উপমহাদেশের কিংবদন্তী শিল্পী মান্না দে’র ৯৫ তম জন্মদিন ছিল ১ মে। এ উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘আমি যে জলসাঘরে’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে আর্য্য সংগীত বিদ্যাপীঠ। অনুষ্ঠানে ২৮ টি গান পরিবেশন করে দর্শকশ্রোতাদের মুগ্ধ করেছেন শিল্পী শাহরিয়ার খালেদ। অনুষ্ঠানের সঞ্চালক শামীমা ইয়াসমীন ্রশুরুতেই মান্না দে এবং শাহরিয়ার খালেদের সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন। বক্তব্য দেন আর্য্য সংগীত সমিতির সভাপতি ও অধ্যক্ষ ওস্তাদ মিহির লালা। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ১৯৫৩ সালে রেকর্ডকৃত গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা ও মান্না দে’র সুরে তাঁরই গাওয়া ‘কত দূরে আর নিয়ে যাবে বল’ গানটি দিয়ে শাহরিয়ার খালেদ তাঁর পরিবেশনা শুরু করেন। এরপর একে একে গেয়ে যান - ‘আবার হবে তো দেখা’, ‘তুমি অনেক যত্ন করে’, ‘ক ফোঁটা চোখের জল’, ‘্ও কেন এতো সুন্দরী হল’ সহ ১৫টি গান। দ্বিতীয় পর্যায়ে শিল্পী অনুষ্ঠানের শিরোনামের গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা অনিল বাগচীর সুরে এ্যান্টনী ফিরিঙ্গী ছবির্র গান ”আমি যে জলসাঘরে” গানটি দিয়ে শুরু করেন। এরপর ‘চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে’ , ‘হয়তো তোমার জন্য’, ‘ও চাঁদ সামলে রাখো’সহ মোট ১৩ টি গান করেন। সবশেষে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা সুপর্ণকান্তি ঘোষের সুরে সর্বকালের সেরা স্মৃতিকাতর গান ‘কফি হাউসের সেই আড্ডাটা’ গানটি দিয়ে অনুষ্ঠান শেষ করেন ।শাহরিয়ার খালেদের নিপূণ কণ্ঠশৈলীতে পরিবেশিত প্রতিটি গানই ছিল শ্রুতিমধুর। সন্ধ্যা সোয়া সাতটায় শুরু হওয়া অনুষ্ঠানটি শেষ হয়েছে রাত সাড়ে দশটার পর। পুরো মিলনায়তন ভর্তি দর্শক শ্রোতা সুরের ঘোরের মধ্যে কাটিয়ে দিলো তিন ঘণ্টারও বেশি সময়। এই অনবদ্য সংগীত সন্ধ্যায় যন্ত্রানুসঙ্গে ছিলেন সাাখাওয়াত হোসেন, সাইদুল হক , মিঠু, তাজু, মোহাম্মদ শাহনেওয়াজ।