আমি যেভাবে তমার জন্য পাগল হলাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পরশু থেকে তমাকে ফোন করতেই ওপাশ থেকে বলছে, ‘দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না! অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন...।’ বিরক্তির চেয়ে অস্থিরতাই বেশি কাজ করছে। ফেসবুকে তমার প্রোফাইল খুলে বসে ছিলাম ঘণ্টা দুয়েক। ওর প্রোফাইল পিকচারটা দেখতে দেখতে এখন সবকিছু ঘোলা ঘোলা ঠেকছে। যেদিকে তাকাই সেদিকেই কুয়াশাচ্ছন্ন তমা তমা তমা! শেষমেশ চোখে পানি দিয়ে সিদ্ধান্ত নিলাম, তমাদের বাসার সামনে দাঁড়িয়ে থাকব। একবার না একবার সে তো বাসা থেকে বেরোবেই! আশায় বুক আর নতুন কেনা জুতাজোড়ার ফিতা শক্ত করে বেঁধে রাস্তায় নামলাম। আকাশে তখন কালো মেঘের আনাগোনা। গলির মোড়েই তমাদের বাসা। দোতলার পুব দিকের ঘরটার জানালায় কচুপাতা রঙের পর্দা। এই ঘরেই ওর বাস! ভাবতেই বুকের ভেতর একটা মরুভূমি আবিষ্কার করি। মনে হয়, এই কচুপাতা পর্দাই আমাদের দুজনের মাঝে সবচেয়ে বড় দেয়াল। কচুপাতা পর্দার মুণ্ডুপাত করি! কচুপাতা পর্দা নিপাত যাক! কিন্তু কচুপাতা পর্দা নিপাত যায় না, ভাদ্রের খানিক বেয়াড়া বাতাসে বহাল তবিয়তে দোল খায়। তবে প্রেমিকার হূদয়হীন বড় ভাইয়ের মতো এই পর্দা দোল খায় অসহ্য মার্জিত ভঙ্গিতে। ফলে তমার ঘরে উঁকি দেওয়া হয় না আমার। ঈদের দিন, প্রায় জনশূন্য এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ল্যাম্পপোস্ট হয়ে যাই।নিজেকে নিজে ল্যাম্পপোস্ট ভাবলে কী হবে, পাড়ার এক নেড়ি কুকুর ঠিকই আবিষ্কার করল, আমি মানুষ! এবং সেই আবিষ্কারের উত্তেজনায় প্রাণীটি দ্রুত পায়ে এগিয়ে এল আমার দিকেই! আমার কুকুরভীতি সর্বজনবিদিত। বন্ধুরা মশকরা করে বলে, আমি নাকি আমার বাবার চেয়ে একটা কুকুরকেই বেশি ভয় পাই। সেটা ফের প্রমাণ করার জন্যই বোধহয় আমার ভেতর থেকে কে যেন বলে উঠল, বাঁচতে চাইলে পালাও! কে বলে মানবশরীরের সত্তর ভাগই পানি? কুকুরটার এগিয়ে আসার ভঙ্গি দেখে মনে হলো, আমার গলা কেন, পুরো শরীর শুকিয়ে কাঠ! আমি দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতেই খেয়াল করলাম, কুকুরটার উৎসাহ ১০০ গুণ বেড়ে গেছে। সেটার ভাবখানা এমন, যেন আস্ত একটা ভিনগ্রহ আবিষ্কার করেছে! মানুুষ বিপদে পড়লে হিতাহিত জ্ঞানশূন্য হবেই এবং খুঁজবে আশ্রয়। আমিও আশ্রয় খুঁজতে শুরু করলাম। মুহূর্তেই আবিষ্কার করলাম, আমার আশ্রয় তমাদের বাসা! হতেই হবে, এই এলাকায় তমা বাদে আমি তেমন কাউকে চিনি না।কিন্তু আশ্রয় কেবল চাইলেই তো হবে না, দিতেও হবে। কে দেবে আশা, কে দেবে ভরসা আর কে-ই বা দেবে আশ্রয়? ধাক্কা মারতেই দেখি, তমাদের বাসার দরজাটা অতি সাবধানতার সঙ্গে ভেতর থেকে আটকানো। কুকুর এগিয়ে আসছে। কুকুরের এই নিরলস ধৈর্য আমাকে অনুপ্রাণিত করল বোধহয়। ঘুরে সোজা দৌড়াতে শুরু করলাম। কুকুরটা এবার চূড়ান্ত উৎসাহী, বেশ মজা পেয়ে গেছে আমাকে ধাওয়া করার মাঝে। কিন্তু দৌড়াব যে, এই শহরে দৌড়ানোর জায়গা কই? না, ‘শহরের খোলামেলা জায়গার অভাব ও প্রয়োজনীয়তা’ বিষয়ক কোনো প্রবন্ধের লাইন আওড়াচ্ছি না! এই গলি কানাগলি। আমার দৌড় কানাগলি পর্যন্ত। সুতরাং বিপদ আসন্ন! তবে এত কিছুর মধ্যেও আশ্চর্য হচ্ছি আমার দৌড়ানোর ক্ষমতা দেখে। মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই কুকুরের হাত থেকে রেহাই পেলে সামনের অলিম্পিকে নাম লেখানোর একটা জোর চেষ্টা চালাব। অলিম্পিকে দৌড়ানোর কথা ভাবতে ভাবতেই আরেকটা ইভেন্টের কথাও মাথায় খেলে গেল সাঁ করে। সামনেই মিউনিসিপ্যালিটির আজদাহা এক ডাস্টবিন বর্তমান! ভাবলাম, আমি কেন উচ্চলম্ফ দিই না? লাফিয়ে এটার ওপরে উঠলে তো বাঁচার আশা কিছুটা হলেও বেড়ে যায়! যেমন ভাবা তেমন লাফ। নিজেই নিজের প্রতিভা দেখে আমি মুগ্ধ। অলিম্পিকে এবার বাংলাদেশ দুটি সোনা নিশ্চিত করল বলা যায়। কুকুর তখন গোলকধাঁধায় পড়ে গেছে, ডাস্টবিনের আড়ালে আমাকে না দেখে চারপাশে লাট্টুর মতো ঘুরছে। আমার মুখে তখন হয়তো অপার্থিব আনন্দের একটা হাসি খেলে যাচ্ছিল। হঠাৎ করে দেখলে আমাকে যে কেউ চিনবে না, এটা বেশ টের পাচ্ছিলাম। টের পাচ্ছিলাম, ডাস্টবিনের গন্ধও কখনো কখনো অতি মিষ্টি হতে পারে, তমার প্রিয় কাঁঠালচাঁপা ফুলের চেয়েও। হায় তমা! তুমি যদি দেখতে, তোমার কারণেই ডাস্টবিনে পেতেছি শয্যা! কিন্তু না, তমা দেখল না, দেখলেন বালতিতে করে ময়লা নিয়ে আসতে থাকা এক মহিলা, সম্ভবত বাসার বুয়া। যিনি বের হলেন তমাদের বাসা থেকেই। খানিকটা এগিয়ে এসে আমাকে ভালো করে দেখেই হাতের বালতি ফেলে ‘ও মা গো, ফাগলা গো!’ বলেই উল্টো দিকে দৌড় দিলেন তিনি। ডাস্টবিনে বসে ভ্যাবাচ্যাকা খেতে থাকলাম। নিচে কুকুর ওপরে আকাশ, কোথায় যাব আমি? কোথাও যেতে হলো না। বুয়ার চিৎকারে তমাদের বাসার মুরব্বি গোছের সবাই বেরিয়ে এলেন। ডাস্টবিন থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে তাঁরা একে অন্যকে বলতে লাগলেন, ‘আহা রে বেচারা, ছেলেমানুষ! এই বয়সেই পাগল হয়ে গেছে!’ পাড়া থাকবে, অতিদুষ্ট পোলাপান থাকবে না, কী করে হয়? পশ্চাদ্দেশে কিছু একটার খোঁচা খেতেই মাথা ঘুরিয়ে দেখি, সেই দুষ্টু পোলাপানদের একজন প্রতিনিধি সব কটা দাঁত বের করে হাসছে। মুখ ভেংচে সে বলে, ‘এই পাগল, কলা খাবি, কলা?’ তমা তখন বারান্দায় দাঁড়িয়ে...!