আমি যা করছি
করোনাভাইরাসের কারণে ১৭ মার্চ থেকে স্কুল বন্ধ। এখন তো ঘরের বাইরে যাওয়া মানা। তাই আমি ভাবছিলাম, এই ছুটিতে বসে না থেকে কিছু একটা করি। কী করি ভাবতে ভাবতে বন্ধুদের জন্মদিনের জন্য কার্ড বানাতে শুরু করলাম। কারণ, স্কুল খুলে গেলে ওদের জন্য উপহার বানানোর সময় না-ও পেতে পারি।
তা ছাড়া আমি নিজের জন্য দুটি পুতুল বানিয়েছি। পুতুলগুলোর জন্য বেশ কয়েকটি জামাও তৈরি করেছি। জামাগুলোর ওপর সুই-সুতা দিয়ে নকশাও করেছি।
২৯ মার্চ থেকে বাংলাদেশ সংসদ টিভিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ক্লাস শুরু হয়েছে। আমি রোজ ক্লাস করছি, বাড়ির কাজও করছি। বাড়ির কাজ শেষ হলে আমি গান শুনে ও কার্টুন দেখে সময় পার করি।
এ ছাড়া আমি গল্পের বইও পড়ছি। তা ছাড়া আমার স্বাস্থ্যের দিকে নজর রাখছি। কিছুক্ষণ পরপর নিয়মমতো হাত ধুই, বাসার বাইরে যাই না। বড়রা কেউ বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে বলি। আর ফোনে বন্ধুদের খোঁজখবরও নিই আমি। তোমরা কী করছ এ সময়টাতে? গোল্লাছুটে লিখে পাঠাও, তোমাদের লেখাগুলো পড়তে চাই।
সপ্তম শ্রেণি, কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা