আমি তো শুধু তোমায়ই ভালোবাসি

পাঠকের সুখ–দুঃখ, হাসি–আনন্দ, পছন্দ, ভালোলাগা, ভালোবাসাসহ যে কোনো না বলা কথা শুনতে চায় মনের বাক্স। প্রতি সপ্তাহে পাঠকের পাঠানো সেসব লেখা থেকে নির্বাচিত কিছু লেখা আজ প্রকাশিত হলো এখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনের বাক্স

মা দিবসের অনুধাবন

এবার ৯ মে ছিল মা দিবস। সামাজিক যোগাযোগমাধ্যমে মা দিবসের নানা পোস্ট আর মায়ের প্রতি ভালোবাসার প্রকাশ দেখে ভালোই লাগল। কিন্তু পোস্ট দিতে পারেনি অনেক মায়ের অশিক্ষিত সন্তানেরা। তারা জানেও না মা দিবস কবে। কিন্তু সেই অশিক্ষিত সন্তানের ওপরই নির্ভর করতে হয় মাকে। চশমার কাচ ঠিক করা, হেঁটে বেড়ানোর লাঠি, নিত্য ওষুধ—সবই নিয়ম করে এনে দেয় সেই অশিক্ষিত সন্তান। অন্যদিকে ঘরের দরজা বন্ধ করে এসি রুমে শুয়ে মায়ের ছবি পোস্ট করা অনেক সন্তান প্রতিদিন মায়ের সঙ্গে বাজে ব্যবহার করছে। আবার সরিও বলছে। কারও হয়তো ছবি পোস্ট করা পর্যন্তই শেষ, মুখে কখনো বলাই হয় না ভালোবাসার কথাটি। মায়ের জন্য সব সন্তানের ভালোবাসা বরাদ্দ থাক বারো মাস।

শ্রী প্রশান্ত চন্দ্র আচার্য্য, হবিগঞ্জ

আজ আমাদের আট মাস

প্রিয় আহমেদ, অন্য সব সম্পর্কের মতো আমাদের ভালোবাসার গল্পটা শুরু হয়নি। আমাদের ভালোবাসার গল্পটা যেন ভিন্ন ধরনেরই হওয়ার ছিল। আমার জানা নেই, পৃথিবীর ইতিহাসে অন্য কোনো যুগল আছে কি না, যারা আমাদের মতো সম্পর্কের তিন দিনের দিন বিয়ের পরিকল্পনা করেছে (আমাদের একে অপরকে আগে থেকে চেনাজানা ছিল না। পরিচয় ছিল তিন দিনের)।

১৯ মে আমাদের সম্পর্কের আট মাস পূর্ণ হচ্ছে। গুনে গুনে ২৪০ দিন হবে আমাদের একসঙ্গে পথচলার। পথটা কেবল যে মসৃণ ছিল তা কিন্তু নয়, মান-অভিমানও ছিল। ছিল খুনসুটি, কিছু পাগলামি, একে অপরের সঙ্গে দেখা করা, আর রাত জেগে মেসেঞ্জারে বার্তা আদান-প্রদান করা। করোনায় নিরাপদ দূরত্ব বজায় রেখে চলা আর বাসা থেকে বের না হয়েও আমাদের ভালোবাসায় কোনো ভাটা পড়েনি।

আমাদের দেখা করার তারিখগুলো কীভাবে যেন পরের মাসের একই দিনে হতো। আবার আমাদের পছন্দগুলো (বেশির ভাগ) কীভাবে যেন মিলে যায়। আমরা এভাবেই যেন একসঙ্গে অনন্তকাল থাকতে পারি। তোমাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসি, যতটা আমি নিজেকে ভালোবাসি। এভাবেই নিঃস্বার্থভাবে ভালোবেসে যেয়ো আমাকে প্রিয়তম।

ইরা, ঢাকা।

আত্মহত্যা নয়, আত্মরক্ষা করুন

যেখানে তোমাকে বেঁচে থাকতে কেউ বুঝে না, সেখানে তুমি মরে গেলেও তোমাকে কেউ খুঁজবে না। ভুল ভাবনায় নিজেকে ডুবিয়ে রেখে নিজের মূল্যবান জীবনকে নষ্ট করো না। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। হয়তো তুমি নিজেকে মুক্তি দিতে চাচ্ছ, কিন্তু মুক্তি কি মিলবে তোমার? সময়কে বিসর্জন দিতে শিখুন, তবে জীবনকে নয়। আত্মহত্যা নয় বরং যে খারাপ স্মৃতিগুলোর জন্য নিজেকে মারতে চাচ্ছেন, সেই স্মৃতিগুলোকে হত্যা করুন। দেখবেন ভালো থাকতে আর কিছু লাগবে না। জীবন একটাই, চলে গেলে ফেরত আসবে না। আত্মহত্যা কখনো ব্যথার অবসান ঘটায় না বরং সেটি অন্যের ওপর চেপে যায়।

জোবায়েদ ইসলাম, জামালপুর

অস্পর্শ ভালোবাসা

ভালোবাসার রূপ-রং–লাবণ্য কোনোটার সঙ্গেই আমি পরিচিত না। তবে তোমার হাতের ছোঁয়ায় যেন শিহরিত মনটা ভালোবাসার গন্ধ চিনে গেছে। সেদিন তোমার হাতের রঙিন কাচের চুড়িগুলো আমি ধরেছিলাম, আর তুমি শশব্যস্ত হয়ে নিজের হাতটা কেড়ে নিলে। আমি শুধু তোমার ভাঙা কাচের টুকরাগুলো নিয়ে আজও আশায় বুক বেঁধে আছি, তোমাকে পাব বলে। তোমার দেওয়া গোলাপটা আজও বইয়ের ভাঁজে। কেমন বেরঙা হয়ে গেছে! ভয় হয়, কেন জানো?

যদি আমার ভালোবাসাও ফ্যাকাশে অস্তিত্ব নিয়ে হৃৎপিণ্ডের প্রাচীরে সারা জীবন ঠোকর খায়। আজও দিবাস্বপ্নগুলো বালিশের তুলার ভেতর লুকিয়ে ঘুমিয়ে পড়ি একটি আশায়, আমার অস্পর্শিয়া একদিন আমার কাঁধে মাথা রেখে বলবে, ‘আমি তো শুধু তোমায়ই ভালোবাসি।’

মো. সাইফুর রহমান, কুষ্টিয়া