আমিই মা, আমিই পাইলট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ে ফারিজা ও স্বামী বিমানচালক জাহিদ হোসেনের সঙ্গে l ছবি ফেসবুক থেকে নেওয়া
মেয়ে ফারিজা ও স্বামী বিমানচালক জাহিদ হোসেনের সঙ্গে l ছবি ফেসবুক থেকে নেওয়া

১৫ আগস্ট ফিরেছেন সিঙ্গাপুর থেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের বোয়িং ৭৭৭-৩১০ ইআরের কনভার্সন (প্রশিক্ষণ) চলছিল সেখানে। সাত দিনের ছুটিতে দেশে এসেছেন। সন্ধ্যায় ফিরে রাতে স্বামীর প্রিয় খাবারগুলো রান্না করেছেন। সকালে মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে বাড়িতে ফিরে সংসারের খুঁটিনাটি কাজ করেন। এসবের মাঝে নিজের জন্যও সময় বের করেন। বৈমানিক ফারিয়েল আহমেদ বলেন, ‘সন্তান, সংসার ও কাজ—এই তিনেরই সমান গুরুত্ব আমার কাছে। পরিকল্পনা করে সময় ব্যবস্থাপনার মধ্যে চললে সব সম্ভব। আমি নিজে একটা রুটিন ও পরিকল্পনা করে ফেলি। ফ্লাইটে যাওয়ার আগে কোনটার পর কোনটা হবে তা বুঝিয়ে দিয়ে যাই।’
ফারিয়েল আহমেদের স্বামীও বৈমানিক। তাঁদের একমাত্র সন্তান ফারিজার বয়স তিন। ইন্টারনেটে সব সময় পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। বাড়ির গৃহকর্মী ও মেয়েকে শিখিয়ে দিয়েছেন ভাইবারের মাধ্যমে যোগাযোগ করার পদ্ধতি। তাই দেশের বাইরে গেলে কোনো অসুবিধা হয় না। তখন মেয়েকে তাঁর বাবা, শাশুড়ি বা স্বামীর কাছে রেখে যান। এমনও হয়েছে তাঁর স্বামীরও ফ্লাইট পড়েছে একই সময়ে। দুজনে মিলে ব্যবস্থা করেন সবকিছু। ফারিয়েল বলেন, ‘আমার বাড়িতে, গাড়িতে সব জায়গায় ইন্টারনেটের সংযোগ আছে। ফলে সব সময় আমি পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারি। আমার অনুপস্থিতিতে মেয়ের যদি শরীর খারাপ হয়, সে জন্য ডাক্তারও বলা আছে। তাঁদের ফোন নম্বর নিয়ে যাই। বাড়িতেও রাখা আছে। আসলে আমার মা নেই তো। মা থাকলে হয়তো এত প্রযুক্তিনির্ভর হতে হতো না।’

ফারিয়েল আহমেদ  l ছবি: প্রথম আলো
ফারিয়েল আহমেদ l ছবি: প্রথম আলো

অনেকে মনে করেন, চাকরিজীবী মায়েদের সন্তানের মনন ঠিকমতো বিকাশ হয় না। এটা মানতে নারাজ ফারিয়েল। বরং চাকরিজীবী মায়ের সন্তানেরা স্বাবলম্বী হয়। ফারিয়েলের মেয়েরা ফারিজা নার্সারি শ্রেণিতে পড়ছে। মেয়েকে স্কুলে নামাতে গেলে দেখেন, অনেক বাচ্চা কান্নাকাটি করে। তাঁর মেয়ে কান্নাকাটি তো করেই না, মাকে উল্টো বলে ছুটির সময় নিতে আসতে। এতটুকুন বয়সে নিজের ভালোমন্দ বেশ বুঝতে পারে।
তাই বলে সংসারের জন্য কাজকে কখনো অবহেলা করেন না। বাড়িতে সবকিছু পরিকল্পনামতো চললে অফিসেও শান্তিমতো কাজ করা যায়। এর জন্য পরিবারের সবার সহযোগিতা খুব প্রয়োজন। বিশেষ করে স্বামীর। যদি নিজেরা বসে আলোচনা করে ঠিক করা যায়, তাহলে সম্ভব। তিনি বলেন, ‘আমার স্বামী যেহেতু একই পেশায় আছেন, ফলে তিনি আমাকে বেশি বুঝতে পারেন। আমার কখন বিশ্রাম প্রয়োজন, কী প্রয়োজন সব বোঝেন। পারস্পরিক বোঝাপড়া ভালো হওয়া খুব দরকার। ব্যস্ততার মধ্যেও সন্তানকে গুণগত সময় দিই। ও আমার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে, এটা অনুভব যেন না করতে পারে সেই ব্যবস্থা করেছি। এমনকি আমার স্বামীর পছন্দের দিকটাও খেয়াল রাখি।’
নারী বৈমানিক বলে প্রতিষ্ঠান থেকে বাড়তি সুবিধা নেবেন, এমনটা তাঁর ক্ষেত্রে কখনো হয়নি। কাজের সময় শুধু কাজ নিয়ে ভাবনা। তখন প্রতিষ্ঠানের ভালোর জন্য কাজ করে যান। পাইলট ফারিয়েলের জীবনে তাঁর পরিবার ও বিমানের ককপিট দুটোরই গুরুত্ব যে সমান।