আমি নেপালি মেয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গার তীরে দখিনা বাতাস। আকাশজুড়ে ধূলি-ধূসর মেঘ। সে মেঘে মাথার চুল উড়ছে বৈশাখীর মাতাল হাওয়ায়। মুহূর্তেই নেমে আসে আকাশজুড়ে ফোঁটা ফোঁটা বৈশাখী বিন্দু। বুড়িগঙ্গার বুকে নৌকাটি ছুটতে থাকে ঝড়ের বেগে। মুগ্ধ হয়ে দল বেঁধে এই দৃশ্য দেখতে থাকেন শিকদার মহিলা মেডিকেল কলেজের বিদেশি শিক্ষার্থীরা। ফরেন হোস্টেলের ব্যালকনি দিয়ে বাড়ানো কারও আঙুল স্পর্শ করে বৃষ্টিবিন্দু। কেউ ‘ধ্যানে মগ্ন’ মেডিকেলের মোটা বই নিয়ে, কেউ দেখছে সিরিয়াল আর কেউবা চলে গেছে ঘুমের রাজ্যে।দৃশ্যটি রাজধানীর শিকদার মহিলা মেডিকেল কলেজের বিদেশি ছাত্রী হোস্টেলের। যাঁদের অধিকাংশই নেপালি। এছাড়া রয়েছে ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থী। হাসপাতালের দ্বিতীয় ও ষষ্ঠ তলায় বিদেশি ছাত্রীদের জন্য হোস্টেল। কলেজ প্রতিষ্ঠার পর থেকেই এই মেডিকেল কলেজে পড়তে আসেন বিদেশিরা। ক্যাম্পাসের পরিবেশ, রাজনীতিমুক্ত মহিলা কলেজ, সুনিশ্চিত নিরাপত্তা এবং প্রতিবছর মেডিকেলের বোর্ড ফাইনাল পরীক্ষাগুলোতে গড়ে বিদেশিদের ভালো ফলাফলই তাঁদের উৎসাহী করে এই কলেজে আসার জন্য।কথা হলো নেপালের নিতু ইয়াদভের সঙ্গে। পঞ্চম বর্ষের ছাত্রী নিতু বলেন, ‘এই মেডিকেল কলেজের শিক্ষাব্যবস্থা ভালো, পরিবেশও যথেষ্ট শৃঙ্খল হওয়ার জন্য আমি এখানে পড়তে এসেছি। প্রথম বর্ষে পড়ার সময় এ দেশের খাবার ও পানিতে কিছুটা কষ্ট হতো। গরমটাও একটু বেশি। তবে এখন সব সয়ে গেছে। এ দেশের মানুষ খুব ভালো। আমার ভাই নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে পড়ে। সামনের বছর আমার বোনও এই কলেজে পড়তে আসতে চায়।’নিতুর বাসা নেপালের বিরাট নগরে। অপরদিকে বীরগঞ্জের শাহনাজ বলেন, ‘এই দেশের রাস্তার ধূলাবালি ও ট্রাফিক জ্যাম আমার ভীষণ খারাপ লাগে। এখানে আমাদের কোনো আত্মীয় নেই, তাই সহপাঠীরাই আমার সব। বাঙালিরাও আমাদের ভালো বন্ধু। বান্ধবীর জন্মদিন বা কোনো ছুটির দিনে আমরা দল বেঁধে বেড়াতে যাই। সরস্বতী পূজাতে সবাই চাঁদা দিয়ে প্রতিমা বানাই, খুব মজা করি। ধর্ম, বর্ণ ভুলে আমরা মিশে গেছি একসাথে।’চতুর্থ বর্ষে এসে তাঁরা বাংলা ভাষাকে রপ্ত করতে পেরেছেন খুব ভালোভাবেই। অনেকগুলো বই নিয়ে ব্যস্ত ছিলেন কলকাতার মানাল মুর্শেদ ও রেজওয়ানা। তাঁরা বলেন, বাঙালি হওয়ার জন্য এ দেশের খাবার, পানি ও আবহাওয়াতে তাঁদের তেমন কোনো কষ্ট হয়নি। প্রতিবছর দু-তিনবার যান কলকাতায়।রাত হয়েছে। নেপালের জনকপুরের স্মিতা তখনো ভেজা চুলে। বলেন, ‘হোস্টেলে অনেক কাজ করতে হয় নিজের হাতে। প্রতিদিনই তাই রাতে গোসল করি। আমাদের খাবার আসে কলেজ ক্যান্টিন থেকে। তার পরও কত কাজ ঘর গোছানো, কাপড় পরিষ্কার করা...! হোস্টেল জীবন যেমন কষ্টের, তেমনি আনন্দের।’এরই মধ্যে গান গাইতে গাইতে আসেন নেপালের জুহি ও খুশি। তাঁরা বাংলা, ইংরেজি, নেপালি ও হিন্দি গানে সমান পারদর্শী। বাংলা গানের সব শব্দ বুঝতে না পারলেও বাঙালিদের মতোই গেয়ে ওঠেন তাঁরা। শাড়িও পরতে শিখেছেন বাঙালিদের মতো করেই।ভিন্ন দেশের শিক্ষাব্যবস্থায় অসুবিধা হয় কি না জানতে চাইলে ওমানের দীপা, নেপালের শুভেচ্ছা জানান, তাঁরা বর্তমানে ইন্টার্নির শেষ পর্যায়ে আছেন। স্যার, ম্যাডাম, নেপালি-বাঙালি বড় আপুদের বন্ধুসুলভ সহযোগিতায় তারা সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন এমবিবিএস কোর্স।বিদেশি এই শিক্ষার্থীদের পরস্পরের মধ্যে প্রচণ্ড ভালোবাসা। প্রিয় মাতৃভূমি ও পরিবার ছেড়ে ভিন্ন দেশের ভিন্ন পরিবেশে লেখাপড়া করছেন তাঁরা। চেহারায় কিছুটা বৈচিত্র্য থাকলেও বাঙালি, বিদেশিরা মিশে গেছেন একসঙ্গে। সব বিদেশি তাই এক হয়ে নেপালের ভাষায় বলেন, ‘মো রোগি হরুকো সেবা কারনা চাহানচু, এহি মেরি ধার্মো হো, মএওটা রামরো ডাক্তার বান্নো চাহানচু’ অর্থাৎ ‘আমি রোগীদের সেবা করতে চাই, এটাই আমার ধর্ম, যেকোনো মূল্যে আমি একজন আদর্শবান চিকিৎসক হতে চাই।’