আমি থেকে আমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯ সেপ্টেম্বর ২০১৪
৯ সেপ্টেম্বর ২০১৪

ক্যালটেক বা ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক বিজ্ঞানী ড. ডেভিড হেই আমার প্রশ্নের জবাবে লিখেছেন, অধ্যাপক জাহিদ হাসান কেবল একজন গবেষণাগারের বিজ্ঞানীই নন, কেবল যে তিনি টপোলজিক্যাল ইনসুলেটর নামে পদার্থের একট নতুন কোয়ান্টাম দশা আবিষ্কার করেননি বা উদ্ভাবন করেননি নতুন সংকর ধাতু, যা আগামী দিনের ইলেকট্রনিকসকে পাল্টে দেবে, বরং একই সঙ্গে তিনি একজন চমৎকার তত্ত্বাবধানকারী ও গাইড। ডেভিড লিখেছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর আমাদের জাহিদ হাসান প্রসঙ্গে, যিনি ডেভিডের পিএইচডি গবেষণার তত্ত্বাবধায়ক। ছোটবেলায় জাহিদ স্বপ্ন দেখতেন আইনস্টাইন যে বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন, সেই প্রিন্সটনে তিনি শিক্ষকতা করবেন। স্বপ্ন পূরণ করে জাহিদ হাসান এখন নেতৃত্ব দিচ্ছেন কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের এক নতুন ধারার। তাঁর নেতৃত্বে আমেরিকাসহ বেশ কয়েকটি দেশে প্রায় চার শতাধিক বিজ্ঞানী কাজ করছেন একটি নতুন যুগের ইলেকট্রনিকসের জন্য। কেবল অধ্যাপক জাহিদ হাসান নন, দেশে ও বিদেশে বাংলাদেশের সমার্থক হয়ে উঠেছেন আমাদেরই কৃতী সন্তানেরা। এঁদের মধ্যে সায়ীফ সালাহউদ্দিন খুঁজে ফিরছেন এমন সব উপকরণ, যা বানাবে নতুন ব্যাটারি, ট্রানজিস্টর। তাহের সাঈফ বানিয়েছেন পৃথিবীর সবচেয়ে ‘ক্ষুদ্র রোবট’। পারকিনসন্স রোগীদের শল্য চিকিৎসার অগ্রদূত ডা. টিপু আজিজকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একটি আলাদা হাসপাতাল করার জন্য জমিই দিয়ে দিয়েছে। কুইক রেডিওর উদ্ভাবক দিদার ইসলাম দেশে ফিরে এসে ১০ বছর পরে তৈরি করেছেন সৌরবিদ্যুৎকে আরও কার্যোপযোগী করার যন্ত্র, সহযোগীদের নিয়ে ইরাজ ইসলাম পাল্টে দিয়েছেন কনটেন্ট শিল্পের চেহারা। কেবল পরিশ্রম ও একাগ্রতা দিয়ে যে মাত্র ১০ বছরে একটা ৪০০ মিলিয়ন ডলারের কোম্পানি গড়ে তোলা যায়, তার স্বাক্ষরও রেখেছেন মাহফুজ আহমেদ। আবার দেশের হাওরাঞ্চলে যেখানে বেশির ভাগ সময় মাটি থাকে পনির নিচে, সেখানে বস্তার মধ্যে সবজি চাষের পদ্ধতি আফ্রিকা থেকে শিখে এসে চালু করেছেন শেখ তানভীর আহমেদ। তবে কেবল বিজ্ঞান-প্রযুক্তি নয়, ব্যবস্থাপনা কিংবা ফটোগ্রাফিতেও আমাদের কৃতীদের উজ্জ্বল উপস্থিতি। এলান হককে দিয়ে বিয়ের ছবি তোলানোর জন্য বিয়েই পিছিয়ে দেওয়া হয় অস্ট্রেলিয়ায়!
এই এই ঝাঁক কৃতীমুখ যোগ হয়েছেন আমাদের পলান সরকার কিংবা কার্তিক প্রামাণিকের সঙ্গে। এঁদের নিয়েই এ বছরের মে মাস থেকে প্রথম আলোতে প্রকাশিত হয়েছে ‘আমি বাংলাদেশ’ নামের বিশেষ প্রতিবেদন। প্রতি মঙ্গলবার শেষের পৃষ্ঠায় ছাপা হয়েছে আমাদের কৃতীদের জীবনালেখ্য। গ্রামীণফোনের সহযোগিতায় ছিল আমাদের এই আয়োজন।
এই কৃতীদের খুঁজে পেতে আমরা আমাদের নিজেদের জানাশোনার বাইরেও সহযোগিতা নিয়েছি নানাজনের। দেশে–বিদেশে অনেকেই আমাদের সঙ্গে এই কৃতীদের পরিচয় করিয়ে দিয়েছেন। এর মধ্যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বিজ্ঞানী আবেদ চৌধুরী, কম্পিউটার বিজ্ঞানী রাগিব হাসান খোঁজ দিয়েছেন অনেকের।
কৃতীদের অনেকেই দেশের বাইরে থাকেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে টেলিফোনে এবং ই-মেইলে। অনেকের গর্বিত মা–বাবার সঙ্গে যোগাযোগ হয়েছে। সন্তানের কৃতিত্বে খুশি পিতামাতা চান তাঁদের সন্তানদের মতো দেশের আরও আরও সন্তান কাজ করুক বিশ্বজুড়ে, ছড়িয়ে দিক বাংলাদেশের নাম। এপ্রিল মাসে এক সন্ধ্যায় এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক আবু সায়ীদ স্যার যেমনটি বলেছিলেন, ‘আমাদের দেশে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। আমাদের ব্যক্তিগত সফলতা খুবই জরুরি। তেমনি ভালো কাজের জন্য একজনের যাত্রাই যথেষ্ট। একজন যাত্রা করলে সবাই ধীরে ধীরে এগিয়ে আসবে। একদিন আমিই বাংলাদেশ হয়ে উঠবে আমরাই বাংলাদেশ।’
মুনির হাসান: সমন্বয়ক, যুব কর্মসূচি