগুলোর ইতিবাচক ও নেতিবাচক দিকগুলোর কথা ভালোভাবে ভেবে যদি নিজেই সিদ্ধান্ত নিতে পারো, তাহলে খুব ভালো হয়। যদি পরে কখনো মনে হয় সিদ্ধান্তটি সঠিক ছিল না। তারপরও তুমি সেটিকে শ্রদ্ধা করতে পারো।
মা-বাবার প্রতি তোমার যে অভিযোগগুলো রয়েছে, সেগুলো দৃঢ়তা ও বিনয়ের সঙ্গে তাঁদের বলতে পারো। একাকিত্বকে বন্ধু না বানিয়ে সমমনা মানুষদের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক তৈরি করতে পারো। ইচ্ছে না করলেও পরিবারের সঙ্গে দেখা করো।
তোমার অধিকারগুলো তুলে ধরো এবং একটি বোঝাপড়ায় আসতে চেষ্টা করো।