আমি বেঁচে আছি
ডুবে যাওয়া পিনাক–৬ লঞ্চে ছিলেন যাত্রী কাজী হুমায়ুন কবির। তিনি বেঁচে যাওয়া ভাগ্যবানদের একজন। শুনিয়েছেন তাঁর বেঁচে যাওয়া ও বেদনার কথা
সেদিন আমার পরিবারের সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হই। কাওড়াকান্দি ঘাট থেকে মাওয়া হয়ে ঢাকা যাব। কাওড়াকান্দি থেকে মাওয়া যাওয়ার ভালো মাধ্যম হলো লঞ্চে পারাপার। ঘাট থেকে পিনাক-৬ লঞ্চে উঠি। মাওয়া ঘাটে পৌঁছানোর ১৫ মিনিট আগে আমাদের লঞ্চটি হঠাৎ ঢেউয়ের সামনে পড়ে। কয়েকটি ঢেউ অনেক জোরে ধাক্কা দেয় লঞ্চে। একবার ডানে কাত হয় লঞ্চটি। আবার বামে কাত হয়ে যায়। অল্প সময়ের ব্যবধানে পানিতে ডুবতে থাকে পিনাক-৬।
লঞ্চে কোনো বয়া ছিল না। আমি কোনো রকম লাফিয়ে পড়ি পানিতে। বাঁচার জন্য লড়াই করতে থাকি। পরে উদ্ধারকারীরা আমাকে উদ্ধার করেন। তখন আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। জ্ঞান ফিরে দেখি আমার প্রিয়জন সবাই মারা গেছেন।
আমার মা, ছোট ভাইয়ের ছেলে, ছোট ভাইয়ের স্ত্রী, ছোট ভাইয়ের শ্যালকও এই লঞ্চে ছিল। কেউ বেরোতে পারেনি। এক দিন পর আমার মায়ের ও ছোট ভাইয়ের শ্যালকের লাশ পাই। কিন্তু আর কারও লাশ পেলাম না। এর পর থেকে প্রতিদিন লাশের জন্য কালকিনি থেকে ঘটনাস্থলে যাই। ফিরে আসি শূন্যহাতে।
আমার পরিবারের এতগুলো মৃত্যুর জন্য দায়ী পিনাক-৬ লঞ্চ কর্তৃপক্ষ। দায়ী ফিটনেসবিহীন লঞ্চ পরিচালনাকারী সরকারি কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর মৃতদেহ উদ্বার করতে পারল না, এ কেমন কর্তৃপক্ষ! শুধু তারা কেন, আমরাও দায়ী। আমরা কেন যাচাই করে লঞ্চে উঠলাম না। আমার মতো আর কারও পরিবারের ওপর দিয়ে যেন এমন পরিণতি না হয়।
গ্রাম: পশ্চিম কমলাপুর
ডাকঘর: মোরশেদাবাদ
ইউনিয়ন: ডাসার, থানা: কালকিনি, জেলা: মাদারীপুর।