আমি তাঁর মায়ের মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

আমার বাবা মো. আইনুল হক। ৩০ দশকের কোনো এক ভোরে বাবার জন্ম। নিশ্চয়ই পৃথিবী সেদিন অপার্থিব আলোতে ভরে গিয়েছিল। আমি আমার বাবাকে নিয়ে কিছু লিখতে পারি না। চোখ ঝাপসা হয়ে আসে। এক জীবনে বাবার কত স্মৃতি। যার বাবা নেই, একমাত্র সে-ই জানে বাবা না থাকার কি অপরিসীম কষ্ট।মনে হয় আমার বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। বাবা বলতেন, আমি তাঁর মায়ের মতো।
১০ ফেব্রুয়ারি ২০০৯। ঢাকার একটি বেসরকারি হাসপাতাল। আমার ছোট দুই ভাই বাবাকে হাসপাতালে নিয়ে এসেছে। আমি অফিস থেকে বাসায় ফিরে রাতে থাকার প্রস্তুতি নিয়ে গিয়েছি। বাবা যেন আমারই অপেক্ষায় ছিলেন।

‘মা তুমি আসছ?’

আমি মাথার কাছে বসে বাবার মাথায় হাত বুলাচ্ছি। প্রায় এক ঘণ্টা পর বাবাকে জিজ্ঞেস করলাম, কেমন লাগছে। বাবা আমার হাত ধরে বললেন—‘যেন আমার মা, আমার মায়ের মতো।’ এই এক ঘণ্টা আমি বাবাকে দেখছিলাম। চাকরি, সংসার, সন্তান, ব্যস্ততার কারণে বাবার জন্য কত কম সময় ব্যয় করি। ভাবলাম, এখন থেকে প্রায় প্রতিদিন অফিস থেকে ফেরার পথে বাবার সঙ্গে সময় কাটাব। হঠাৎই বাবা উঠে বসলেন, অস্থির হলেন, কাশি দিলেন। এরপর শুয়ে পড়লেন—ঠোঁট কাঁপছে, চোখের পাতা কাঁপছে, কী যেন পড়ছেন। একসময় চোখের পাতা, ঠোঁট স্থির হয়ে গেল। ডাক্তার এলেন, পালস দেখলেন। আস্তে আস্তে সাদা চাদর দিয়ে বাবাকে ঢেকে দিলেন। বাবা আর কোনো দিন উঠলেন না।

বাবাকে আমার আর সময় দেওয়া হলো না।

এ রকমই এক শূন্যতার কথা মনে পড়ে। সেদিন প্রথম সরকারি চাকরিতে যোগ দিতে কর্মস্থল সিলেট যাচ্ছি। ঢাকা থেকে ট্রেনে সিলেট, লম্বা জার্নি। বাবার সঙ্গে কত গল্প, চা খাচ্ছি, চানাচুর খাচ্ছি। বাবার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি সিভিল সার্ভিসে যোগ দিতে। সিলেট পৌঁছানোর দুদিন পর বাবা ঢাকায় চলে এলেন—প্রচণ্ড মন খারাপ হয়েছিল, সেদিনও শূন্যতায় ভরে গিয়েছিল পৃথিবী। সেই শূন্যতা পূরণ হয়েছিল এক সপ্তাহ পর বাবার চিঠি পেয়ে, ফোনে বাবার গলা শুনে। তখন অপেক্ষায় থাকতাম, দিন কাটাতাম এই ভেবে, বাবার সঙ্গে আবার দেখা হবে, গল্প হবে, বেড়াতে যাব, সিনেমা দেখব, একসঙ্গে গান শুনব। কিন্তু এখন অপেক্ষা আর এক জীবনের জন্য। জানি, আবার দেখা হবে বাবার সঙ্গে।

l ইস্কাটন, ঢাকা