আমি মিসরের সব মানুষের: মুরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশ-বিদেশে যত মিসরীয় আছে, আজ আমি সবার প্রেসিডেন্ট। আমি মিসরের মুসলিম, খ্রিষ্টান, নারী, পুরুষ, তরুণদের প্রেসিডেন্ট। মর্যাদার সঙ্গে বসবাস, স্বাধীনতা ও সামাজিক বিচারের জন্য আজ মিসরে ঐক্যের বড় প্রয়োজন।’মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এভাবেই ঐক্যের ডাক দিয়েছেন প্রভাবশালী রক্ষণশীল ইসলামপন্থী গোষ্ঠী মুসলিম ব্রাদারহুড সমর্থিত নেতা মোহাম্মদ মুরসি। মুরসির এই ভাষণে ধর্ম-বর্ণ-লৈঙ্গিক পরিচয় নির্বিশেষে নিরপেক্ষ থাকার মানসিকতা ফুটে উঠেছে। তাঁকে নিয়ে মিসরীয় সশস্ত্র বাহিনী, সমাজের উদারপন্থী ও ধর্মনিরপেক্ষ অংশটি তথা পাশ্চাত্যের যে সংশয় রয়েছে তা দূর করতেই মুরসির এহেন ঐক্যের ডাক। আজকের মিসরের মেরুপ্রবণ, সংঘাতময় রাজনৈতিক প্রেক্ষাপটে মুরসির মতো শীর্ষ নেতার জন্য এ ছাড়া কোনো বিকল্প নেই। ‘আরব বসন্ত’ গণজাগরণের জোয়ারে গত বছর হোসনি মোবারকের মতো জাঁদরেল স্বৈরশাসকের পতন ঘটলেও দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো টালমাটাল। পতনের মুহূর্তে মোবারক তাঁর পৃষ্ঠপোষক শীর্ষ সেনা কর্মকর্তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। সেই থেকে এক বছরের বেশি সময় ধরে মিসরের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদ (সুপ্রিম কাউন্সিল অব দি আর্মড ফোর্সেস বা সংক্ষেপে স্কাফ) দেশ পরিচালনা করে আসছে। ফিল্ড মার্শাল হুসেইন তানতাউয়ি এই পরিষদের প্রধান। শুরু থেকেই স্কাফের সঙ্গে মোবারকবিরোধীদের বিরোধ চলে আসছে। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক ও তাঁর সহযোগীদের বিচারপ্রক্রিয়া নিয়ে দীর্ঘসূত্রতাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিপ্লবে অংশ নেওয়া হাজারো মানুষ দফায় দফায় তাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। ঘটেছে সহিংসতাও। একই সঙ্গে শুরু থেকে স্কাফ নিয়ে একটা আশঙ্কা এখনো বিদ্যমান যে এই পরিষদ কখনোই বেসামরিক নেতৃত্বের কাছে নিরঙ্কুশভাবে ক্ষমতা হস্তান্তর করবে না। প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট হওয়ার পরপরই স্কাফের ঘোষিত সাংবিধানিক প্রজ্ঞাপন এই আশঙ্কাকে আরও জোরালো করে তোলে। ওই প্রজ্ঞাপনে এমন কিছু সংশোধনী আনা হয়েছে, দৃশ্যত যার উদ্দেশ্য ক্ষমতা কুক্ষিগত করে রাখা। প্রজ্ঞাপনটি কার্যকর হলে নতুন বেসামরিক প্রেসিডেন্টের ক্ষমতা থাকবে স্কাফের জিম্মায়। শীর্ষ সেনা কর্মকর্তাদের কথায় উঠবস করতে হবে তাঁকে।সেনা কর্মকর্তারা ব্রাদারহুড-সমর্থিত ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির বিজয়ী প্রার্থী মোহাম্মদ মুরসিকে নিয়ে শঙ্কিত। ব্রাদারহুডকে নিয়ে স্কাফের ভয়, জনসমর্থনকে কাজে লাগিয়ে মোবারক আমলের সেনা কর্মকর্তাদের টুঁটি চেপে ধরতে পারে তারা। আর কাজটি হবে মুরসির মাধ্যমেই। অনেকের মতে, রক্ষণশীল মুসলিম নেতা মুরসি জয়ী হতে যাচ্ছেন—তা টের পেয়েই সেনা কর্মকর্তারা তড়িঘড়ি প্রজ্ঞাপন জারি করেন। মুরসির দিক থেকে অবশ্য সশস্ত্র বাহিনীর প্রতি কোনো প্রকাশ্য তিক্ততার আভাস মেলেনি। সেটা হয়তো বাস্তবোচিতও নয়। জাতির উদ্দেশে প্রথম ভাষণে মুরসি সেনা ও পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। রাষ্ট্রীয় টিভি চ্যানেলে স্কাফ-প্রধান ফিল্ড মার্শাল তানতাউয়ির সঙ্গে মুরসির সাক্ষাতের দৃশ্য দেখানো হয়। তানতাউয়ি নির্বাচিত প্রেসিডেন্টকে সহযোগিতা করার অঙ্গীকার করেছেন। কিন্তু পারস্পরিক এই আশ্বাস ও অঙ্গীকারই সবকিছু নয়। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে মুরসি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি তা খাটো করে দেখার অবকাশ নেই। দেশ ও বিদেশে মিসরের নতুন রাষ্ট্রপ্রধানের জন্য এখন অপেক্ষা করছে পরিবর্তিত নতুন পরিস্থিতি। সেসব মোকাবিলায় তিনি কতটুকু সফল হবেন, তা দেখার বিষয়। কট্টর ইসলামপন্থী দল ইসলামিস্ট আল নূর পার্টির নেতা এমাদ আবদুল গফুর বলেছেন, নির্বাচনের ফলাফল ঘোষণায় যদিও উত্তেজনা কিছুটা কমেছে কিন্তু প্রেসিডেন্টের ক্ষমতার বিষয়ে স্কাফ কর্মকর্তাদের সঙ্গে ইসলামপন্থী নেতাদের অনেক আলোচনা প্রয়োজন।মুরসি রাষ্ট্রপতির দপ্তরে অনানুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন। তবে কাল ৩০ জুন রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে তাঁর শপথ নেওয়ার কথা। বিশ্লেষকদের মতে, মুরসির জন্য প্রথম কাজটি হবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। এ জন্য প্রচুর কাঠখড় পোড়াতে হবে তাঁকে। নির্বাচনে ৫১ শতাংশের মতো ভোট পেয়ে জয়ী হয়েছেন মুরসি। তার অর্থ ভোটারদের মাত্র অর্ধেকের সমর্থন পেয়েছেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী মোবারক আমলের শেষ প্রধানমন্ত্রী বিমানবাহিনীর সাবেক বড় কর্মকর্তা আহমেদ শফিক পেয়েছেন এক কোটি ২০ লাখের বেশি ভোট। ক্ষমতায় টিকে থাকতে হলে শফিক সমর্থকদেরও মন জয় করতে হবে মুরসিকে। যারা তাঁকে ভোট দেয়নি তাদের সঙ্গে নিজের সমর্থকদের সেতু গড়ে তোলা হবে মুরসির প্রথম কাজ। এ ব্যাপারে গত রোববার নাইল নিউজ টেলিভিশন চ্যানেলে রাজনৈতিক বিশ্লেষক হাসান আবু তালিব বলেন, ‘দেশের অর্ধেক মানুষ যদি পক্ষে না থাকে, তাহলে একটি দেশ সুন্দরভাবে চালানো কারও পক্ষেই সম্ভব নয়। সে ক্ষেত্রে মুরসিকে ব্রাদারহুডের ইসলামপন্থী লেবাস থেকে বের হয়ে দেখাতে হবে যে তিনি নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর নন, সত্যিই মিসরের সব মানুষের।’তবে সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক রক্ষাই দায়িত্ব পালনের ক্ষেত্রে মুরসির জন্য সবচেয়ে কণ্টকময় বিষয় হতে পারে। সামরিক বিষয়ে প্রেসিডেন্টের সরাসরি নাক গলানোর বিষয়টি বন্ধ করে দিয়েছে স্কাফ। প্রতিরক্ষা বাজেট করতে গেলে স্কাফের অনুমোদন লাগবে। এমনকি স্কাফের সমর্থন ছাড়া প্রেসিডেন্ট কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধও ঘোষণা করতে পারবেন না। এ সমস্যার সমাধান করতে গেলেও মুরসির জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন হবে। বলতে গেলে, সেনাবাহিনীর ওপর প্রভাব বিস্তারের ক্ষেত্রে ব্যাপক জনসমর্থন ছাড়া মুরসির আর কোনো অবলম্বন নেই। অনেকে আশঙ্কা করছেন, মুরসির সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক শেষতক ঐতিহাসিক তাহরির স্কয়ারে আরেকটি বিপ্লবের জন্ম দেয় কি না।মুরসির জন্য শক্ত যে দুটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা হচ্ছে অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি। মিসরের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি এখন খুব নাজুক। দেশের ৪০ শতাংশের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। বিপ্লব শুরু হওয়ার পর থেকে অর্থনীতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে। বিনিয়োগকারীদের পুঁজি প্রত্যাহার ও অনেক কলকারখানা বন্ধ হয়ে যাওয়া এই অর্থনৈতিক ধসের মূল কারণ। প্রেসিডেন্টকে অবশ্যই এ ব্যাপারে জোরাল পদক্ষেপ নিতে হবে। নিরাপত্তা-পরিস্থিতির অবস্থা আরও খারাপ। খুন-খারাবি, অপহরণ ও চুরির ঘটনা বেড়েছে। বিপ্লবের পর থেকে মানুষের হাতে হাতে অস্ত্র ছড়িয়ে পড়েছে। এটাই মূলত অপরাধ বেড়ে যাওয়ার কারণ। এসব অপরাধ দমনে নিরাপত্তা বাহিনীকে যথাযথভাবে কাজে লাগাতে হবে মুরসিকে। সে ক্ষেত্রে স্কাফের সঙ্গে তাঁর সম্পর্ক অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।কট্টর ইসলামপন্থী মনোভাব পরিহার করে ইসরায়েলের সঙ্গে মিসরের শান্তি চুক্তি বজায় রাখা এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক টিকিয়ে রাখাও হবে মুরসির জন্য পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুরসি অবশ্য প্রথম ভাষণে এসব সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ইরানের সঙ্গে মিসরের সম্পর্কের বিষয়টিও গুরুত্ব পাবে বলে বিশ্লেষকদের ধারণা। এ ছাড়া উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর সঙ্গে মুরসির সুসম্পর্কের বিষয়টি দেশটির পররাষ্ট্রনীতিতে একটি বড় ভূমিকা রাখবে। মুরসি নির্বাচিত হওয়ার আগে ব্রাদারহুডের সঙ্গে প্রভাবশালী আঞ্চলিক জোট দ্য গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) সম্পর্ক তেমন ভালো ছিল না। বিশ্লেষকেরা আগেই আভাস দিয়েছেন, ব্রাদারহুডের প্রার্থী জয়ী হলে সংযুক্ত আরব আমিরাতসহ জিসিসির দেশগুলো খুশি নাও হতে পারে। ব্রাদারহুডের বিশিষ্ট নেতা ইউসুফ আল কারাদাউয়ির বিরুদ্ধে আরব আমিরাতের অভিযোগ, তিনি সিরিয়ার সরকারবিরোধী ও তাদের পরিবারের সদস্যদের প্রত্যর্পণে প্রভাব খাটাচ্ছেন। মিসর কয়েক দশক ধরেই ইরানের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করে এসেছে। কিন্তু তা সেভাবে সম্ভব হয়ে ওঠেনি। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে শিয়াদের প্রভাব বিস্তারের বিষয়টি লক্ষণীয়। তারা মিসরেও এ ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে বলে খবর রয়েছে। মিসরের আল আজহার ও সালাফিস্ট নেতারা শিয়াপ্রধান দেশ ইরানের সঙ্গে সম্পর্কের বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। বরং শিয়াদের তৎপরতা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। এর পরও ইরানের প্রতি ব্রাদারহুডের মনোভাব ইতিবাচক বলে জানা গেছে। মুরসি এর মধ্যে বলেছেন, কৌশলগত আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে তিনি ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী। এক নজরে মিসরের নাইল ডেল্টা (নীল বদ্বীপ) প্রদেশের এক গ্রামে মোহাম্মদ মুরসির জন্ম। ব্রাদারহুডের সমর্থনে মোবারকের পতনের পর গঠিত দল ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির চেয়ারম্যান তিনি। গত ১৬ ও ১৭ জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে ৫১ দশমিক ৭৩ শতাংশ ভোটে বিজয়ী হয়েছেন। গত মে মাসে অনুষ্ঠিত প্রথম দফা ভোটে ২৪ শতাংশ ভোট পেয়েছিলেন। ৬০ বছর বয়সী এই নেতা চার সন্তানের জনক। পেশায় প্রকৌশলী ছিলেন। ক্ষমতায় আসার আগে তিনি অঙ্গীকার করেন, প্রেসিডেন্ট হওয়ার পর তাঁর লক্ষ্য থাকবে দেশে নিরাপত্তা বিধান ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। একই সঙ্গে দেশের সমৃদ্ধি সাধনেও চেষ্টা চালাবেন। গত শতকের সত্তরের দশকে কায়রো বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রি লাভ করেন মুরসি। এরপর যুক্তরাষ্ট্র গিয়ে পিএইচডি ডিগ্রি নেন। মিসরে ফিরে তিনি জাগাজিগ বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিভাগের প্রধান হিসেবে যোগ দেন। একই সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত হন। মুরসি সংগঠনটির ‘গাইডেন্স ব্যুরোতে’ যোগ দেন। তবে দশকের পর দশক নিষিদ্ধ থাকা ব্রাদারহুডের অবস্থান তখন এত মজবুত ছিল না। ২০০০ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন মুরসি। ২০০৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। গত বছর মোবারকের পতনের পর ব্রাদারহুডের মুখপাত্র নির্বাচিত হন তিনি। একই সঙ্গে ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির চেয়ারম্যানও হন।