আমিও বড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে করুন তো নিজের ছেলেবেলার কথা। মায়ের শাড়ি কিংবা বাবার শার্ট পরে আয়নার সামনে দাঁড়ানো। সেই দিনগুলোতে মনে হতো আমি কবে বড় হব? একটু বড়দের মতো করে কথা বলা, কাজ করতে সে কী আনন্দ।শিশুরা কখনো মা, কখনো বাবা বা পরিবারের অন্য সদস্যদের অনুকরণ করে। বড়দের যেকোনো আচরণ শিশুদের প্রভাবিত করে। এতে একদিকে যেমন মা-বাবার ভালো অভ্যাসগুলো সন্তান রপ্ত করে, অন্যদিকে মা-বাবার স্বভাবের নেতিবাচক দিকটাও অনুকরণ করার আশঙ্কা থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের সাবেক অধ্যাপক ও শিশুবিশেষজ্ঞ দিলরুবা আফরোজ জানান, শিশুর সামনে কোন ধরনের আচরণ করা উচিত তা সব সময় অভিভাবক জানেন না। আবার যাঁরা জানেন, তাঁরা হয়তো সেটি মেনে চলেন না। যার পুরো প্রভাব পড়ে শিশুর ওপর।শিশুদের গণ্ডি ছোট থাকে। চোখের সামনে যা দেখে অনায়াসে তা আয়ত্ত করে ফেলে। যেমন, মায়েরা অনেক সময় শিশুদের সামনে পরচর্চা করেন। কাজের লোকটিকে মারধর করেন। আবার বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে যথাযথ সম্মান দেন না। এসব আচরণের প্রভাবে শিশুটি মারামারি শিখে ফেলে। অন্যের প্রতি শ্রদ্ধাবোধ থাকে না। তখন মায়েরা শিশুদের বকা দেন। কেন সে এমন আচরণ করছে? এসব যে তাঁদের কাছ থেকে শিশুটি শিখেছে, তা তাঁরা বুঝতে পারেন না। শুধু মা কেন, বাবারাও অনেক সময় শিশুদের সামনে সংযত আচরণ করেন না। বিশেষ করে শিশুদের সামনে কারও সঙ্গে উচ্চ স্বরে কথা বলা, সিগারেট খাওয়া এমনকি সন্তানের মায়ের সঙ্গেও কোনো কথা-কাটাকাটি হলে সেটি শিশুর অগোচরে করা উচিত।শিশুর সামনে মা-বাবার আচরণ অনেক সংযত হতে হবে। তাঁদের স্বভাবের নেতিবাচক দিকগুলো যদি তাঁরা বদলে ফেলতে পারেন, তাহলে সন্তানের সামনে অপ্রস্তুত হওয়ার আশঙ্কা থাকবে না। বিশেষজ্ঞরা মনে করেন, বেশির ভাগ সময় অভিভাবকেরাই ভালো-মন্দের তফাত বুঝতে পারেন না। সে কারণে সন্তান জন্মের পর নিজের খারাপ অভ্যাসগুলো বদলে ফেলতে হবে। কেননা শিশুরা ভালো-মন্দের বিচার করতে পারে না। মা-বাবাকেই সতর্ক ও সচেতন হতে হবে। আর যদি কোনো কারণে শিশুর সামনে কোনো বিরূপ আচরণ করে ফেলেন, তাহলে পরে তাকে বুঝিয়ে বলতে হবে যে কাজটি ভুল হয়েছে। আর কখনো এমন হবে না। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, শিশুর সামনে কোনো অবস্থাতেই মিথ্যা বলবেন না। সন্তানের জন্য আদর্শ মা-বাবা হয়ে উঠুন।