আমি বুনোফুল গো...

পাতা ওল্টালেই চোখে পড়বে শ্যামল সুন্দর প্রকৃতির একেকটি বুনোফুলের ছবি। ছবিগুলো উঠে এসেছে প্রকৃতি-বিষয়ক লেখক মোকারম হোসেনের ক্যামেরায়। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে প্রকৃতি নিয়ে কাজ করছেন তিনি। আর প্রকৃতির ছবি তুলছেন ১৮ বছর ধরে। কথাপ্রকাশের সহায়তায় ক্যালেন্ডারটি বের করেছে প্রকৃতিপ্রেমীদের সংগঠন তরুপল্লব।
‘বাংলার বুনোফুল’ শিরোনামে ২০১৬ সালের এ ক্যালেন্ডারে আছে মোট ১২টি বুনোফুল। মোকারম হোসেন বলেন, ‘আমাদের প্রকৃতি সংরক্ষণ করার কথা বলি। তারই একটি প্রচারণার অংশ হলো এই ক্যালেন্ডার।’
মোকারম হোসেন জানান, ছবিগুলো নির্দিষ্ট কোনো জায়গা থেকে তোলা নয়। সারা দেশের বন, বাগান, জঙ্গল ঘুরে তোলা। আছে আট বছর আগের তোলা ছবিও।

এ দেশের অনাবাদি ও পতিত জমিতে অসংখ্য বুনোফুলের জন্ম। তারই কিছু নমুনা মিলেছে এ ডেস্ক ক্যালেন্ডারে। আছে বৃহত্তর সিলেট ও পার্বত্য চট্টগ্রামে জন্মানো গুল্ম আকৃতির সুন্দরী দাঁতরাঙার ছবি। এর ঠিক পরের পাতায় জায়গা করে নিয়েছে সাদা ধবধবে তিতবেগুন। এর আদি নিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকায় হলেও এখন এটি বাংলার ফুল। দেশের অনাবাদি জমিতে জন্মে নরম কাণ্ডের বনপুদিনা। ভাঙার সময় মট করে শব্দ হয় বলে এর পরিচিতি মটমটিয়া নামেও। পাতার কোলে চুপ করে ফোটা এ গাছের ফুলের নৈঃশব্দ্য ছবি দেখা যাবে মার্চ মাসের পাতায়। বনওকরা বা জংলি ঘাগরার দেখা মেলে সারা দেশেই। এপ্রিল মাসের তারিখ মেলাতে গিয়ে সাক্ষাৎ মিলবে এর ফুলের সঙ্গে। দেশের ঝোপজঙ্গল আর পরিত্যক্ত স্থানগুলোতেই ফুটতে স্বাচ্ছন্দ্য ভুঁইকুমড়ার। বুনো এ ফুলেরও স্থান মিলেছে ক্যালেন্ডারটিতে। লজ্জাবতী ফুলের আরেক নাম শর্মিন্দা। লজ্জা পেয়ে মিলিয়ে যাওয়ার আগেই বহুল পরিচিত এ ফুলের ছবি তুলেছে মোকারম হোসেনের ক্যামেরা। সাদার মাঝে বেগুনি মেশানো কলমি ফুল উঁকি দিয়ে আছে ডিসেম্বরের পাতায়।
নগরে বসেও ঐশ্বর্যমণ্ডিত এমন বেশ কিছু বুনোফুলের ছবির সঙ্গে সাক্ষাৎ মিলবে এ ক্যালেন্ডারে।
