সে দিন হঠাৎ নাহিদার সঙ্গে দেখা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা নিয়ে পাস করে এখন একটি দৈনিকে কাজ করছে বলেই জানতাম এত দিন। কিন্তু কাল শুনলাম চাকরিটা সে ছেড়ে দিয়েছে। ‘কেন?’ আমার বিস্ময়মাখা কৌতূহলের জবাবে সে বলল, ‘বিয়ে করব তাই। পাত্রপক্ষের আবদার, চাকরি ছাড়তে হবে।’ নাহিদার বাস্তবতায় আমি নতুন করে দুঃখ পেলাম। যদিও বাস্তবতাটি নতুন নয়। আমিও তো একই অস্ত্রে ঘায়েল অনেক দিন ধরে; একটু ভিন্নভাবে এই যা।
মনে পড়ে, পাঠ্য বিষয় হিসেবে যখন সাংবাদিকতাকে বেছে নিয়েছিলাম তখন শুভাকাঙ্ক্ষীরা খুব একটা উচ্চবাচ্য না করলেও পাস করার পরপরই সবাই খুব সরব হয়ে উঠেছিল। ‘পড়েছ বলে সাংবাদিকতাই যে করতে হবে তার কোনো মানে নেই। অন্য চাকরি দেখো’—যেন বেদবাক্য; ফেরানো যাবে না। কাউকে বোঝানো গেল না যে আমার সাত বছরের চর্চা আর অর্জনকে অতিক্রম করে ভিন্ন স্বপ্নে পৌঁছানো আমার জন্য খুব সহজ নয়। পেরোব বললেই তো সব বাস্তবতা পেরোনো যায় না। আমি অবাধ্য হলাম। একটি কাগজে কাজ করতে শুরু করলাম। অনেক সময় আর মেধা ব্যয় করে কাজ করি অথচ কাছের মানুষ উপদেশ দেয় ‘অনেক তো হলো, এবার একটা চাকরি-বাকরির চেষ্টা করো। যা করছ, মেয়েদের জন্য এটা কোনো চাকরি হতে পারে না।’ কাজ করেও বেকারের তকমা নিয়ে ঘুরে বেড়ানো সুখের কথা নয়। হতাশ আমি কী করব বুঝতে না পেরে চাকরিটা দিলাম ছেড়ে। এখন খুব পরাজয় নিয়ে, খুব ন্যুব্জ হয়ে দাঁড়িয়ে দেখি, আমার জ্যেষ্ঠরা সাংবাদিকতার সিঁড়ি বেয়ে কত উঁচুতে পৌঁছে গেল। এই অপরাজিতাদের আমি মনে মনে শ্রদ্ধা না করে পারি না। প্রায়ই ভাবি, আমি কেন ওদের মতো সাহসী ছিলাম না?