আমি ধন্য, আমি কৃতজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর বিলোনিয়া যুদ্ধের আবহ ফুটে তোলা হয়েছে ৪ নম্বর গ্যালারির এই অংশে
ফেনীর বিলোনিয়া যুদ্ধের আবহ ফুটে তোলা হয়েছে ৪ নম্বর গ্যালারির এই অংশে

প্রতিষ্ঠার পর থেকেই মুক্তিযুদ্ধ জাদুঘরের সঙ্গে আমার একটি আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন কাজে এই সম্পর্ক আরও গভীর হয়েছে। আমার ব্যক্তিগত শিল্পসাধনায় এই প্রতিষ্ঠান এবং এর অন্যতম ট্রাস্টি মফিদুল হকের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বলা যায়, মুক্তিযুদ্ধ জাদুঘরের সঙ্গে সম্পৃক্ততা ও মফিদুল হকের সান্নিধ্য—দুই-ই আমাকে সমৃদ্ধ করেছে।

২০১৫ সালের মাঝামাঝি মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ বাংলাদেশের অভিজ্ঞ শিল্পী, স্থপতি ও জাদুঘরে নিদর্শন প্রদর্শনীর (ডিসপ্লে) কাজে পারদর্শী কয়েকজনকে একটি সভায় আমন্ত্রণ জানায়। আমিও যোগ দিই সেই সভায়। এই সভায় জাদুঘরের নতুন ভবনের ডিসপ্লে কিউরেটর ট্রাস্টি মফিদুল হক একটি ডিসপ্লে আউটলাইন উপস্থাপন করেন। পাশাপাশি সবাইকে তিনি এ ব্যাপারে সার্বিক ধারণা দেন। আধুনিক ও বিশ্বমানের গ্যালারি নির্মাণের জন্য আমাদের ভাবতে বলেন।

ব্যক্তিগতভাবে এ কাজের সঙ্গে যুক্ত হতে আমি ভীষণ আগ্রহ বোধ করি। এই আগ্রহের কথা জানাই প্রথম আলো সম্পাদককে। তিনি একবাক্যে রাজি হয়ে যান—সানন্দে অনুমতি দেন কাজ করার জন্য।

প্রথমে সেগুনবাগিচায় এবং পরে আগারগাঁও নতুন ভবনে ডিজাইন স্টুডিও স্থাপন করা হলো। শুরু হলো বিভিন্ন পর্যায়ের কাজ। প্রথমেই মফিদুল ভাই আউটলাইনের স্পেশাল সেকশন বা হাই পয়েন্টের ডিজাইন নিয়ে ভাবতে বললেন।

‘জাদুঘর ডিসপ্লে’ জাদুঘর বিজ্ঞানের অংশ। আর এ কাজে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষার তেমন কোনো ব্যবস্থা নেই। তাই জাদুঘর কর্তৃপক্ষ একটি আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করে। সেটা ২০১৬ সালের জানুয়ারি। ৫ থেকে ৯ জানুয়ারি কর্মশালাটি পরিচালনা করেন ওয়াশিংটনের জাদুঘর ডিসপ্লেবিষয়ক প্রতিষ্ঠান স্ট্যাপেল অ্যান্ড চার্লস ডিজাইন স্টুডিওর অন্যতম কর্ণধার বারবারা ফাহ্স্ চার্লস ও তাঁর সহযোগী জারেড আর্প। কর্মশালায় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধ জাদুঘর, বঙ্গবন্ধু জাদুঘর এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের বিভিন্ন পর্যায়ের কর্মীরা।

এই কর্মশালার মধ্য থেকেই আমাদের গ্যালারি ডিসপ্লের মূল যাত্রা শুরু হয়। কর্মশালা শেষে কাজটা এগিয়ে নিতে পারবেন, এমন কয়েকজনকে নিয়ে একটি ‘মূল দল’ গঠন করা হয়। দায়িত্বও বণ্টন করে দেওয়া হয়।

শুরু হলো কাজ। প্রথম দিকে অনেকেই আগ্রহ দেখালেও দলটি শেষ পর্যন্ত ১২ জনে এসে থিতু হয়। পুরো কাজে সার্বক্ষণিকভাবে নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাকাল থেকে এর সংগ্রহ সংরক্ষণ, উপস্থাপন, প্রদর্শনের দায়িত্ব পালনকারী আমেনা খাতুন। তিনি জাদুঘরের আর্কিভিস্ট এবং এই কাজের কান্ডারি। এ ছাড়া যাঁদের নাম উল্লেখ না করলেই নয়, তাঁরা হলেন ইমরুল চৌধুরী, কাজী ইমরান, সুফিয়া নাজনীন, শরিফ রেজা মাহমুদ, মন্টু সরকার, রেজাউল আহমেদ, আরাফাত করিম, অলোকানন্দা রায় ও নাহিদুর রেজা চৌধুরী। এঁদের নিয়ে মফিদুল ভাইয়ের তত্ত্বাবধানে কাজটি এগোতে থাকে। এ ছাড়া খণ্ডকালীন আরও অনেকেই কাজ করেছেন।

কাজ, আলোচনা আর পরিবর্তন-পরিমার্জন একসঙ্গেই চলেছে। একদিন মফিদুল হক জানালেন, আমাদের এই কাজের পরামর্শকেরা তাঁদের ব্যস্ততার কারণে এই মুহূর্তে বাংলাদেশে আসার সময় করতে পারছেন না। সুতরাং তোমাদের মধ্য থেকে তিনজনকে আমরা ওয়াশিংটন পাঠিয়ে কাজ এগিয়ে নিতে চাই।

মুক্তিযুদ্ধ জাদুঘরের সংগ্রহশালার প্রধান আমেনা খাতুন, এই দলে অন্তর্ভু‌ক্ত নৃবিজ্ঞানী শাহনেওয়াজ জাহান ও আমাকে ওয়াশিংটন পাঠানো হলো কাজগুলো গুছিয়ে নিয়ে আসতে।

গত বছরের ২৭ জুন থেকে ৭ জুলাই ওয়াশিংটনের স্ট্যাপেল অ্যান্ড চার্লস স্টুডিওতে এবং বিভিন্ন জাদুঘরের সঙ্গে আলোচনা করলাম। জাদুঘর দেখে অভিজ্ঞতা অর্জন হলো আমাদের। দেশে ফিরে এলাম। ফিরেই পুরোদমে কাজ শুরু করলাম। এই কাজের ফাঁকে ফাঁকে ভিডিও কনফারেন্স, ই-মেইলে যোগাযোগের মাধ্যমে নকশাগুলোর ডিটেলিং শেষ করতে থাকলাম।

ডিজাইন-ডিটেলিং-বাস্তবায়ন—কাজগুলো একসঙ্গেই চলতে থাকল। প্রায় প্রতিদিন মফিদুল হক আমাদের কাজের অগ্রগতি, পরবর্তী করণীয় ইত্যাদি বিষয়ে পরামর্শসভা করেন। শেষ দিকে এমনও হয়েছে, দিনের বেশির ভাগ সময় জাদুঘরের কাজে নিবিষ্ট থাকতে হয়েছে আমাদের। অনেকে শারীরিক অসুস্থতাও আমলে নেননি। কারণ, নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে হবে।

আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন বিশাল ও গভীর, তেমনি মুক্তিযুদ্ধ জাদুঘরের ক্যানভাসও বিশাল। এতে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধেরই ইতিহাস এবং উল্লেখযোগ্য নানা দলিল। তাই অল্প পরিসরে তার বিস্তারিত তুলে ধরা সম্ভব নয়।

আমি ধন্য, আমি কৃতজ্ঞ মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে এমন একটা মহৎ কাজের সঙ্গে আমাকে যুক্ত রাখার জন্য। এই কাজের মধ্য থেকে যা শিখেছি, তা ভবিষ্যতে আমার পথচলায় সহায়ক হবে।

লেখক: প্রথম আলোর প্রধান শিল্প িনর্দেশক ও মুক্তিযুদ্ধ জাদুঘর ডিসপ্লে দলের প্রধান ডিজাইনার