আমি হিমু হতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত ১০টা। হলুদ পাঞ্জাবিটা গায়ে গলিয়ে রাস্তায় বের হয়েছি। তৃষা বলেছে, হলুদ পাঞ্জাবিটাতে নাকি আমাকে বেশ মানায়। বিকেলে তৃষার একটি এসএমএস পেয়েছি। পড়িনি। পড়তে ইচ্ছে হয়নি। এসএমএস যতক্ষণ না পড়া যায়, ততক্ষণই মজা। সামনের মোড়ের চা দোকানটা এখনো খোলা। ওটা এখলেমুর মিয়ার চায়ের দোকান। এখলেমুর মিয়ার চা সম্ভবত পৃথিবীর সবচেয়ে গরম এবং মিষ্টি।‘এক কাপ চা দিন তো, কুইক।’ এক গাল হাসি হেসে এখলেমুর মিয়া আমার চায়ের অর্ডার নিলেন। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাঁদের হাসি সম্পূর্ণ অকৃত্রিম। নিঃসন্দেহে এখলেমুর মিয়া তাঁদের একজন।চা মুখে দিতেই আমার চক্ষু চড়কগাছ! চাতে চিনি নয়; গুড় মেশানো হয়েছে! আমি এর কারণ জানতে চাইতেই এখলেমুর মিয়া তাঁর পান খাওয়া লাল দন্তগুলো বের করে বললেন, ‘ভাইজান, চিনির যে দাম, তাতে গুড় না মিশায়ে উপায় আছে? চায়ের রেইট বাড়াইলে কাস্টমার আহে না। এই জইন্যে এই ব্যবস্থা।’চা রেখে আবার শুরু করলাম। ইদানীং খালি পায়ে হাঁটাটা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ছে। খানাখন্দ ভরা রাস্তায় ইট-পাথরের গুঁতা খেতে খেতে পা দুটোর ত্রাহি অবস্থা। সিটি করপোরেশনের কী দায় পড়েছে আমাদের দুর্ভোগ দেখার।সামনে সার্জেন্ট মোবারক ডিউটি দিচ্ছে। নাম্বার ওয়ান ঘুষখোর। সাধারণত ঘুষখোরদের দশাশই সাইজের একটি ভুঁড়ি থাকে, কিন্তু সার্জেন্ট মোবারকের তা নেই। এ কারণে তাকে বেশ ইনোসেন্ট লাগে।‘এত রাতে কোথায় যাচ্ছেন?’‘হাঁটছি। হাঁটাই আমার কাজ।’ শুনে সার্জেন্ট মোবারক ভ্রু কুঁচকে ফেললেন।‘ফাইজলামো না করে বাসায় চলে যান, নইলে কপালে শনি আছে। গণগ্রেপ্তার চলতেছে।’‘মোবারক সাহেব, শুনুন, কিছুক্ষণ বাদে আপনার মোবাইল ফোনে একটি কল আসবে। তাতে আপনার জন্য একটি সুসংবাদ থাকবে।’ মোবারক সাহেবের কৃষ্ণ বদনখানি বেশ উজ্জ্বল দেখাল। মানুষ সুসংবাদ শুনতে ব্যগ্র হয়ে ওঠে। সার্জেন্ট মোবারকের সেই ব্যগ্রতাকে আমি পাত্তা দিলাম না।তৃষার এসএমএসটা পড়া দরকার। এসএমএসটায় লেখা-‘Jan, rat 12tai bashar shamne ashbe. Katha ase.' সর্বনাশ! এখন রাত ১২টা ৩০। আমি তৃষাদের ‘প্রাচী’ নামের সুরম্য অট্টালিকার সামনে গিয়ে দাঁড়াই। তৃষা দাঁড়িয়ে আছে। পরনে ট্রাউজার এবং নীল ফতুয়া, কানে হেডফোন। সম্ভবত এফএম শুনছে। তৃষাকে দেখে আমি ভড়কে গেলাম। তৃষার এ কেমন বেশভূষা। সে আমাকে দেখে ভেতরে চলে গেল। ৩০ মিনিট লেট করে এসেছি। সে কারণে হয়তো রাগ করেছে। রাগ করুক। রাগলে শরীর ভালো থাকে। এটা মজিদ মিয়ার কথা।মজিদ মিয়া ‘আবার খাব’ হোটেলের মালিক। এখন আমার গন্তব্য মজিদ মিয়ার ‘আবার খাব’ হোটেল।মজিদ মিয়া আমাকে দেখামাত্র ভূত দেখার মতো চমকে উঠলেন। কাঁদো কাঁদো গলায় বললেন, ‘হিমু ভাই, আপনের জাদুক্ষমতা আছে, এইডা আমি জানি, কিন্তুক এইডা যে আমার ওপর খাটাইবেন, তা জানতাম না।’‘বুঝলাম না।’‘আপনে গত পরশু কর্মচারীগো বইলা গেছেন আমার হোটেলে পুলিশ-মেস্টেট আইব।’‘না, ঠিক ওভাবে বলিনি। কাগজে পড়লাম, শিগগিরই ভেজালবিরোধী অভিযান শুরু হবে। সেটার জন্য সাবধান থাকতে বলেছিলাম।’‘ভাইজান, হেরা আইসা আমার ৩০ হাজার টাকা জরিমানা ধরছে। এইডা আপনে যদি আমারে কইতেন, তাইলে এত ক্ষতি আমার হইত না।’হঠাত্ ঘেউ ঘেউ করে কুকুরের ডাক শোনা গেল। মজিদ মিয়া খুব ব্যস্ততার সঙ্গে কুকুর খুঁজতে লাগল। কুকুর আমার পকেটে, আমার মোবাইলের রিং টোনে কুকুরের ডাক দিয়ে রেখেছি। মাজেদা খালার ফোন। অত্যন্ত মেজাজি কিন্তু মাই ডিয়ার টাইপের মহিলা।‘হ্যালো, হিমু, তুই কোথায়?‘মজিদ মিয়ার হোটেলে।’‘দূর তোর মজিদ মিয়ার কাঁথা পুড়ি। এক্ষুনি বাসায় চলে আয়। কোনো রকম হাংকিপাংকি করবি না। আর হ্যাঁ, হেঁটে আসবি না, সিএনজিতে আসবি। আমি ভাড়া দিয়ে দেব। আমি খালার স্পন্সরে ১০ টাকা বাড়িয়ে দিয়ে একটি সিএনজি নিয়ে নিলাম। সিএনজি চলছে হাওয়ার বেগে। মনে হচ্ছে সুপারসনিক জেট বিমানে উঠেছি। চালক সাহেব হঠাত্ ব্রেক কষলেন। অমনি দুপাশ থেকে দুজন আমার কোলে চড়ে বসল। তারপর একটা ভোঁতা লৌহখণ্ড বের করে সেই চিরচেনা বাক্যটি বলল, ‘যা কিছু আছে ঝটপট বের কর।’ আমি বাধ্য ছেলের মতো তাদের সব নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলাম। এতে ওরা হয়তো খুশি হয়ে আমার প্রতি বেশ দয়া দেখাল। আমার প্যান্টটা ওরা নিল না। এমনকি ভোঁতা লৌহখণ্ড দিয়ে একটু গুঁতাও দিল না। হলুদ পাঞ্জাবিটা খুব আগ্রহের সঙ্গে নিয়েছে। আমি এতে অসন্তুষ্ট নই। কারণ হলুদ পাঞ্জাবিটা দেখলে ওরা হিমু হতে চাইবে। আর সেখানেই আমার সার্থকতা। আমি চাই, সবার মনে হিমু জাগ্রত হোক।কার্য সফলভাবে সম্পন্ন হলে ওরা আমার চোখে অতি পাওয়ারফুল মলম লাগিয়ে অচেনা একটি জায়গায় ফেলে দিল। ১৩ ঘণ্টা পর আমি পূর্ণ দৃষ্টি ফিরে পেলাম। শরীরে এবারও শক্তি নেই। কিন্তু আমার বসে থাকার সময় কোথায়। আবার নেমে পড়েছি রাস্তায়। মাথার ওপর মস্ত বড় চাঁদ। সেই চাঁদের আলোয় চেনা শহরটাকে আজ বড় অচেনা লাগছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।