আমিই বন্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদর্শনীর অন্যতম আকর্ষণ জেমস বন্ডের প্রিয় বাহন অ্যাশটন মার্টিন
প্রদর্শনীর অন্যতম আকর্ষণ জেমস বন্ডের প্রিয় বাহন অ্যাশটন মার্টিন
টি হি-এর যান্ত্রিক বাহু, লাইভ অ্যান্ড লেট ডাই
টি হি-এর যান্ত্রিক বাহু, লাইভ অ্যান্ড লেট ডাই

লালগালিচা বিছানো সুড়ঙ্গ পথ বেয়ে ঢুকতেই চোখে ধাঁধা লাগে। সামনে দুগ্ধ ফেনিল শয্যায় শুয়ে স্বর্ণকেশী। বিছানা ঘুরছে। সঙ্গে ঘুরছে বন্ড-কন্যার সোনালি শরীর। কাছে ঘেঁষতেই শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। প্রাণ নেই বন্ড-কন্যার দেহে! জেমস বন্ড ভক্তদের কি মনে পড়ছে সব? গোল্ড ফিঙ্গার ছবির দুনিয়া কাঁপানো সেই দৃশ্যই চোখের সামনে!

দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ ছবিতে ব্যবহূত প্যারাহক
দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ ছবিতে ব্যবহূত প্যারাহক

বন্ড-কন্যা জিল মাস্টারসনের বেশে অভিনেত্রী শার্লি ইটনের সোনার প্রলেপ দেওয়া শরীর হুলুস্থুল ফেলে দেয় বিশ্বজোড়া। শন কনারি অভিনীত গোল্ড ফিঙ্গার বন্ড সিরিজের প্রথম ছবি হিসেবে জেতে অস্কার। সেই ষাটের দশকের মাঝামাঝি সময়ে সোনার তৈরি জিনিসপত্রের কদর আকাশছোঁয়া। ১৯৬২ সালের অক্টোবর মাসে মুক্তি পাওয়া ডক্টর নো থেকে হালের স্কাইফল। ইয়ান ফ্লেমিংয়ের গড়া চির নবীন সেই ইংরেজ গুপ্তচরের কীর্তি এভাবেই রুপালি পর্দার সীমানা পেরিয়েছে বারবার। বিশ্বের সফলতম এই চলচ্চিত্র সিরিজ ছায়া ফেলেছে তাবৎ দুনিয়ার ফ্যাশন, ডিজাইন আর প্রযুক্তি ভাবনাতেও। ৫০ বছরের অভিযাত্রায় জেমস বন্ড হয়ে উঠেছেন এক মহা খ্যাতিমান ‘আইকন’। অর্ধশত বছরের এই সফরের অভাবনীয় সাফল্যের পেছনে আছে হাজারো মানুষের সৃজনশীল ভাবনা আর ঘাম। ‘ডিজাইনিং ০০৭: ফিফটি ইয়াস অব বন্ড স্টাইল’ প্রদর্শনী সেই উদ্ভাবনী প্রক্রিয়ারই উদ্যাপন।
৩ ডিসেম্বর, ২০১৩। মেলবোর্নে ভোর—প্রথম আলো। সবে মাটি ছুঁয়েছে এয়ারবাস এ৩৩০। ঘুমহীন চোখ ডাউন আন্ডারের দিশা খুঁজছে। এর মধ্যেই কানে বাজল ঘোষণা , ‘ডিজাইনিং ০০৭ প্রদর্শনী চলছে মেলবোর্ন মিউজিয়ামে।’ তারপর মেলবোর্ন নামের বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহরের আগপাশতলা অনুমান করতে ঝড়ের মতো দুটো দিন। ফেডারেশন স্কয়ার থেকে সাইদার্ন ক্রস—সবখানেই ‘ডিজাইনিং ০০৭’ প্রচারণা। শেষমেশ ২৪ ডলারের টিকিট কিনে বন্ড ভুবনে পা।
সোনার প্রলেপে মোড়া বন্ড-কন্যাকে পেরিয়ে যেতেই ‘দ্য নেম ইজ বন্ড। জেমস বন্ড।’ শন কনারির সেই চিরচেনা কণ্ঠ। পরের ঘরে বসেছে জমজমাট তাসের আসর! চলছে জেমস বন্ড ছবির যাবতীয় ক্যাসিনো দৃশ্যের পুনর্মঞ্চায়ন। বন্ডের খ্যাতিমান সব চরিত্র সেখানে হাজির, মূর্তিমান! পুরুষদের হাতে তাস। নারীরা ভুবনমোহিনী রূপে অপেক্ষমাণ। পেছনে বড় পর্দায় চলছে বন্ড মুভির সেসব সিক্যুয়েন্স। আরেক বন্ড ভুবন বললে কম বলা হয়।
হুইল চেয়ারে চেপে গবেষণাগারে ঢুকেছে প্রবীণ কিউ। একটা পা ফুলে ঢোল। প্লাস্টার করা পা দেখে কিউকে মজা করে কিছু একটা বলল বন্ড। চোখের পলক ফেলার আগেই সেই প্লাস্টার করা পা রূপ নিল রীতিমতো রকেট লঞ্চারে। বন্ডের চোখ চড়কগাছ!
কিউ তার উদ্ভাবনী জাদু দিয়ে এ রকম হরহামেশা তাজ্জব বানিয়েছে খোদ জেমস বন্ডকে। ‘কিউ’ ব্রিটিশ সিক্রেট সার্ভিসের প্রযুক্তি বিভাগের প্রধান। বন্ডের বড় শক্তি তার অভাবনীয় প্রযুক্তি। উভচর যান, ছদ্মবেশী সশস্ত্র ব্রিফকেস থেকে ঝাড়ু রেডিও—বন্ডের আশ্চর্য সব প্রযুক্তির সিংহভাগ কিউরই অবদান। মোট ২০টি বন্ড ছবিতে দেখা গেছে কিউকে। ছবিতে ব্যবহূত কিউর সেসব যন্ত্রপাতি মজুত রাখা হয়েছে একটি কক্ষে। পাশেই চলছে ছবিতে সেসব যন্ত্রের কেরামতি প্রদর্শন। আস্ত গাড়ি নিয়ে সাগরে ঝাঁপ দিয়েছে বন্ড। সাগরতলে গিয়ে সেই গাড়িই রূপ নিয়েছে দ্রুতগতির জলযানে।
বন্ড ভুবনের এসব যন্ত্রপাতি ব্যাপকভাবে প্রভাবিত করেছে বাস্তব দুনিয়াকেও।

ফ্রম রাশিয়া উইথ লাভ ছবিতে ব্যবহূত
ফ্রম রাশিয়া উইথ লাভ ছবিতে ব্যবহূত

ঝা-চকচকে সত্যিকার একটা অ্যাশটন মার্টিন ডিবিফাইভ অপেক্ষমাণ। পেছনেই ছবির সেই দৃশ্য। নয়নাভিরাম সুইস আল্পসের পাদদেশে অ্যাশটন মার্টিন গাড়ির বাম্পার ঘেঁষে দাঁড়িয়ে শন কনারি। পরনে কনডুইট কাট স্যুট। গাড়ি জেমস বন্ডের আরেক বিলাসের নাম। অ্যাশটন মার্টিন বন্ডের প্রিয় বাহন হিসেবে স্বীকৃতি পেয়েছে সেই শুরুতেই।
ডিজাইনার অ্যান্টনি সিনক্লেয়ারের কনডুইট স্যুটকেই বন্ডের পরিধেয় হিসেবে বেছে নিয়েছিলেন পরিচালক টেরেন্স ইয়াং। ডক্টর নো ছবিতে শন কনারির গায়ে ওঠার পর থেকেই দুনিয়াজোড়া খ্যাতি পেয়ে যায় এই কনডুইট কাট স্যুটের স্টাইল।
পরনে বিকিনি। হাতে শঙ্খ শামুক। গাইতে গাইতে সাগর থেকে উঠে আসছে হানি রাইডার (উরসুলা আন্দ্রেজ)। ডক্টর নো ছবিতে প্রথম বন্ড-কন্যার সেই অবিস্মরণীয় আবির্ভাব ছায়া ফেলেছে ভবিষ্যতের বহু ছবিতে এবং সৈকত পোশাকের ডিজাইনেও। উরসুলা আন্দ্রেজ ও হেলি বেরিকে প্রদর্শনীতে পাওয়া গেল পাশাপাশি। সৈকত পোশাকের অংশে। পাশে ছবিতে ব্যবহূত তাদের পোশাকও মজুত।
ডিজাইনিং ০০৭ প্রদর্শনী এর আগে ঘুরে এসেছে বন্ডের জন্মভূমি ব্রিটেন। ক্যাসিনো থেকে বরফ-দুনিয়া, কিউর গবেষণাগার, কিংবা বন্ড ভিলেনদের কক্ষ। বহুমাত্রিক এই প্রদর্শনীর সব ঘরই বন্ড থিমে তৈরি। মোট ৪০০ বন্ড সামগ্রীর এই প্রদর্শনী থেকে বেরিয়ে আসার পর খানিকটা তাজ্জব লাগে। বন্ড ঘোর পুরোপুরি কাটে না। বন্ড স্রষ্টা ইয়ান ফ্লেমিংই কি কখনো ভাবতে পেরেছিলেন, তাঁর কল্পনার একটিমাত্র চরিত্র বছরের পর বছর ধরে এমনভাবে মন্ত্রমুগ্ধ করবে গোটা দুনিয়াকে! হয়তো ভেবেছিলেন। কারণ, দ্য নেম ইজ বন্ড—জেমস বন্ড।