আমি দুই মাস বাসায় বন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মেহতাব খানম
মেহতাব খানম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

সমস্যা

আমি দশম শ্রেণির ছাত্র। নবম শ্রেণিতে পড়ার সময় একটি মেয়ের সঙ্গে আমার সম্পর্ক হয়। মেয়েটির বাবা গত বছরের শেষ দিকে হঠাৎ মারা যান। এরপর থেকেই ওর পরিবারের ফুফু-চাচারা মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন। মেয়ের মা বিয়েতে রাজি না হওয়ায় তাঁরা তেমন সুবিধা করতে পারেননি।

আমাদের সম্পর্কের কথা দুই পরিবারের সবাই জেনেছেন। প্রথমে কেউ কিছু বলেননি। তবে হঠাৎ একদিন আমাকে মারধর করে আমার বাড়ির মানুষজন। আমাকে বাসায় আটকে রাখে। আমার বাবা একটু ক্ষমতাশালী হওয়ায় নানাভাবে মেয়েটির পরিবারের মানুষকে নানা কথা শোনান। আমি দুই মাস বাসায় বন্দী। কিন্তু আমার মা আর মেয়েটির মা এখনো আমাদের সমর্থন করেন। মেয়েটির মা আমার মাকে বলেছিলেন এসএসসির পর তাঁরা দুজন বসে আমাদের বিষয়ে কথা বলবেন। এই বয়সে বিয়ে তো সম্ভব নয়, তাই কিছু একটা করে রাখবেন।

আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আমাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছে। মেয়েটির পরিবার তো আমার জন্য বসে থাকবে না। এই সব বিষয় সারা দিন চিন্তা করে পড়াশোনায়ও পিছিয়ে পড়ছি। আমি আর এ চাপ নিতে পারছি না।

নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ

তুমি যে খুব বড় ধরনের মানসিক সংকটে আছ, তা বোঝা যাচ্ছে। তোমাদের বয়সের ছেলেমেয়েদের প্রতি পরিবারের মানুষের অনেক সংবেদনশীল আচরণ করা উচিত। এই বয়সে ভুল করার আশঙ্কা খুব বেশি থাকে বলে সন্তানদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসাপূর্ণ মনোভাব নিয়ে তাদের সঙ্গে আত্মিক নৈকট্য স্থাপন করতে হয়। এটি আমাদের দুর্ভাগ্য যে কৈশোরে তোমরা বড়দের কাছ থেকে সহমর্মিতা পাচ্ছ না বলে তোমাদের প্রাণশক্তিকে কাজে লাগিয়ে প্রতিভার স্ফুরণ ঘটাতে পারছ না।

তোমার ও মেয়েটির মায়ের সহযোগিতাপূর্ণ মনোভাবের কথা জেনে ভালো লেগেছে। বাবা মারা যাওয়াতে মেয়েটির মা হয়তো অসহায় হয়ে পড়েছেন এবং তাঁর কথা বাবার আত্মীয়স্বজনের কাছে তেমন গুরুত্ব পাচ্ছে না। এদিকে পরিবার যে তোমাকে এভাবে মারধর করে ঘরে বন্ধ করে রেখেছে, এতে তো মেয়েটার প্রতি তোমার ভালোবাসা কমে যাবে না। উপরন্তু তোমার মধ্যে যে বিদ্বেষ, রাগ ও কষ্ট জমে যাচ্ছে, সেগুলো ভবিষ্যতে অন্য কারও ওপর প্রয়োগের আশঙ্কা তৈরি করবে। এর চেয়ে তারা যদি তোমার অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে আগে তোমার কাছে সবকিছু শুনে, তারপর সুন্দরভাবে তোমাকে একটি দিকনির্দেশনা দিতেন, তাহলে তোমার কষ্ট অনেকটাই কমে যেত। তোমরা দুজন যে এই অপরিণত বয়সে শারীরিক সম্পর্ক তৈরি করে ফেলেছ, সেই ভুলের দায়িত্বও পরিবারের সদস্যদের ওপর অনেকটাই বর্তায়। বয়ঃসন্ধিতে যখন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হয়, তখন কিশোররা কীভাবে আবেগটি মোকাবিলা করে গঠনমূলক কিছু কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখবে, সে ব্যাপারে অভিভাবকদের অবশ্যই অবদান রাখতে হবে। মেয়েটিকে তুমি বলো যে সে যেন নিজের প্রতি ও তোমার প্রতি আস্থা রেখে আপাতত লেখাপড়ায় মনোযোগী হয়। তোমাদের জীবনে যা ঘটে গেছে, তা নিয়ে আলোচনা না করে পরস্পরকে লেখাপড়ায় উৎসাহ দাও এবং সহায়তা করো। দুজনেই দৃঢ়প্রতিজ্ঞ হও যেন মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করতে পারো। এরপর সে যেন কোনোভাবেই এই বয়সে বিয়ে না করে পড়াশোনা চালিয়ে যায়, সেটিও তাকে বলো। এ ক্ষেত্রে ওর মায়ের সহযোগিতা খুব প্রয়োজন হবে। তোমার মাকেও অনুরোধ করো, তিনি যেন মেয়ের মাকে বিয়েটি আপাতত বন্ধ রাখার ব্যাপারে উদ্যোগ নিতে বলেন। আশা করছি, নিজেকে সামলে নিয়ে তুমি মাধ্যমিক পরীক্ষাটি ভালোভাবে দিতে পারবে।