আমিই যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ২০১১-তে ব্যাট হাতে তুলেছেন ৩৬২ রান, উইকেট নিয়েছেন ১৫টি। হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। এবারের বিশ্বকাপের নায়ক ভারতের যুবরাজ সিংয়ের গল্পই শুনুন এবার। স্কুল না পালালে কি বড় ক্রিকেটার হওয়া যায়? উত্তরটা হয়তো বেশির ভাগ ক্ষেত্রেই হবে—যায় না। ভারতের চণ্ডীগড়ের যুবি ছেলেটাও স্কুল পালাত। স্কুল পালাতে তো অজুহাত চাই। ধানাইপানাই করে মাসে আর কটা দিনই বা ফাঁকি দেওয়া যায়! যুবির তাতে আশ মেটে না। খেলার মাঠ তাকে যতটা টানে, স্কুলের ওপর ঠিক ততটাই বিকর্ষণ। তাই ভাবনার শেষ নেই ছোট্ট যুবির মাথায়। দুই দিনের গভীর চিন্তাভাবনার পর সুগভীর এক বুদ্ধি আঁটল সে, নাম লেখাল পাঞ্জাবের সিনেমাজগতে! ব্যস, মিলে গেল মোক্ষম অজুহাত। বাবা যুগরাজ সিং আবার পাঞ্জাবি সিনেমাজগতের বেশ দাপুটে অভিনেতা (ভারতের জাতীয় দলের ক্রিকেটারও বটে)। তাতে করে অজুহাতটা সফল করতে সময় লাগল না। স্কুলের হাজিরা খাতায় যুবির নিয়মিত অনুপস্থিতি চোখে পড়লেও ওই মোক্ষম অজুহাতের কারণে ক্লাসটিচাররা আর বেশি ঘাঁটালেন না ফাঁকিবাজ ছেলেটাকে!একদিন ঘটে গেল ভয়ানক ঘটনা! মারদাঙ্গা গোছের একটা ছবির শুটিং চলছে। ছুটন্ত ট্রেনের পেছনে ছুটছে ছোট্ট যুবি। দৌড় দৌড় দৌড়। সহঅভিনেতা যুবিকে একসময় ওই চলন্ত ট্রেনে উঠিয়ে দিতে গেলেন। আচমকা কী থেকে কী হয়ে গেল, পা ফসকে ট্রেন আর প্ল্যাটফর্মের মধ্যিখানে পড়ে গেল সে! শুটিং নয়, সত্যিই পড়ে গেল! ভাগ্যিস, ছবির এক কর্মী সেখান থেকে ছোঁ মেরে উঠিয়ে নিল তাকে। বিশাল এক ফাঁড়া থেকে বেঁচে গেল বেচারা যুবি।ওই ঘটনার পর যুবি যে খুব সুবোধ বালকে পরিণত হলো, তা কিন্তু নয়। স্কুলের শ্যামল ছায়ার চেয়ে ক্রিকেট মাঠের ঠা ঠা রোদ্দুরই অতি প্রিয় তার। তাতে অবশ্য বাবা যুগরাজের প্রচ্ছন্ন আশকারা ছিল। তাঁর রক্তেও যে ক্রিকেটের মাদকতা। ভারতের ফাস্ট বোলার হিসেবে বেশ নামডাক তখন। ছেলেও একদিন ছাড়িয়ে যাবে তাঁকে, তেমন একটা স্বপ্নই দেখতেন দিবারাত্রি। মা শবনম সিংয়েরও তাতে খুব বেশি আপত্তি ছিল না। তবে ছেলেকে খাতা-কলমে শিক্ষিত করার ব্যাপারেও ইঞ্চি পরিমাণ ছাড় দেননি তিনি। তাই ক্রিকেট কোচিংয়ের পাশাপাশি যুবিকে ব্যাগ কাঁধে নিয়মিত হাজির হতে হলো চণ্ডীগড়ের ডিএভি পাবলিক স্কুলে। স্কুল, ক্রিকেট কোচিং আর বাড়িতে বাবার শিক্ষা চলল ধুমসে। যুবি তাতে মোটেও ক্লান্ত নয়। ক্রিকেট ছিল তার অক্সিজেন।ডিএভি পাবলিক স্কুলের মাঠটা ছিল বিশাল। মাঠের পাশেই স্কুলের দালান। সেখানে বড় বড় হরফে লেখা ছিল ডি এ ভি। দিন কতকের মধ্যে ওই তিনটি হরফ একে একে ভূপাতিত হলো যুবির বেধড়ক ছক্কার ধাক্কায়! স্কুল কর্তৃপক্ষের মাথায় হাত। দুই দিন গড়াতে না গড়াতেই তারা অবশ্য হাত রাখলেন স্বয়ং যুবির মাথায়; হ্যাঁ, আশীর্বাদ করতে। স্কুলের অনূর্ধ্ব ১০ এবং অনূর্ধ্ব ১২ দলের হয়ে যখন মাঠে নামল সে, লোকজন হাঁ করে চেয়ে রইল তার কীর্তি দেখে। বাবা যুগরাজের পিঠে থাবা দিয়ে কেউ কেউ ভবিষ্যদ্বাণী করল, ছেলে তোমাকেও ছাড়িয়ে যাবে হে! শুধু ক্রিকেটই নয়, ছেলেবেলায় টেনিস ও রোলার স্কেটিংয়েও সমান দখল ছিল যুবির। রোলার স্কেটিংয়ে জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব ১৪ চ্যাম্পিয়নশিপে যুবি ছিল সেরা। বাগিয়েছিল জাতীয় পদক।এতকিছুতে হাতযশ থাকলেও ক্রিকেটকেই শেষমেশ বেছে নিল যুবি। বয়স যখন ১৫-১৬, যুবি ভর্তি হলো মুম্বাইয়ে ভেংসরকার একাডেমিতে। তার আগে বিষেণ সিং বেদির কোচিং একাডেমি থেকেও তালিম নেওয়া হয়ে গেছে। মুম্বাইয়ে পা ফেলতেই বাস্তব জগৎ দর্শন হলো যুবির। নিরিবিলি চণ্ডীগড় ও মা-বাবার স্নেহের ছায়াতলে থাকা কিশোর যুবির কাছে মুম্বাই ছিল বেশ কাঠখোট্টা শহর। সেই শহরেই শুরু হলো সংগ্রাম। প্রতিদিন লোকাল ট্রেনে চেপে আন্ধেরি থেকে চার্চগেটের কোচিং একাডেমিতে যাতায়াত। গুনে গুনে পা ফেলা, নিজেকে নিজেই দেখেশুনে রাখা। সব মিলিয়ে মা-বাবাহীন দুনিয়া, যুবির ভাষায়, ‘বেজায় কষ্টের ছিল দিনগুলো।’কষ্ট না করলে সত্যিকারের যুবরাজ হবে কেমন করে?—মায়ের বলা এই আপ্তবাক্যটি প্রতিনিয়ত কানের কাছে বেজে যেত। সে কারণেই হয়তো বা মাকেই জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ও শক্তির উৎস মানেন আজকের যুবরাজ সিং। আর এই যুবরাজ হয়ে ওঠার পেছনে মুম্বাইয়ের ওই জীবনটাকেও টোটকা হিসেবে মানেন নির্দ্বিধায়। একবার রনজি ট্রফিতে বাজে ফিল্ডিংয়ের কারণেই নাম কাটা পড়েছিল। সেই জেদে ফিল্ডিংয়ে ভালো করার জন্য উঠেপড়ে লেগেছিলেন কঠোর পরিশ্রমী যুবরাজ। সন্দেহ নেই, সেটারই সুফল হিসেবে আজকের সেরা ফিল্ডারদের একজন বললে, তাঁর নামটাও উঠে আসে সেরা পাঁচে। গঠনমূলক সমালোচনাকে একজন খেলোয়াড়ের জ্বালানি হিসেবে দেখেন যুবি। ক্রিকেট অনেক কিছু দিলেও মানুষ হয়ে উঠতে প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকল্প নেই—এটা যুবরাজের গভীর বিশ্বাস। শচীন টেন্ডুলকারের ব্যাটিংয়ের মতো তাঁর বিনয়ও যুবিকে সমান মুগ্ধ করে। লিটল মাস্টার তাই আদর্শ তাঁর। ১২ সংখ্যাটাকে নিজের পয়া সংখ্যা মানেন। ডিসেম্বর, মানে বছরের ১২তম মাসের ১২ তারিখে জন্ম বন্ধুপাগল যুবরাজের। সালটা ১৯৮১। সংখ্যাজ্যোতিষেও বিশ্বাস আছে। ১৯৮১-র প্রতিটি সংখ্যা যোগ করলে দাঁড়ায় ১ (১+৯+৮+১=১৯, ১+৯=১০, ১+০=১)। যুবরাজ সব সময় ১, মানে প্রথম হতে চান। হতে চান সত্যিকারের যুবরাজ।