আমি বারবার পিছিয়ে আসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মেহতাব খানম
মেহতাব খানম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

সমস্যা
আমার বয়স ১৭ বছর। পঞ্চম শ্রেণি থেকে এক ছেলেকে পছন্দ করি। তখন নিয়মিত ওদের বাসায় যেতাম। তবে ওর সঙ্গে দেখা হলেও কথা হয়নি কখনো। এরপর টানা সাত বছর ওর সঙ্গে কোনো দেখা-সাক্ষাৎ হয়নি। তবে ওর সম্পর্কে যাবতীয় খোঁজখবর রাখি।
এখন আমি একাদশ শ্রেণিতে পড়ি। কিছুদিন আগে বন্ধুদের আমার ভালো লাগার কথা বলি। আমার বন্ধুদের দাবি, আমার এই অনুভূতি আর কিছু নয়—ভালোবাসা।
সত্যি বলতে আমারও ছেলেটির কথা শুনতে খারাপ লাগে না। কিন্তু মনের অজস্র ভয় ওর কথা ভাবতে দেয় না। আমাদের দুই পরিবারের ভয়। সে কাউকে পছন্দ করে কি না, সে ভয়ও আছে। এসব ভেবে আমি বারবার পিছিয়ে আসি। আবার যদিও কখনো সাহস করে এগিয়ে যাই, তখন ওর সঙ্গে যোগাযোগের কোনো রাস্তা পাই না। ও অনেক পড়ুয়া এবং লাজুক। এ বছর এইচএসসি পাস করে ভর্তি পরীক্ষা দিচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তাই দীর্ঘদিন ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে রেখেছে। সে কারণে ফেসবুকেও যোগাযোগের
সুযোগ নেই।
এদিকে আমার ভালো লাগা, নাকি ভালোবাসা—এই উত্তর না খুঁজে পেয়ে আমি অতিষ্ঠ। এখন এসব কথা চিন্তা করলে ভয়ে আমার দম বন্ধ হয়ে আসে। এ ব্যাপারে আপনার পরামর্শ চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
পরামর্শ
সাত বছর ধরে তুমি ছেলেটিকে কেবল কল্পনায় রেখে দিয়েছ। নিয়মিত ওর খবর নেওয়ার কারণে কল্পনার জগৎটি আরও রঙিন হয়েছে। এর শাখা-প্রশাখা বিস্তৃত হয়েছে। ছেলেটির সঙ্গে তুমি যদি সহজ ও স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারতে, তাহলে কল্পনার জগতে এতটা আটকে থাকতে না। ছেলেটিকে ব্যক্তিগতভাবে প্রথমে একজন মানুষ হিসেবে জানারও সুযোগ হতো। তোমার বান্ধবীরা যে কথাটি বলছে, সেটি নিয়ে তুমি ভাবনায় ডুবে না গিয়ে আরও বাস্তবসম্মত চিন্তা করতে পারলে ভালো হয়। ভালো লাগা থেকেই ধীরে ধীরে ভালোবাসা সৃষ্টি হয়। তবে একেবারে কোনো পরিচয় ছাড়া পরস্পরের রুচিবোধ, চারিত্রিক বৈশিষ্ট্য, মূল্যবোধ সম্পর্কে কোনো ধারণা না নিয়েই ভালোবাসা কি সম্ভব? সত্যিকারের ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হলে দুজনকেই সচেতনভাবে পরস্পরকে গ্রহণ করার মাধ্যমে বেশ কিছু সময় নিয়ে তা সম্ভব করতে হয়। এটি কিন্তু খুব সহজ কাজ নয়। অনেক বেশি আবেগীয় পরিপক্বতার প্রয়োজন হয় সম্পর্ককে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে হলে। সবচেয়ে ভালো হয় প্রথমে সুস্থ ও স্বাভাবিক বন্ধুত্বের মধ্য দিয়ে সম্পর্কটি শুরু করা। তারপর সেটি ভালোবাসার পরিণতির দিকে গেলে ভালো। তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার সুযোগ হলে তুমি তাকে জিজ্ঞেস করতে পারো, সে তোমার বন্ধুত্ব গ্রহণ করবে কি না। তবে সে যদি তাতে আগ্রহী না হয়, তাহলে তোমার হতাশা কীভাবে মোকাবিলা করবে, তা-ও আগে থেকেই ভাবতে হবে। প্রত্যেকেরই যে এই ধরনের ক্ষেত্রে ‘না’ বলার অধিকার রয়েছে, সেটি মাথায় রাখা খুবই জরুরি।