আমি মেয়েদের ভূমিকায় অভিনয়ও করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মল চন্দ্র ঘোষ থেকে মোহাম্মদ হোসেন খান। পঞ্চাশের দশকের দুর্ভিক্ষ দেখেছেন নিবিড়ভাবে। ষাটের দশকের ছাত্রনেতা। কর্মজীবন কেটেছে অধ্যাপনায়। অবসর কাটে লেখালেখিতে। তাঁর নানা রঙের দিনগুলির কথা বলেছেন মুহাম্মদ শামসুল হককেআমার শৈশবের স্মৃতি অন্য রকম, বলতে পারেন বৈচিত্র্যপূর্ণ। আমার জন্ম হিন্দু পরিবারে। বাবার নাম ছিল বীরেন্দ্র লাল ঘোষ ও মায়ের নাম শচী রানী ঘোষ। ‘জন্মের পর আমার নাম ছিল নির্মল চন্দ্র ঘোষ। তৃতীয় শ্রেণীতে পড়ার সময় ১৯৪৭ সালে আমরা গ্রাম থেকে শহরে আসি। চকবাজার মসজিদের (কাঁচাবাজারের উত্তর পশ্চিমে) ফয়েজ আহমদের কাছে বাবা-মার সঙ্গে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করি। সেই থেকে আমরা মুসলমান। ওই দিন থেকে আমার নাম হয়ে যায় মোহাম্মদ হোসেন খান, বাবার নাম ইসমাইল খান ও মার নাম ফাতেমা খানম। আমার এক ছোট বোন ছিল আশালতা। তার নাম রাখা হয় সখিনা খানম। পরবর্তীকালে আমার আরও তিন ভাই জন্ম নেয়। চট্টগ্রামের অন্যতম নামকরা জায়গা আনোয়ারার পরৈকোড়া গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শঙ্খের পার্শ্ববর্তী মুরালী খালের পাশেই আমার আদি বাড়ি। সেই বাড়িতে আমার জন্ম। আসল জন্ম তারিখ মনে নেই। তবে সনদ অনুযায়ী আমার জন্ম ১৯৪০ সালের ১৪ আগস্ট, শুক্রবার। বর্তমান বাড়ি চকবাজার এলাকায়।তৃতীয় শ্রেণী পর্যন্ত আমার গ্রামেই কাটে। পড়েছি চারুশিলা প্রাথমিক বিদ্যালয়ে। শহরে আসার পর বাবা আমাকে চতুর্থ শ্রেণীতে না দিয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি করান কাজেম আলী উচ্চবিদ্যালয়ে। সেখান থেকে ৫৬ সালে ম্যাট্রিক পাস করি। এরপর চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও সম্মান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি। ইতিমধ্যে ছাত্রআন্দোলনে যুক্ত হওয়া, আর্টস কলেজে ভর্তি হয়েও বাবার অসুস্থতা ইত্যাদি কারণে পড়ালেখায় কয়েক বছর পিছিয়ে পড়ি। শৈশবের অনেক মর্মান্তিক স্মৃতি মনে পড়লে ভাবি এখনকার মানুষ সেই তুলনায় কতই না ভালো আছে। নগরের চকবাজারে আমার বাবার একটি দই-মাঠার দোকান ছিল। সেখানে বেচাকেনা যা হতো তাতে মোটামুটি চলে যেত। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ৪৭ সাল থেকে শহরে অভাব দেখা দিলে আমরা গ্রামে চলে যাই। তার আগে পঞ্চাশের দুর্ভিক্ষের সময় অভাব, বিশেষ করে ভাতের অভাব কী—তা হাড়ে হাড়ে টের পেয়েছি। ক্ষুধার জ্বালায় ভাত চাইলে মা অল্প ভাতসহ বাটি এগিয়ে দিয়ে বলতেন ‘আর নেই।’ পচা চাল দিয়ে রান্না করা সেই ভাতে যেন বিষ্ঠার গন্ধ। বিকেলে মা-জেঠিরা উঠোনে চাল ঝাড়ার সময় দেখতাম লেদাপোকা কিলবিল করছে। কখনো আতপ চালের ভাত রান্না হলে নাশতা হিসেবে ভাতের ফেন খেতাম। তবে কিছু গাছের ফল এবং পুকুরের মাছও মাঝেমধ্যে দেওয়া হতো। তখন মনে অন্য রকম আনন্দ পেতাম।মনে পড়ে, লিখতে হতো কলাপাতায়। কেরোসিনের অভাবে বাতি জ্বালাতে না পারায় রাতের বেলায় পড়ালেখা হতো না। নতুন কাপড়ের অভাবে পুরোনো কাপড় দিয়ে মুসলমানদের দাফন এবং হিন্দুদের সত্কার দেখেছি। এমনকি খাবারের অভাবে মারা যাওয়া মানুষের লাশও দেখেছি শৈশবে। পাশাপাশি কিছু লোকের প্রাচুর্যের প্রভাব দেখার সুযোগও হয়েছে। আমাদের গ্রামটি ছিল ঐতিহ্যবাহী জমিদার গ্রাম। ছোটকালেই শুনেছি ‘দুই বাবু-এক মিয়া এই নিয়ে চাঁটগাইয়া।’ দুই বাবুর একজন হচ্ছেন জমিদার প্রসন্ন কুমার চৌধুরী, অন্যজন জমিদার যোগেশচন্দ্র রায় বাহাদুর চৌধুরী। আর মিয়া হচ্ছেন খান বাহাদুর আব্দুচ সাত্তার চৌধুরী। এসব জমিদারের প্রাচুর্যের প্রভাবে সেই ব্রিটিশ আমলে আমাদের গ্রামে বিদ্যুত্ দেখি, দেখি মোটরগাড়িও। তাঁদের আগ্রহে আয়োজন হতো যাত্রা, সার্কাস ইত্যাদি। হিন্দু ব্রাহ্মণ-অধ্যুষিত পরিবেশে বড় হয়েছি বলে পড়ার দিকেও মনোযোগ ছিল। ১২ বছর বয়সেই শেষ করেছি রামায়ণ মহাভারত। বাবার দই-মাঠার দোকান ছিল একটি বেড়ার ঘরে। ৫০ সালের দিকে একদিন চকবাজার মসজিদে আনজুমানে রহমানিয়ার ছিরিকোটি সাহেব আসেন। আবদুল খালেক ইঞ্জিনিয়ার এবং মসজিদের ইমাম ফয়েজ আহমদ ছিলেন ছিরিকোটি সাহেবের খলিফা (প্রতিনিধি)। ফয়েজ আহমদের বাবাও খলিফা ছিলেন। খালেক সাহেব ও ফয়েজ সাহেবের কাছে আমার বাবার নওমুসলিম হওয়ার কথা শুনে তাঁদের নিয়ে ছিরিকোটি সাহেব আমাদের দোকানে আসেন। আমি তখন দোকানে ছিলাম হাফপ্যান্ট পরা অবস্থায়। ছিরিকোটি সাহেব আমাকে কোলে নিয়ে আদর করে একটি রুপার তৈরি এক টাকার মুদ্রা দেন, যেটি এখনো যত্ন করে রেখে দিয়েছি। বাবা মুদ্রাটিকে পবিত্র মনে করে গ্লাসভর্তি পানিতে ভিজিয়ে রাখতেন এবং সেই মুদ্রা ভেজানো পানি দোকানের চারদিকে ছিটিয়ে দিতেন। ওইদিন ছিরিকোটি সাহেবের একটা নির্দেশনায় আমার বাবার ব্যবসায় উন্নতি হয়েছিল। বাবাকে তিনি বলেছিলেন, ‘শুধু দই-মাঠা বিক্রি করে আপনার তো ব্যবসার উন্নতি হবে না। আপনি বরং কিছু জিলাপি-মিঠাই তৈরি করেন। মানুষ মিলাদ মাহফিলের আয়োজন করলে সেখানে প্রায় ক্ষেত্রে জিলাপি, বাতাসা ইত্যাদি দেওয়া হয়। আপনি এগুলো তৈরি করলে দেখবেন চলবে ভালো, মাসটি ছিল রমজান। বাবা পরীক্ষামূলক জিলাপি-বাতাসা তৈরি করেন। ছোট ছোট কিছু মিষ্টিও। দেখা গেল দুদিনের মধ্যে সব বিক্রি হয়ে গেছে। এখানে একটা কথা বলা দরকার, নগরে তখন মিষ্টির দোকান ছিল হাতেগোনা পাঁচ-সাতটি। সব কারিগর ছিল পড়ৈকোড়া এলাকার। মুসলমানের দোকান হিসেবে প্রতিষ্ঠা পায় আমাদেরটাই। জিলাপি-মিঠাই বিক্রি করে ৫০ সালের দিক থেকেই মূলত বাবা স্থানীয়ভাবে পয়সাওয়ালা হিসেবে পরিচিত হয়ে ওঠেন। ছাত্রাবস্থায় আমার আঁকাআঁকির শখ ছিল। নাটক, নাচের দিকেও ঝোঁক ছিল কিছুটা। বড় হয়ে শিল্পী হব—এমন একটা আকাঙ্ক্ষাও মনে পোষণ করতাম। আর তাই এসএসসি পাসের পর আমি ঢাকার আর্ট ইনস্টিটিউটে (বর্তমানে চারুকলা ইনস্টিটিউট) ভর্তি হই। সেখানে দুই বছর পড়ার পর বাবার অসুস্থতার কারণে চট্টগ্রাম ফিরে আসতে হয়। সে সময় আর্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ ছিলেন শিল্পী জয়নুল আবেদিন। আজকের বিখ্যাত শিল্পী সমরজিত্সহ অনেকেই আমার সহপাঠী ছিলেন।আর্ট স্কুলে পড়া বন্ধ হলেও শৈল্পিক কাজ থেকে দূরে থাকিনি। কলেজে পড়ার সময় ছাত্রআন্দোলন চলাকালে সরকারবিরোধী অনেক পোস্টার আমি এঁকেছি-লিখেছি, যার কারণে সে সময় অনেকে আমাকে ডাকত পোস্টারশিল্পী।বায়ান্নের একুশে ফেব্রুয়ারির আগের রাতে ছাত্রসংগঠনগুলোর পক্ষে পোস্টার লেখার দায়িত্ব ছিল আমার ওপর। চট্টগ্রামের দৈনিক আজাদীর টেইল পৃষ্ঠাগুলো একসময় আমি আঁকতাম। একবার ‘মঞ্চ ও পর্দা’ শিরোনামে টেইল পৃষ্ঠা এঁকে ইঞ্জিনিয়ার আবদুল খালেকের কাছ থেকে ১৫ টাকা সম্মানী পেয়েছিলাম। মনে আছে এই সম্মানী পাওয়ার কথা জেনে বন্ধু এম এ মালেক (বর্তমানে আজাদী সম্পাদক), ইউসুফ গণি, কাঞ্চন প্রমুখ ওই টাকা আমার কাছ থেকে কেড়ে নিয়ে ১০ টাকা খেয়ে ফেলে। পাঁচ টাকা ফেরত দেয়। তখন আমাদের অন্যতম আড্ডাস্থল ছিল আন্দরকিল্লা কোহিনূর লাইব্রেরি। আজাদীর সম্পাদক মোহাম্মদ আবদুল খালেক অনেক সময় টাকা দিয়ে সাহায্য করতেন।ষাটের দশকের প্রথম দিকে প্রকাশিত অধিকাংশ সাময়িকীর প্রচ্ছদ আমার আঁকা। নাটক-ছায়ানাটকেও অভিনয় করেছি অনেক। এ মুহূর্তে মনে পড়ছে আমার অভিনীত নাটক নীলদর্পণ, রুমনাম্বার নাইন, সিরাজুদ্দৌলা, ছায়ানাটক ইতিহাসের ছেঁড়াপাতা, বিদ্রোহী পদ্মার কথা। সে সময় অভিনয় এবং নৃত্যশিল্পী হিসেবে মেয়েদের আনাগোনা ছিল খুবই কম। তাই অনেক সময় আমাকে নাচতে হয়েছে। মেয়েদের ভূমিকায় অভিনয়ও করেছি। সিরাজুদ্দৌলা নাটকে আলেয়ার চরিত্রে মেয়ে না পাওয়ায় আলেয়া সেজে অভিনয় করেছি আমি। মূলত এসব নাটক-ছায়ানাটকের মাধ্যমে আমরা বিভিন্ন ছাত্রসংগঠনের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি গড়ে তোলার চেষ্টা করতাম। ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়ি চট্টগ্রাম কলেজে পড়ার সময়। তমদ্দুন মজলিশের সমর্থক ছাত্রসংগঠন ছাত্রশক্তির জেলা কমিটির সাধারণ সম্পাদক, সভাপতি ও কেন্দ্রীয় নেতা ছিলাম। ব্যক্তিগতভাবেও সবার কাছে গ্রহণযোগ্যতা ছিল বলে ’৬৬ সালে চট্টগ্রাম কলেজ ছাত্রসংসদের নির্বাচনে ছাত্রশক্তির প্রার্থী হিসেবে মিলনায়তন সম্পাদক নির্বাচিত হই। বায়ান্নের ভাষা আন্দোলনের সময় সমাবেশ-মিছিল ও ’৬২-র শিক্ষা আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছি। সত্তরের দশকের প্রথম দিকে মাওলানা ভাসানীর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করার সুযোগও আমার হয়েছে।এ সময় ছাত্রনেতাদের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন ছাত্র ইউনিয়নের শহীদুল্লাহ, ছাত্রলীগের এম এ মান্নান আর ছাত্রশক্তির আমি। আমাদের অনুবর্তীতের মধ্যে আবদুল্লাহ আল নোমান, শায়েস্তা খাঁন, মহিউদ্দিন চৌধুরীসহ অনেকে ছিলেন।রাজনীতি করতে গিয়ে কারাবরণ করতে হয়েছে তিনবার। এ প্রসঙ্গে একটি ঘটনার কথা বেশি করে মনে পড়ে। আইয়ুবের সামরিক শাসন, বাঙালি সংস্কৃতি ধ্বংসের চক্রান্তের ধারাবাহিকতায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গ্রেপ্তারের প্রেক্ষাপটে ’৬২ সালের ফেব্রুয়ারিতে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর উদ্যোগে মুসলিম হলে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যাপক আবুল ফজলের সভাপতিত্বে সমাবেশে প্রথম বক্তা ছিলাম আমি ও শেষ বক্তা ছিলেন ফেরদৌস আহমদ কোরেশী। সমাবেশকে ঘিরে ছাত্রদের চেয়ে চারদিকে পুলিশের সংখ্যা ছিল বেশি। সমাবেশ শেষে হারুন অর রশিদ খান ও খায়রুল বশরের (রশিদ আল ফারুকী) নেতৃত্বে একটি মিছিল লালদিঘির দক্ষিণ পশ্চিম কোনায় এলে দেখা গেল ইস্টার্ন হোটেল অ্যান্ড বারের সামনে আইয়ুব খানের বিরাট ছবি। হোটেলটি ছিল হারুন খানের চাচার। তিনি সেই ছবিটি টেনে নামিয়ে রাস্তার মাঝে এনে ভেঙে ফেলেন। তাঁর দেখাদেখি অন্য ছাত্রদের মধ্যেও উত্তেজনা দেখা দেয়। সেদিন কোর্ট বিল্ডিং থেকে আন্দরকিল্লা পর্যন্ত রাস্তার পাশের বিভিন্ন স্থাপনার সঙ্গে আইয়ুব খানের যত ছবি ছিল সব নামিয়ে ভেঙে ফেলে ছাত্ররা। আমিও ছিলাম সেই মিছিলে। কর অ্যান্ড কোম্পানির মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে দোকানের সামনে অবস্থানরত পুলিশের প্রতি আচমকা ছুড়ে মেরে ভোঁ-দৌড় ছাত্রদের। এ ঘটনায় যে কোনোদিন গ্রেপ্তার হব—এমন আশঙ্কা মাথায় ছিল। একুশে ফেব্রুয়ারির কয়েক দিন পর এক রাতে দেখি পুলিশ আমাদের চকবাজারের বাসা ঘেরাও করে আমাকে গ্রেপ্তারের জন্য। তখন তিনটা। আমাকে বাসা থেকে জিপে তুলে কোতোয়ালি থানায় নেওয়া হয়। সেখানে দেখি ফেরদৌস আহমদ কোরেশীকে আনা হয়েছে গ্রেপ্তার করে। এরপর একে একে আনা হয় রশিদ আল ফারুকী, নুরুল্লাহ, অ্যাডভোকেট মহসীন ও নুরুল আমিনকে। পুলিশ একটা চেয়ারে বসিয়ে আলোকচিত্রী দিয়ে আমার মুখের এদিক—ওদিক ছবি তোলে। বিকেলে কোর্টে হাজির করা হলে ব্যারিস্টার সলিমুল হক খান মিল্কি আমাদের জামিনের আবেদন করে ব্যর্থ হন। পুলিশ প্রত্যেকের টাকা ও ঘড়ি রেখে সঙ্গে শুধু সিগারেট নেওয়ার অনুমতি দিয়ে আমাদের হাজতে পাঠায়। সপ্তাহ দুই জেলে থাকার সময় আমাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। আমরা রাজি হইনি। তবে বাইরে ছাত্রদের মধ্যে উত্তেজনা বেড়ে গেলে শেষ পর্যন্ত মুক্তি দেওয়া হয়। পরে জানতে পারি হারুন খান, এম এ মান্নান, মাহবুবুল আলম তারাসহ আরও কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়। তবে তাঁরা গ্রেপ্তার এড়াতে সক্ষম হন। ঢাকায় আবুজর গিফারী ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগ দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু। এরপর বিভিন্ন সময় আনোয়ারা, ছাগলনাইয়া, এমইএস, চট্টগ্রাম সরকারি কমার্স, নোয়াখালী, নওয়াব ফয়জুন্নেসা, হাজি মুহাম্মদ মহসিন ও ছাগলনাইয়া মৌলভী শাসসুল কবির কলেজে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও অধ্যক্ষ পদে নিয়োজিত ছিলাম। কলেজে অধ্যাপনা করার সময় থেকে আমার বন্ধু আজাদী সম্পাদক এম এ মালেকের উত্সাহে ’৯১ সাল থেকে লেখা শুরু করি। প্রথম কয়েকটি লেখায় নাম সংক্ষিপ্ত করে ম হ খান লিখলেও সহকর্মী ফজলুল হকের পরামর্শে ছদ্মনাম ব্যবহার করি ‘ইবনে সাজ্জাদ’। কারণ সরকারি চাকরি করে বিনা অনুমতিতে কাগজে লেখা সিদ্ধ ছিল না। ইতিমধ্যে মুক্তিযুদ্ধের পটভূমিকায় আমার লেখা একটি উপন্যাস প্রতীতির পঙিক্তমালা প্রকাশ করেছে ঢাকার পানকৌড়ি প্রকাশনী। বিভিন্ন কলামের সংকলন প্রকাশিত হয়েছে বিরস রচনা শিরোনামে। বলাকা থেকে প্রকাশিত হয়েছে কাঙালের বাসিকথা। উপন্যাসের সাতটি পাণ্ডুলিপি প্রায় তৈরি আছে। সময় সুযোগমতো প্রকাশের আশা রাখি। আমি এখনো অতীত ইতিহাস ঐতিহ্যের আকর্ষণীয় ধারাগুলো আঁকড়ে আছি। দেশি-বিদেশি পুরোনো উপন্যাস, প্রাচীন ক্ল্যাসিক যেমন, রামায়ণ, মহাভারত, শাহনামা, প্যারাডাইস অস, অ্যা টেইল অব টু সিটিস, লিউ টলস্টয় এখনো ঘাঁটাঘাঁটি করি। প্রিয় লেখক কালিদাস, রবীন্দ্রনাথ, শরত্চন্দ্র, বঙ্কিমচন্দ্র প্রমুখ।প্রিয়জন হিসেবে আমার মাকে খুব ভালোবাসি। কিন্তু আমার দুঃখ মা আমাকে পছন্দ করেন না। কারণ আমি অন্য অনেকের মতো অর্থবিত্তের অধিকারী হওয়ার দিকে মনোযোগী হইনি।