আমি পাজামার কথা বলিতে ব্যাকুল
শব্দটা ‘পাজামা’ না ‘পায়জামা’—শুধু এটা জানার জন্য একটা বাংলা অভিধান প্রায় কিনেই ফেলেছিলাম। পরে জানলাম, দুটোই সঠিক। তাই ‘পাজামা’টাই বেছে নিলাম। কারণ, পায়জামার চেয়ে পাজামায় অন্তত একটা অক্ষর কম আছে। যেখানে পৃথিবীই ছোট হয়ে আসছে, সেখানে পাজামাটাকে ছোট করে উচ্চারণ করা মানেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা, না কি বলেন? আমি গ্রামের ছেলে। তাই লুঙ্গি পরে ঈদ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। কিন্তু একদিন বাজারে গিয়ে যখন দেখলাম, লুঙ্গির দাম তিন শ টাকা আর পাজামার দাম আড়াই শ কিংবা সর্বোচ্চ পৌনে তিন শ টাকা, তখন লুঙ্গি না কিনে পাজামা কিনে নিয়ে চলে এলাম। আনার পরেই নাক গলালেন দাদাজান, ‘দেখো হে, সস্তার কিন্তু তিন অবস্থা। এত কম দামে পাজামা কেনার মধ্যে আমি ভালো কোনো লক্ষণ দেখছি না।’ আমি বললাম, ‘কীভাবে দেখবেন, আপনি তো এমনিতেই চোখে ঝাপসা দেখেন। আপনার চোখের অপারেশনটা হয়ে যাক। পাওয়ারফুল একটা চশমা নেন। তখন অবশ্যই ভালো লক্ষণ দেখতে পাবেন।’ দাদা ‘বেয়াদ্দপ’ বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। আমি তাঁর কথাগুলো ‘পাছে লোকে কিছু বলে’র পর্যায়ে ফেলে দিয়ে অপেক্ষা করতে লাগলাম, কবে ঈদ আসবে আর কবে পাজামাটা পরে পুরো পাড়া চক্কর দেব। পুরো পাড়ায় একটামাত্র পাজামা, আর সেটার মালিক আমি। বুঝতেই পারছেন আমার অবস্থান তখন কোথায়। ইতিমধ্যে এলাকাজুড়ে চাউর হয়ে গেল, আমি পাজামা কিনেছি। এবার আমি বেশ নিরাপত্তহীনতায় ভুগতে লাগলাম। কারণ, ঈদের সময় বেশ চুরি হতো। বলা তো যায় না, চোরেরা যদি আমার পাজামাটা চুরি করে নিয়ে যায়। সবচেয়ে বড় কথা হলো, আমার পাজামা চোরেরা পরে ঘুরে বেড়াবে, এটা আমি ভাবতেই পারছিলাম না। অবশেষে ঈদ এল। আমি ঘুম থেকে উঠে গোসল করেই পাজামাটা পরার উদ্যোগ নিয়ে ফেললাম। কারণ, আগে আগে পরা মানেই বেশি মানুষকে দেখাতে পারা। এদিকে মা ডাকতে লাগলেন সেমাই খাওয়ার জন্য। আমি তাড়াতাড়ি করে পাজামাটা পরে চলে গেলাম মায়ের কাছে। মা-ই প্রথম আবিষ্কার করলেন পাজামার এক পা খাটো। দাদার কথাটা মনে পড়ে গেল। তার বলা ‘সস্তার তিন অবস্থা’র মধ্যে এক অবস্থা যেহেতু পাওয়া গেছে, অতএব বাকি দুই অবস্থা পেতেও দেরি হবে না, এমন একটা ভয় কাজ করতে লাগল আমার মধ্যে। কিন্তু আমি অত সহজে ছাড়ার পাত্র না। এক পা খাটো থাকা সত্ত্বেও কীভাবে পাজামাটাকে ব্যালেন্স করে পরা যায়, সেই চিন্তা করতে লাগলাম। শেষ পর্যন্ত আর কোনো পদ্ধতি না পেয়ে লম্বা পা-টা ওপরের দিকে তুলে কোমরে গুঁজলাম। এতে দুটো পা-ই সমান খাটো হয়ে গেল। আমি নিশ্চিন্তে পাড়া বেড়াতে বের হলাম। আমার এক ভাবি এগিয়ে এসে বলল, ‘নূপুর কেনোনি?’ আমি বিস্ময় প্রকাশ করলাম—নূপুর! নূপুর কেন? ভাবি হেসে বলল, ‘ওমা, মেয়েদের পাজামা পরেছ, নূপুর লাগবে না?’ আমি আগের বিস্ময়েরই ধারাবাহিকতা বজায় রেখে বললাম—মেয়েদের পাজামা পরেছি মানে? ‘মানেটানে কিছু নেই। মেয়েরা খাটো পাজামা পরে, তুমিও খাটো পরেছ। তবে মেয়েরা খাটো পাজামা পরে, যাতে পায়ের নূপুর দেখা যায়। তুমিও নিশ্চয় একই উদ্দেশ্যে পরেছ। কিন্তু নূপুর কোথায়?’ আমি ভাবির সামনে থেকে দ্রুত প্রস্থান করলাম। পড়ে গেলাম আরেক ভাবির সামনে। এই ভাবি খুবই ভালো। তিনি নূপুরের প্রসঙ্গে কথা না বলে সরাসরি চলে গেলেন দুপুরের খানা প্রসঙ্গে। বললেন, দুপুরে যেন তাঁদের বাড়িতে খাই। ঈদের নরমাল আইটেমের সঙ্গে নাকি আরও বিশেষ কিছু আইটেম আছে। সময়মতো চলে গেলাম। গ্রামে যেহেতু পাটি বিছিয়ে খাওয়া হয়, তাই আমাকে পাটি বিছিয়ে দেওয়া হলো। পাটিতে লুঙ্গি বিছিয়ে যেভাবে স্বাচ্ছন্দ্যে বসে পড়ি, ঠিক সেভাবে বসতে গিয়ে ফড়াৎ করে একটা আওয়াজ শুনতে পেলাম। তার মানে সস্তার দ্বিতীয় অবস্থার দেখা মিলল। ভাবি মনোযোগ-সহকারে খাবার পরিবেশন করছিলেন। হাঁড়ি-পাতিলের টাংটুং শব্দে ফড়াৎ শব্দটা ভালোমতো শুনতে না পেয়ে বললেন, ‘কিসের আওয়াজ হলো?’ আমি বললাম, বাইরে কিছু একটা পড়েছে হয়তো। বাইরের কথাটা আমি বললাম দুই কারণে। প্রথম কারণে মূল ঘটনা ধামাচাপা দেওয়া, দ্বিতীয় কারণ ভাবিকে বাইরে নেওয়া। অর্থাৎ বাইরে কী পড়ল, এটা জানার জন্য তিনি বাইরে যাবেন, আমি এই ফাঁকে চম্পট দেব। কিন্তু কপাল যদি মন্দ হয়, তাহলে সব পথই বন্ধ হয়। ভাবি বাইরের খবর নেওয়ার চেয়ে মেহমানদারির বিষয়টাকেই বেশি গুরুত্ব দিলেন। বললেন, আরাম করে বসতে। কিন্তু আমি টের পেলাম বসার কারণে পাজামা একটু একটু করে ছিঁড়েই চলেছে। এই ছেঁড়ার প্রক্রিয়া বন্ধ করার জন্য বসা থেকে দাঁড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে লাগলাম। ভাবি হায় হায় করে উঠলেন, ‘আহা, দাঁড়িয়ে কেউ খাবার খায় নাকি। বসো বসো। বসে খাও।’ কিন্তু আমি আর ঝুঁকি নিলাম না। খাওয়া শেষ করে বের হয়ে যাব, অমনি ভাবির ছোট মেয়ে পাড়া বেড়িয়ে বাড়ি ফিরল। সঙ্গে তার বাবা। ভাবির মেয়ে আমাকে দেখে জড়িয়ে ধরে বলল, তার সঙ্গে আবার কিছু একটা খেতেই হবে। আমার মাথা ঘুরতে লাগল। আমি কিছুতেই আর কিছু খাব না, তবু সে আমাকে টেনে বসাতে চাইল পাটিতে। কিন্তু বসার তো প্রশ্নই ওঠে না। কারণ, এর আগে বাড়িতে শুধু ভাবি ছিল বলে হয়তো পাজামার বেহাল দশাটা চোখে পড়েনি। এখন তিন-তিনজন। কারও না কারও চোখে পড়বেই। আমি বললাম, ‘ঠিক আছে, তুমি যেহেতু বলছ, আমি খাব। কিন্তু বসতে পারব না। দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছি।’ পিচ্চি মুখ বাঁকা করে বলল, ‘কিন্তু তুমি না বলেছ, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নেই? বসো বসো।’ আবার আমার হাত ধরে টানতে লাগল। এবার বোধ হয় আমার পাজামা তার বাবার চোখ এড়াতে পারল না। মেয়ের কথার রেশ টেনে তিনি বললেন, ‘শোনো মা, দাঁড়িয়ে খাবার খেতে হয় না ঠিক, তবে মাঝেমধ্যে খেতে হয়।’ মেয়ে বলল, ‘তাহলে আমিও কি দাঁড়িয়ে খাব।’ বাবা বললেন, ‘আরে, না না, তুমি খাবে কেন। যদি কখনো তোমার হাফপ্যান্টের সেলাই ছিঁড়ে যায়, তখন খেয়ো। ঠিক তোমার কাকার মতো।’