তাঁদের স্বপ্ন ছিল চিকিৎসক হবেন। নিজের দেশে পূরণ করতে পারলেন না। তাই বলে তো স্বপ্ন থেমে যেতে পারে না। অনেক খোঁজখবর। কোথায় পড়তে যাওয়া যায়। শেষ পর্যন্ত ঠিকানা হলো বাংলাদেশে। তাঁরা ভর্তি হন ঢাকার জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজে। এখানকার ১৩০ জন বিদেশি শিক্ষার্থীর মধ্যে ১১৭ জনই নেপালি। কথা হয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী উপাসনা, এলিজা, মনীষা, নলি, দীপিয়াদের সঙ্গে। ‘বরাবরই ইচ্ছা ছিল চিকিৎসক হব। কিন্তু নেপালে ভর্তি হতে পারলাম না। এজেন্সির মাধ্যমে খোঁজখবর নিলেন অভিভাবকেরা। দেখতে এলাম এই মেডিকেল কলেজ। পছন্দ হলো। ব্যস ভর্তি হয়ে গেলাম।’ বলেন উপাসনা। অন্য সবার বেলায়ও কমবেশি এমনটিই ঘটেছে। দীপিয়া বলেন, এখানে শুধু মেয়েরা পড়ে বলে অভিভাবকেরাও আগ্রহী হয়েছেন।আলিশা বলেন, পড়তে এসেই আমরা বন্ধু হয়েছি। ছুটিতে সবাই একসঙ্গে বাড়ি যাই। আবার ফেরাও হয় একসঙ্গে।’ সব ছুটিতে তো বাড়ি যাওয়া হয় না। তখন কী করেন জানতে চাইলে সবাই একসঙ্গে বলে ওঠেন, কত কী যে করি! সবার সঙ্গে ঘুরতে যাই। কলেজে অনুষ্ঠান হলে অংশ নিই। সিনেমা দেখা-কেনাকাটা তো রয়েছেই।মনীষা জানান, কয়েক দিন আগে আমরা বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে গহীনে শব্দ দেখতে গিয়েছিলাম। শুধু কি চলচ্চিত্র? বাংলা গানেরও ভক্ত তাঁরা। তপুর ‘এক পায়ে নূপুর’ ওদের মুখস্থ। কথার সত্যতা মিলল। বাংলা উচ্চারণে তেমন জড়তা নেই। ভাষাটাও বেশ রপ্ত করে ফেলেছেন।হোস্টেল জীবনটাকে খুব উপভোগ করি আমরা। একরুমে তিনজন করে থাকি। ক্যানটিনে খাই। তবে ক্যানটিনের খাবারে তেল-মসলা বেশি। তাই মাঝেমধ্যে নিজেরাও রান্না করি। এর মধ্যে নুডলসই বেশি খাওয়া হয়। বনশ্রী বলেন।কেনাকাটার জন্য নিউমার্কেট-গাউছিয়া ও বসুন্ধরা সিটি ওদের বেশি পছন্দ। ‘এখন চলাফেরা-কাজে কোনো অসুবিধায় পড়তে হয় না। কিন্তু আবহাওয়াটাই অস্বস্তিকর। এত গরম এখানে।’ বলেন জিনাত। নলির মতে, মা-বাবার সঙ্গে ফোন-ইন্টারনেটেই যোগাযোগ হয়। মন খারাপ হলে দলবেঁধে যেকোনো বাঙালি সহপাঠীর বাসায় বেড়াতে যাই, বলেন ঋতু। জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবু শামীম জানান, শুরু থেকেই এখানে বিদেশি শিক্ষার্থীর ভিড় লেগে থাকে। পাঁচ বছরের ভর্তি ফি এককালীন নেওয়া হয়। বিদেশি শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি প্রায় ৩০ হাজার ডলার, থাকা-খাওয়ার খরচও এর অন্তর্ভুক্ত। আর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মোট খরচ পড়বে ১২ লাখ টাকা। আমাদের মেডিকেল কলেজে প্রতিবছর দরিদ্র ও মেধাবী আটজন শিক্ষার্থীকে বিনা মূল্যে পড়ানো হয়।সিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেডের বিপণন ব্যবস্থাপক মোমিনুল ইসলাম বলেন, ‘বিদেশি শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তি করানো হয়। তাদের থাকা-খাওয়ার সব দায়িত্ব আমাদের। ওদের নিরাপত্তার বিষয়টির দিকে আমরা বিশেষভাবে লক্ষ রাখি। হোস্টেলেও বিদেশিদের বাড়তি সুবিধা দেওয়া হয়। ওদের ভিসা-সংক্রান্ত কাজেও আমরা সহায়তা দিয়ে থাকি।’নেপালি শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে জানা যায়, ওদের ইচ্ছা পড়াশোনা শেষ করে নেপালেই ফিরে যাবে। তবে শিক্ষানবিশ হিসেবে কেউ কেউ কাজ করবেন এখানে। তাহলে এ দেশ ছেড়ে যেতে খারাপ লাগবে না? কিছুক্ষণ চুপ করে থাকে ওরা। উপাসনা বলেন, ‘কষ্ট তো হবেই। দীর্ঘ সময় এখানে থাকব। মায়া জন্মেছে। যোগাযোগ থাকবে সবার সঙ্গে। যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকব। নিজের দেশে ফিরতে চাই। দেশের প্রতিও তো একটা দায়িত্ব আছে।’