যাঁর রিকশায় ঘুরে বেড়ালাম সিলেট শহরটা, তিনি পুরোটা সময় দেখলেন আমার কাজ। যখন ভাড়া দিতে যাব, তখন বললেন, তাঁরও কিছু বলার আছে।‘আপনার নাম কী?’‘বাচ্চু।’‘পুরো নাম?’‘বাচ্চু।’সত্যিই কি তাঁর নামটি শুধুই বাচ্চু? আর কিছু নেই সঙ্গে? সেটা অবশ্য বড় কথা নয়। বাচ্চু বলেই যাঁকে সবাই চেনে, তাঁর নামের আগে-পরে কী আছে, তা নিয়ে ভাবনার কী আছে। ‘কত দিন রিকশা চালান?’‘না, আমি তো ব্যবসা করতাম। এখন আর্তিক ওবোস্তা বালা না বইলা রিশখা চালাই। আমি ফুলটাইম গৃহস্থ। ঋণটিন হইয়া তিনটা বাইচ্ছা লইয়া এখন তো খাইতে হইব, তাই রিশখা চালাই।’বোঝা যাচ্ছে, তাঁর জীবনের গল্পটা সাদামাটা কিছু নয়। ‘ফুলটাইম গৃহস্থ’—কথাটির মধ্যে যে গর্ব আছে, তা বাচ্চুর উচ্চারণেই বোঝা যায়। বিপদে পড়েই তাঁকে এখন রিকশা চালাতে হচ্ছে। ‘কী হয়েছিল আপনার?’ ‘ব্যবসায় খুবই এখটা লস খাইছি।’‘কিসের ব্যবসা ছিল?’‘রংপুর থেকে কাঁচামাল আনতাম। বহুত মাইর খাইছি। ঋণটিন হইয়া দেশ-বাড়ি ছাড়িয়া আমি এখন টাউনে আসিয়া ভাড়া থাকি।’‘বাড়ি কোথায়?’‘হবিগঞ্জে।’‘বাচ্চারা কি সিলেটে?’‘না, তাগো আমি নানাবাড়িতে থুইয়াইসি। হবিগঞ্জে। বউটউও হবিগঞ্জে।’‘কত দিন আগে এসেছেন সিলেটে?’‘এখ মাস হইসে আইসি। আইয়া তারা লাগি রিশখা চালাইয়া আমি রুজি খরিয়া তিন হাজার টাখা পাঠাইছি।’‘কত টাকা ঋণ হয়েছে?’‘ঋণ মনে হয় ২০-৩০ হাজার টাখা হইয়া গেছি।’‘যেভাবে খাটছেন, তাতে তো শিগগিরই ঋণমুক্ত হয়ে যাবেন।’‘তবে এখন একটা লোনটোনের ব্যভস্তা হইলে বালা হইতো।’‘এখানে থাকেন কোথায়?’‘কাজিটুলায়।’‘মেসে?’‘জে না। এখানে আমরা দুইজন আট শ টাকা বাসা ভাড়া দিয়া থাকি।’‘খাওয়াদাওয়া?’‘খাওয়াদাওয়া হুটেলে খাইতে হয়।’‘কী খান?’‘সখালে দরেন রুটি খাইলাম, দুপুরে ভাত খাইলাম, রাইতে ভাত খাইলাম।’‘কী দিয়ে ভাত খান?’‘এখ বেলা মাছ খাইলে আর এখ বেলা সবজি।’‘মাংস খান না?’‘আমি মাংসমুংসো খাইলে চিন্তা খরলে হইতো না, আমার বাইচ্চাকাইচ্চা কী খাইল, সেইটা চিন্তা করতে হবে। সেইটা অনুভব করতে হবে।’‘বাচ্চারা কী খায়?’‘বাইচ্চারা ধরেন গেরামের দ্যাশ, শাকসবজি ছাড়া খাইবার মতো না।’‘আপনার ঋণ শোধ করতে তো এক বছর লেগে যাবে।’‘জে। এক বছরেও পারব কি না, ৩০ হাজার টাখা...বাইচ্চাকাইচ্চা চালাইয়া, আমার তিনোটা বাইচ্চা পড়ে এখন। বড়টা পড়ে সিক্সে। হবিগঞ্জে। সদর গমমেন্ট স্কুলে। আরেখটা কেজি স্কুলে পড়ে থ্রিতে। পরেরটা মেয়ে। এবার ভর্তি করছি।’‘ওদের কথা মনে পড়ে?’‘পড়ে তো।’প্রশ্নটি ছিল বোকার মতো। নিজের সন্তানদের কথা বাবার মনে পড়বে না? এ রকম বাবা কি আছে পৃথিবীতে? তাই একটু ঘুরিয়ে অন্য কথা বলি।‘এই যে ওদের পড়াশোনা করাচ্ছেন, ওরাই একসময় আপনাকে দেখে রাখবে।’বাচ্চু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন আমাদের দিকে। প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি রিকশা ভাড়া পেয়ে একটু উজ্জ্বল হয় মুখ। কিন্তু তা বেশিক্ষণ থাকে না। এত ঋণের বোঝা যাঁর মাথার ওপর, যিনি রিকশাচালক থেকে আবার গৃহস্থ হওয়ার সংগ্রাম করে যাচ্ছেন, এত সহজেই সুখ এসে ছেয়ে দেবে তাঁর মন, এতটা কি আশা করা যায়?