আমি বদলে যাইনি: সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ঐতিহাসিক যুক্তরাষ্ট্র সফরকালে গত ২১ সেপ্টেম্বর সিএনএনকে সাক্ষাৎকার দেন। এতে তিনি গণতন্ত্রের জন্য নিজের দীর্ঘ সংগ্রাম, মিয়ানমারের চলতি সংস্কার প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়ায় তাঁর অবস্থান, সেনাবাহিনীর প্রতি মনোভাবসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেছেন। সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরছেন মাহফুজার রহমানসিএনএন: আপনি এখন অনেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। অবশেষে নোবেল পুরস্কার আর যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেলও গ্রহণ করলেন। বীরোচিত সংবর্ধনা পাচ্ছেন। অনেক মানুষ লম্বা সময় দাঁড়িয়ে থেকে যে অভিনন্দন জানিয়েছে, তখন আপনাকে ব্যথিত দেখায়। এমন সংবর্ধনা কি আপনার কাছে অদ্ভুত লাগে?সু চি: না...মানে আমি এটা খুব উপভোগ করি। তবে মাঝেমধ্যে কিছুটা বিব্রত লাগে।সিএনএন: কেন?সু চি: আমার মনে হয়, কারোই এত বেশি মনোযোগ পাওয়া ঠিক নয়।সিএনএন: এখন পর্যন্ত আপনার জীবনের সর্বোচ্চ অর্জন কী? সব মিলিয়ে যদি বলতে বলি, তা হলে কী কাজ আপনাকে নোবেল পুরস্কার বা মার্কিন কংগ্রেশনাল গোল্ড মেডেল এনে দিল?সু চি: আমার সর্বোচ্চ অর্জন কী, তা বলার সময় এখনো এসেছে বলে মনে করি না। আমি মনে করি, নোবেল ও কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছি একটি লক্ষ্য অর্জনের প্রচেষ্টার জন্য; আমার দেশের জনগণ, প্রতিটি নারী-পুরুষ যে লক্ষ্যে পৌঁছাতে চায়।সিএনএন: সেই লক্ষ্যে পৌঁছাতে এখনো কিছু পথ বাকি। তবে এটা স্পষ্ট যে পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। কয়েক বছর আগেও আপনার এখানে আসার কোনো উপায় ছিল না।এখন কি আপনি মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বলবেন? বিশেষ করে, রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা? সু চি: আপনি কি যুক্তরাষ্ট্রে মিয়ানমারের পণ্য আমদানি করার ওপর নিষেধাজ্ঞার কথা বলছেন?সিএনএন: হ্যাঁ, ঠিক তা-ই।সু চি: বেশ। আমি মনে করি, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত। কারণ, আমাদের জনগণকে সেই সুযোগ দেওয়ার সময় এসেছে, যাতে তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে। আমি আগে বলেছি, আমাদের বহির্বিশ্বের সহায়তা প্রয়োজন। কিন্তু আমরা অবশ্যই নিজেদের ভাগ্য পরিবর্তনের দায়িত্বও নেব।সিএনএন: তা হলে মিয়ানমারের গ্যাসসহ বিভিন্ন খনিজ পদার্থ ও অন্যান্য সম্পদ—এগুলো এ দেশে আমদানি করতে দেওয়া উচিত এখন?সু চি: হ্যাঁ, যদি স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে তা হয়।সিএনএন: মিয়ানমারের রাজবন্দীদের ব্যাপারে কী মনে করেন? আপনি কি মনে করেন, যথেষ্টসংখ্যক রাজবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে?সু চি: আমাদের তালিকার সবাইকে মুক্তি দেওয়া হয়নি। আরও অনেকেই মুক্তির অপেক্ষায় আছেন।সিএনএন: আপনি কি মনে করেন, সবাই মুক্তি পাবেন?সু চি: আমি তেমনটাই মনে করি। খুব শিগগির সবাই মুক্তি পাবেন।সিএনএন: আপনি এখন সাবেক জেনারেলদের সঙ্গে কাজ করছেন। থেইন সেইন এখন প্রেসিডেন্ট। তাঁরাই আপনাকে দীর্ঘদিন স্বামী-সন্তান থেকে দূরে রেখেছেন। একজন রাজনৈতিক নেত্রী হিসেবে তাঁদের সঙ্গে এখন কাজ করতে কেমন লাগছে?সু চি: আমি কখনোই ভাবিনি যে তাঁরা আমার প্রতি যা করেছেন, এর পেছনে ব্যক্তিগত কারণ ছিল। এটা রাজনীতি। রাজনীতি করতে চাইলে আপনাকে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার প্রস্তুতি রাখতে হবে। আমি তো জেনারেলদের অনেককেই পছন্দ করি। মানুষকে পছন্দ করার ব্যাপারটা আমার স্বভাবেই আছে।সিএনএন: আপনি জেনারেলদের পছন্দ করেন—এমন কথা লোকের কাছে বেশ নাটকীয় মনে হবে।সু চি: দেখুন, সেনাবাহিনীর লোকজনের সঙ্গে আমার বনিবনা কখনোই খারাপ ছিল না। ভুলে যাবেন না যে আমার বাবাই বর্মি সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা। এ কারণেই তাদের প্রতি আমার দুর্বলতা আছে। তবে তারা যা করেছে, সেটা আমি পছন্দ করি না। কিন্তু সেটা অন্য কথা।সিএনএন: আমি কিন্তু কী বলব...স্তম্ভিত।সু চি: সত্যিই?সিএনএন: হ্যাঁ, আমি হতভম্ব।সু চি: আমি কিন্তু সত্যিই মনে করি, আমার এ রকম মনে করা খুবই স্বাভাবিক।সিএনএন: আপনি কি মনে করেন, পূর্ণাঙ্গ গণতন্ত্রে উত্তরণের জন্য প্রেসিডেন্টের সঙ্গে আপনার সম্পর্কের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ? শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, রাজনৈতিক সম্পর্কও।সু চি: আমি মনে করি, এ ধরনের কাজ ব্যক্তিগতভাবে নেওয়া কিছুটা বিপজ্জনক। আমার মতে, একটি নৈর্ব্যক্তিক অবস্থান থেকে বিষয়টি দেখা উচিত। নির্বাহী এবং যে আইন ও বিচার বিভাগ গড়ে তোলার চেষ্টা আমরা করছি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও চর্চাকে শক্তিশালী করতে তাদের একসঙ্গে কাজ করার বিষয়টি গুরুত্বপূর্ণ।সিএনএন: আচ্ছা, আপনি একা এর কৃতিত্ব নিতে চাইছেন না। কিন্তু সত্যি কথাটা হচ্ছে, আপনিই সেই ব্যক্তি, যিনি এসব সম্ভব করতে পেরেছেন। আপনার মতো কেউ না থাকলে হয়তো এটা সম্ভব হতো না।সু চি: না, না, আমি তেমনটা মনে করি না। আরও অনেক, অনেক লোককে ছাড়া এটা হতো না। আমার দেশের জনগণ, মার্কিন জনগণ ও প্রশাসনের সমর্থন ছাড়া হতো না।...একজন মানুষকে অবশ্যই তার কাজ ও সিদ্ধান্তের দায়িত্ব নিতে হবে। কিন্তু একজন মানুষকে কখনোই মনে করা উচিত নয় যে ভালো কিছু অর্জন তার একার পক্ষে সম্ভব।সিএনএন: গৃহবন্দী থাকার সময় আপনি কোনো সমঝোতা করেননি। আমার ধারণা, টিকে থাকা ও বন্দিত্বের ধকল সামলে নেওয়ার জন্য আপসহীন হতে হয়েছে আপনাকে। এখন আপনি আপসের প্রয়োজনীয়তার কথা বলছেন। অবস্থানের এই পরিবর্তন ব্যাখ্যা করবেন?সু চি: অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আমাকে সমঝোতার কোনো সুযোগই দেওয়া হয়নি। কারও সঙ্গে কথা বলা ছাড়া তো আপনি সমঝোতা করতে পারবেন না। তাদের সঙ্গে আমাদের কখনো কোনো ধরনের সংলাপ বা পরামর্শ হয়নি। অনেকে বলছেন, আমি বদলে গেছি। কিন্তু তা ঠিক নয়। পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন এসেছে, এই যা। তবে হ্যাঁ, অবশ্যই আমার মধ্যে পরিপক্বতা এসেছে। আমি তো তা-ই মনে করি। ২০ বছরে একজন মানুষের পরিপক্ব হওয়া উচিত।সিএনএন: কিন্তু এর আগে আপনি বলেছেন, আপনারা আপস করার কৌশল শিখতে শুরু করেছেন। শিখছেন দেওয়া-নেওয়া ও মতৈক্যের ভিত্তিতে অর্জন বিষয়ে।সু চি: এটা পার্লামেন্টে আমাদের অবস্থান সম্পর্কে বলেছি। পার্লামেন্টের কার্যক্রমে আমি উৎসাহিত। আমাদের স্পিকার খুবই নিরপেক্ষ। আমরা সংখ্যায় খুব কম হলেও তিনি আমাদের যথাযথ বিরোধী দল হিসেবেই গণ্য করেন।সিএনএন: আপনার কি মনে আছে সেই ঘটনার কথা, যখন সেনারা আপনার দিকে বন্দুক তাক করেছিল আর আপনি সোজা তাদের দিকে হেঁটে গিয়েছিলেন? সেই অনুভূতির কথা মনে আছে?সু চি: অবশ্যই মনে আছে।সিএনএন: আপনার মনে তখন কী ভাবনা ছিল? অন্যরা থেমে গিয়েছিল; কিন্তু আপনি থামেননি। আপনি সোজা তাদের দিকে এগিয়ে গিয়েছিলেন।সু চি: আসলে আমার অন্য কিছু করার সুযোগ তেমন ছিল না। প্রথমত, তারা বলেছিল, সবাইকে রাস্তার পাশে সরে যেতে হবে। আমি তখন অন্যদের বললাম, ঠিক আছে, আমরা তা হলে রাস্তার পাশে সরে দাঁড়াই। ওই সেনা তখন বলল, আমরা রাস্তার পাশেই দাঁড়াই আর মধ্যেই থাকি, সে গুলি করবেই। তখন ঠিক করলাম তা হলে রাস্তায়ই থাকি।সিএনএন: শেষ পর্যন্ত তারা গুলি করেনি। তাতে আপনি কী বুঝেছিলেন?সু চি: একজন মেজর দৌড়ে এসেছিলেন। তিনি আমাদের পেছনে হাঁটছিলেন। মেজর দৌড়ে এসে দায়িত্বরত কর্মকর্তাকে ঠেকান। তিনি সম্ভবত একজন ক্যাপ্টেন ছিলেন। সিএনএন: তারপর ২০০৩ সালে আপনার জীবনের ওপর আরেকটি বড় হামলা আসে। সেই ঘটনায় অনেক লোক প্রাণ হারায়। তার পরও কীভাবে এগিয়ে যেতে পেরেছিলেন?সু চি: এগিয়ে না গিয়ে পারি কী করে, বলুন। এ ধরনের ঘটনা ঘটলে যাত্রা অব্যাহত রাখতেই হয়।সিএনএন: আপনি কি মনে করেন, গণতন্ত্রের পথে মিয়ানমারের বর্তমান সংস্কার এই নিষেধাজ্ঞার কারণেই সম্ভব হয়েছে? নিষেধাজ্ঞার কার্যকারিতা ও গুরুত্ব নিয়ে তো বিতর্ক আছে।সু চি: শুধু বিদেশি অবরোধের কারণেই সংস্কার হচ্ছে, তা নয়। তবে এটা গুরুত্বপূর্ণ একটি কারণ। অবশ্য এটা রাজনৈতিকভাবে যতটা প্রভাব ফেলেছে, অর্থনৈতিকভাবে ততটা নয়।সিএনএন: ২০১৫ সালের নির্বাচন থেকে কী আশা করছেন? ওই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন?সু চি: এখনই ২০১৫ সালের কথা চিন্তা করা আগাম ভাবনা হয়ে যায়। আমি মনে করি, আগামী দুই বছর খুব গুরুত্বপূর্ণ। সেটাই বলে দেবে, ২০১৫ সালের নির্বাচন কেমন হবে।সিএনএন: আপনার দেশকে কী নামে ডাকব? শুনেছি, জনসমক্ষে বেশির ভাগ উপলক্ষে আপনি একে বার্মা বলেন।সু চি: এটা যার যার পছন্দের ব্যাপার। জান্তা নব্বইয়ের দশকের কোনো একসময় আইন করে বার্মা থেকে মিয়ানমার করেছিল। মিয়ানমার আমাদের দেশের বর্মি ভাষার নাম। জান্তা ঠিক করেছিল, ইংরেজিতেও তা-ই হবে। আমি মনে করি, এ ব্যাপারে আমাদের স্বাধীনতা থাকা উচিত। স্বাভাবিকভাবে যা মুখে আসবে, সে নামেই দেশকে ডাকব আমরা।