আমি বাংলাদেশ

বাংলাদেশ
আমি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করতে চাই। তাদের দুয়ারে পৌঁছে দিতে চাই খাদ্য, জ্বালাতে চাই শিক্ষার আলো। তাদের প্রতি হওয়া নির্যাতনের বিরুদ্ধে কাজ কারতে চাই, যেন আমার এই বাংলাদেশে আর কোনো শিশু নির্যাতিত না হয়।
আমি চেষ্টা করে যাব আমার সাধ্যমতো। কারণ, আমাকে পারতেই হবে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অবশ্যই আমাকে কিছু করতে হবে। কারণ, আমি বাংলাদেশ। আর আমার বাংলাদেশকে উন্নত করার দায়িত্ব আমারই।
সোবরাজ আল আকন্দ
নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ
উদ্যম
বাংলাদেশকে গড়ে তোলার জন্য দৃঢ়প্রতিজ্ঞা গ্রহণ সবাইকে আশান্বিত করেছে। আমি অনেক অনেক অনুপ্রাণিত হয়েছি।
মানচিত্রের সবখানেই আমাদের কার্যক্রমকে নিয়ে যেতে হবে। এই সম্মেলন আমাদের সবার কর্মজীবনকেও উদ্দীপ্ত করবে—এই মনোবল আমাদের আছে। বন্ধুসভার বিগত কার্যক্রমের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের কাজকে এগিয়ে নিতে হবে।
এখন শুরু হলো আমাদের নতুন উদ্যমে কাজ করে যাওয়ার সময়। আমরা আরও বেশ সুসংগঠিত ও সুপরিকল্পিতভাবে এগিয়ে যাব। বিতর্ক, বই পড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগের চেয়ে বেশি করে অংশগ্রহণে আমাদের লক্ষ্য থাকতে হবে।
আমি আলোকিত হলে বাংলাদেশও আলোকিত হবে।
আবদুল হালিম
|প্রদীপগুলো
অনুষ্ঠান শুরু হয়ে গেল, তখন থেকে সময় যে কীভাবে পার হয়ে গেল, টের পেলাম না। আমি বাংলাদেশ হওয়ার যে মূলমন্ত্র অন্তরে গেঁথে গেল, তা সত্যিই অতুলনীয়। যেকোনো উচ্চতায় যেকোনো স্থানে আমি সব সময় বাংলাদেশ হয়ে থাকব। সারা দেশের ছোট ছোট প্রদীপগুলো আলো ছড়াবে, আর ভিন গ্রহ থেকে দেখবে পৃথিবীর বুকে এক আলোকিত ভূমি। বাংলাদেশ।
হেলালুর রহমান
নাটোর
অর্জন
শেষ বিকেলে বন্ধু সম্মেলন শেষে যখন সিএ ভবন থেকে বের হয়ে আসি, তখন মনে হচ্ছিল, বন্ধু সম্মেলনে অংশ নিয়ে যতটা অর্জন করলাম, ফোন হারানোটা তার কাছে বিন্দুমাত্র। সম্মেলনে যাওয়ার সময় বাসে ফোন হাওয়া..। অনেক আনন্দ, অভিজ্ঞতা ও অনেক অর্জন নিয়ে সেই রাতেই এবার বাসের মধ্যখানের বাঁ দিকের সিটে চেপে কল্যাণপুর থেকে রওনা হলাম রংপুরের পথে।
সঞ্জয় চৌধুরী
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
প্রতিচ্ছবি
নিজের জন্য বেশি কিছু চাই না, মানুষের জন্য রেখে যেতে চাই অসাধারণ কিছু...তাই তো আমি প্রথম আলো বন্ধুসভার মতো একটা সংগঠনের গর্বিত সদস্য। আমি বন্ধু সম্মেলনে যোগ দিতে না পেরেও আমার মনে হয় আমিও ছিলাম। প্রথম আলো পত্রিকার একজন মনোযোগী পাঠক হিসেবে এর অদ্যোপান্ত সবকিছুই আমার সুনজরে থাকে।
আমার কাছে মনে হয় প্রথম আলো বন্ধুসভার ‘আমি বাংলাদেশ’ এর উজ্জ্বল প্রতিচ্ছবি।
মেনহাজুল ইসলাম, পার্বতীপুর।
মিলনমেলা
সিএ ভবনের দশম তলায় প্রবেশ করে দেখি অডিটরিয়াম ভরে উঠেছে বন্ধুদের মিলনমেলায়। সবার সঙ্গে পরিচয়, কুশল বিনিময় ও আনন্দ ভাগাভাগি করে নিয়েছিলাম। মুক্তিযুদ্ধের মূকাভিনয়টা ছিল অসাধারণ। নওগাঁ বন্ধুসভা থেকে সঙ্গে ছিলেন দপ্তর সম্পাদক মাসুদ। জাতীয় এ বন্ধু সম্মেলন থেকে পেয়েছি সংগঠনিক বিভিন্ন নির্দেশনা। জাতীয় পতাকা হাতে প্রতিজ্ঞা করেছি, নিজের আলোয় যেন এ দেশকে, বন্ধুসভাকে আলোকিত করতে পারি।
তাসরিফ আহাম্মেদ
উপসাংগঠনিক সম্পাদক, নওগাঁ বন্ধুসভা।
ঋণ
আমার হাতে একটি জাতীয় পতাকা দেওয়া হয়, তখন আমার প্রতিটি শিরা-উপশিরার স্পন্দন আরও বেড়ে যায়। পতাকা হাতে নিয়ে শুধু একটি কথা মনে হয়েছে, আমি বাংলাদেশ। দেশের প্রতি অনেক দায়িত্ব আমার পালন করতে হবে। ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিতে পরিপূর্ণ এই বাংলাদেশ। দেশের কাছে আমার দায়বদ্ধতা আছে, সে বিষয়ে বুঝতে পারি রাশেদা কে চৌধূরীর বক্তব্য শুনে, যে দেশের কাছে আমি ঋণী। আমাদের প্রত্যেককে ঋণ শোধ করতে হবে।
দেলোয়ার হোসেন, খুলনা
চেতনা
জীবনের স্মরণীয় একটি দিন। জীবনে তো অনেক অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। কিন্তু এত গোছালো ছিল কি না, মনে পড়ে না। হাতে সবার লাল-সবুজের পতাকা, বুকে অসীম সাহস, মনে দেশ গড়ার প্রত্যয়।
অন্যদিকে চারদিকে চলছে বন্ধুদের সঙ্গে পরিচয় আর স্মৃতির ফ্রেমে বাঁধতে ক্যামেরার ক্লিক ক্লিক আওয়াজ অবিরত। দিনটিকে হয়তো আমার মতো সবাই স্মরণীয় করে রাখতে চায়।
সেরা উপহার ‘মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের জন্ম’ মূকাভিনয় দেখে সত্যিই নতুন চেতনা পেলাম।
‘প্রত্যেকের হয়তো ভালো ছাত্র হওয়া সম্ভব নয়, কিন্তু সেরা মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ, ভালো দেশপ্রেমিক হতে তো আর বাধা নেই।’ শত শত তারুণ্যের প্রতি সম্পাদক মতিউর স্যারের এমন আহ্বান ভোলার মতো নয়।
আমিও মনে করি, একেকটি মোমবাতি হলাম আমরা বন্ধুসভার সদস্যরা। আমরা আলোকিত হলেই বাংলাদেশকে আলোকিত করা সম্ভব।
মো. আসাদুজ্জামান
বিজ্ঞানবিষয়ক সম্পাদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
শামিল
পত্রিকা পড়াটা প্রতিদিনকার অভ্যাস হয়ে উঠেছিল ছোটবেলা থেকেই। ১৯৯৮ সালের ৪ নভেম্বর। হকারকে বললাম, প্রথম আলো পত্রিকা দিতে। এদিনই প্রথম সংখ্যা। আগেই জেনেছিলাম অন্য পত্রিকার মাধ্যমে। প্রথম আলোর ক্রোড়পত্র ‘বন্ধুসভা’ পড়ে মনে হলো, আমার সত্তার কথাগুলো অন্য কারোর কলমে লেখা হচ্ছে এখানে। ক্রমান্বয়ে ভালোবাসা গভীর হতে থাকে। মনের ঐকান্তিক টানের বন্ধনে পরিবারভুক্ত হলাম। নিজেকে শামিল করলাম নিজের ও সমাজের তথা দেশের উন্নয়নে। লেখালেখিতে হাতেখড়ি হলো। হাঁটতে থাকলাম নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরির পথে। সমাজ ও দেশপ্রেমবোধ জাগ্রত হলো স্বমহিমায়। নিজেকে এখন আর কেবল প্রাণী মনে হয় না। মানুষ হিসেবে ভাবতে পারছি নিজেকে। যা পরিশুদ্ধ সংগঠন ব্যতিরেকে সম্ভব হতো না কখনোই।
দেশের প্রতিটি মানুষই দেশকে উপস্থাপন করছে। প্রত্যেকেই একেকটি বাংলাদেশ। আজ আমি গৌরবের সঙ্গে বলছি আমি(ই) বাংলাদেশ।
সুশান্ত পোদ্দার
সভাপতি, বরগুনা বন্ধুসভা
উচ্চতায়
আমি একজন ছাত্র। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি। আচ্ছা, আমার শিক্ষার খরচ কে দেয়?
শুধু আমার বাবা-মা।
না, অবশ্যই না। আমার শিক্ষার খরচ আসে গ্রামের খেটে খাওয়া কৃষকের বিক্রয় করা ফসলের অর্থ থেকে, অফিসের কেরানির বেতন থেকে, কোনো মধ্যবিত্ত পরিবারের বাবার চাকরির উপার্জন থেকে।
এত মানুষের কষ্টের উপার্জন দিয়ে লেখাপড়া করার উদ্দেশ্য শুধু নিজেই সফলতা পাওয়া তা নয়; আমার কর্মের উদ্দেশ্য হতে হবে এই দেশের মানুষের শান্তি, দেশের সমৃদ্ধি।
আমরা যারা ভবিষ্যতে দেশের হাল ধরব, তারা যদি এক হয়ে যাই, সবারই যদি একই উদ্দেশ্য থাকে—বাংলার উন্নতি—তাহলে কি সফল হবে না? দেশকে কি আমরা নিয়ে যেতে পারব না অনন্য এক উচ্চতায়?
দেশ আমাদের, আমরাই বাংলাদেশ।
রাব্বি আকরামুল
স্বপ্নপূরণ
নিজেকে কোনো অসহায় মানুষের পাশে দাঁড় করিয়ে দিতে পারলে স্বপ্নপূরণের তৃষ্ণা মেটে। যখন মনে একটি ধ্বনি বেজে ওঠে, ঠিক তখনই চিত্কার করে বলতে ইচ্ছে করে আমি বাংলাদেশ। এমন চমৎকার চিন্তাচেতনা নিয়ে প্রাণের স্পন্দনে পৃথিবীর বুকে গড়ে উঠেছে বন্ধুসভা। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। তাই অনায়াসে আমরা বলতে পারি, বন্ধুসভার আরেক নাম আমি বাংলাদেশ।
সেবার হাতিয়ার হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে যখন পূর্ণতার হাসি ফোটে উঠবে কোনো মানুষের মুখে, তখনো আমি বাংলাদেশ।
সৈয়দ সাইদুল হক, কুমিল্লা