
তিথি আপুর কথা আগে আপনাদের বলা হয়নি। আসলে কথাগুলো কখনোই কাউকে বলার সাহস পাইনি। আজ সবাইকে বলছি। তিথি আপু আমার চেয়ে বেশ কয়েক বছরের বড় ছিল। কিন্তু হলে কী হবে, আমরা দুজন অনেকটা সমবয়সীর মতো মিশতাম। পাশাপাশি বাসায় থাকতাম, একসঙ্গে ছাদে ঘুড়ি ওড়াতাম, ক্যারম খেলতাম, একই গানের স্যারের কাছে গান শিখতাম। আপু অনেক সময় আমাকে দিয়ে ছোট ছোট কাজও করাত। কসমেটিক কিনতে বাজারে গেলে অনেক সময় আমি তার সঙ্গী হতাম। মাঝেমধ্যে আপু আমার মাথায় বিলি কেটে দিত। বলত, তুই খুব লক্ষ্মী একটা ছেলে। তিথি আপুর মুখে এই কথা শুনতে আমার খুব আনন্দ লাগত।
অথচ এই তিথি আপুই আমাকে একসময় এমন একটা কাজ দিয়ে ফেলে, যা আমার মনের পক্ষে করা অনেক কঠিন ছিল। একদিন একটা রঙিন খাম আমার হাতে ধরিয়ে দিয়ে আপু বলল, ওটা যেন তুষার ভাইয়াকে পৌঁছে দিই। শুনে আমি আকাশ থেকে পড়লাম। তুষার ভাইয়া আমাদের মহল্লার ক্রিকেট ক্লাবের সবচেয়ে ভালো খেলোয়াড়। তিনি তখন বিএ পড়েন আর তিথি আপু ইন্টারে। আমার বুঝতে বাকি রইল না খামটায় কী আছে। আমি তখন অষ্টম শ্রেণিতে পড়ি। বলতে গেলে তখন আমার বয়ঃসন্ধি লগন। মনে মনে সেদিন আপুর ওপর খুব অভিমান হয়েছিল আমার।
যা হোক, আমার মান-অভিমান আপু কখনো ধরতে পেরেছিল কি না, জানি না। তবে একসময় কাজটা আমার জন্য নিয়মিত হয়ে দাঁড়াল। তিথি আপুর চিঠি মাঠে গিয়ে তুষার ভাইয়াকে দিতাম আর তুষার ভাইয়ার চিঠি গল্পের বইয়ের মধ্যে করে তিথি আপুর কাছে পৌঁছে দিতাম, যাতে বাসার কেউ ধরতে না পারে। অথচ তিথি আপুকে নিয়ে তত দিনে আমি দু-দুটি কবিতা লিখেছি। আমার মনের কথা যখন তাকে জানাতে চেয়েছিলাম, তখন আমাকেই হতে হলো তার প্রেমের পত্রবাহক! কিশোর বয়সেই আমি তাই বিরহের সঙ্গে পরিচিত হলাম। আমার এই বিরহ নিয়ে ‘তিথি আপু’ নামে একটি গল্পও লিখে ফেললাম। কাগজের এক পৃষ্ঠায় লেখা নিজের সেই গল্পটা আমি মাঝেমধ্যেই পড়তাম।
২.
সেদিন বরাবরের মতো স্কুল থেকে ফেরার সময় তুষার ভাইয়া নতুন একটা চিঠি হাতে ধরিয়ে দিল। তিথি আপুকে সেটি দিতে গিয়ে দেখি আপুরা কেউ বাসায় নেই, গ্রামের বাড়ি গেছে। চিঠিটা তাই নিজের কাছে রেখে দিলাম। রাতে ঘুমানোর সময় কী ভূত মাথায় চাপল, চিঠিটা খুলে পড়তে শুরু করলাম। বুঝতে পারলাম দুজনের প্রেম এখন গভীর থেকে গভীরে। আমি চিঠিটা পড়ে তোশকের নিচে রেখে দিলাম। যেখানে আছে আমার দুটি কবিতা আর একটি গল্প। তিন দিন পর আপুরা ফিরে এল। সন্ধ্যায় তিথি আপু সরাসরি আমার রুমে এসে চিঠিটা চেয়ে বসল। চিঠিটা তখনো আমার তোশকের নিচে। তাড়াহুড়া করে চিঠি দিতে গিয়ে তিথি আপুকে সেদিন কী দিয়েছি, আমি জানি না।
৩.
পরদিন বিকেলের ঘটনা। তিথি আপু একটা খাম আমার হাতে দিয়ে বলল, এটা তোর। বুঝতে পারলাম ওটা চিঠি। খুলে দেখি তাতে লেখা—‘তুই অনেক বড় কবি হবি।’ বুক ফাটা আর্তনাদের মতো আমি সেদিন চিত্কার করে বলেছিলাম, ‘আমি তো কবি হতে চাইনি, আমি তোমার প্রেমিক হতে চেয়েছি...’
আহছান উল্লাহ ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ঢাকা