আমি ছিলাম ভিতুর ডিম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউড অভিনেত্রী রিজ উইদারস্পুন। তিনি বিশ্বাস করেন ‘শুরু করাটাই’ আসল কাজ! কীভাবে এই ধারণা তাঁর মনে গেঁথে গেল, সে গল্পই তিনি লিখেছেন লিন ইন সংগঠনের অফিশিয়াল ওয়েবসাইটে
রিজ উইদারস্পুন
রিজ উইদারস্পুন

বছর ছয়েক আগের কথা। আমাকে অ্যাভনের শুভেচ্ছাদূত হতে অনুরোধ করা হলো। অ্যাভন তখন নারী অধিকার, স্তন ক্যানসার, পারিবারিক সহিংসতা ইত্যাদি নিয়ে কাজ করে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। সুতরাং প্রস্তাবটি ছিল আমার কাছে সত্যিই এক চমকপ্রদ ব্যাপার।
কিন্তু পরক্ষণেই বুঝতে পারলাম, একটা সিনেমার শুটিংয়ের সেটে কোনো চরিত্রের হয়ে সংলাপ দেওয়া যতটা সহজ, একটা মিলনায়তনে একগাদা মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলা আমার পক্ষে ততটাই আতঙ্কজনক। আমি দৃশ্যটি কল্পনা করে আবার ভীতসন্ত্রস্ত হয়ে পড়লাম।
সিদ্ধান্ত নিলাম, শুভেচ্ছাদূত হওয়ার প্রস্তাবটা ফিরিয়ে দেব। কিন্তু আমার মাথার ভেতর কে যেন গুনগুন করে বলে উঠল, ‘তুমি একটা ভিতুর ডিম! তা না হলে এমন সুযোগ কেউ পাশ কাটাতে চায়?’
এরপর আমি আমার ভয়ের কারণ নিয়ে আমার পরিবারের সঙ্গে আলোচনা করলাম। তারা আমাকে সাহস দিলেন। বললেন, ‘তোমার পক্ষে যেকোনো কিছু করা সম্ভব। শুধু শুরু করতে হবে। এই যা! কালক্ষেপণ না করে এখই শুরু করে দাও।’
আমি আমার দলের সঙ্গে কথা বললাম। তারা তো রীতিমতো থ বনে গেল আমার ভয়ের কারণ শুনে। শেষমেশ আমি আমার অন্তরে কান পাতলাম। অন্তর জানাল, ‘বিশ্বকে বদলে দেওয়ার এই তো সুযোগ। নারীদের দুয়ারে দুয়ারে শুভবার্তা পৌঁছে দেওয়ার এমন সুযোগ এর আগে তুমি কখনোই পাওনি।’ শেষের এই কথাটা আমাকে ক্রমেই ভাবাতে থাকল। মনের মধ্যে জগদ্দল পাথরের মতো চেপে থাকা ভয়কে মোকাবিলা করতে আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। এবং আর কোনো কিছু না ভেবে ঝাঁপ দিলাম।

এখন মনে পড়ছে, অ্যাভনের শুভেচ্ছাদূত হয়ে প্রথম বক্তৃতাটা দিয়েছিলাম জাতিসংঘে দাঁড়িয়ে। বলার অপেক্ষাই রাখে না, ভীষণ নার্ভাস ছিলাম। কোনোমতে মঞ্চ পর্যন্ত হেঁটে গিয়েছিলাম। বক্তৃতার একটা খসড়া কাগজ আমার হাতে ছিল এবং সেটা প্রচণ্ড রকম কাঁপছিল। কারণ, আমি নিজেও কাঁপছিলাম। জানি না কীভাবে বক্তৃতাটা শেষ করেছিলাম। শুধু মনে পড়ছে, মঞ্চ থেকে নেমে নিজের জায়গায় বসে একটা লম্বা নিশ্বাস ছেড়েছিলাম।
আমার এই কাঁপাকাপি অবস্থা ছিল অনেক দিন পর্যন্ত। বছর দুয়েক হলো মানুষের সামনে দাঁড়িয়ে মোটামুটি কথা বলতে পারি। এখন আমি নিঃসংকোচে মিশেল ওবামার পাশে বসতে পারি। হিলারি ক্লিনটনের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারি। আমি ব্রাজিল, রাশিয়া, পোল্যান্ড, জাপান প্রভৃতি দেশ ঘুরে ঘুরে বক্তৃতা করেছি। সেসব দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়িয়েছি।
এসব অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি ভয় নিয়েই কাজ শুরু করেছিলাম। এবং দিনের পর দিন একটু একটু করে ভয়কে অতিক্রম করে গেছি। সত্যি বলছি, এখন বক্তৃতা করার আগে আমার একবারও মনে পড়ে না, আমার একটি আতঙ্কের অতীত আছে! এখন আমি অ্যাভনকে বলতে পারি, আমাকে কাজ করার আরও কিছু সুযোগ দাও।
একটি সাফল্য আরও সাফল্যের জন্ম দেয়। আমি এখন দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেকোনো কিছু শুরু করাটাই আসল কাজ। একবার কাজে ঝাঁপিয়ে পড়লে সব ভয় দূরে সরে যায়।
ইংরেজি থেকে সংক্ষেপিত ভাষান্তর মারুফ ইসলাম