মাত্র তিন দিনের পরিচয় থেকে ঘনিষ্ঠতা। আর এ ঘনিষ্ঠতার সুযোগ কাজে লাগাতে দেরি করেনি অপহরণকারীরা। দেড় বছর বয়সী এক শিশুকে গত মঙ্গলবার বিকেলে রাউজান থেকে পুলিশ উদ্ধার করার পর জানা গেছে এমন চাঞ্চল্যকর তথ্য। নগরের বায়েজিদ থানাধীন আমিন কলোনির বাসা থেকে গত শুক্রবার শিশুটিকে অপহরণ করে পাচারকারীচক্রের সদস্যরা। এ ঘটনায় বায়েজিদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। পুলিশ সূত্র জানায়, অপহূত শিশুর নাম তানভির। তার বাবা মো. শাহজাহান মিয়া (৩৫)। আলম ও নাহার নামের দুজন এ ঘটনায় জড়িত বলে জানা গেছে। পুলিশ সূত্র আরও জানায়, ২৫ জানুয়ারি শাহজাহানের সঙ্গে জনৈক আলমের পরিচয় হয়। সেই সূত্রে শাহজাহানের বাসায় আলম যাতায়াত বাড়িয়ে দেন এবং শিশু তানভিরকে আদর করতেন। একপর্যায়ে গত শুক্রবার দুপুরে তানভিরকে অপহরণ করে আতুরার ডিপো এলাকার একটি হোটেলের কাছে চলে যায় আলম। জানা গেছে, আলম শুক্রবার শাহজাহানকে মুঠোফোনে এক ব্যক্তির কাছ থেকে টাকা আনতে শেখ ফরিদ মার্কেটে যেতে বলেন। শাহজাহান সেখানে গেলে আলম সে সুযোগে শিশু তানভিরকে অপহরণ করেন। শেখ ফরিদ মার্কেটের কাছে কাউকে না পেয়ে শাহজাহান থানায় গিয়ে তাঁর ছেলে অপহরণ হয়েছে বলে অভিযোগ দেন। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পাচারের উদ্দেশ্যে শিশু তানভিরকে অপহরণ করা হয়। আমরা এ ঘটনায় নাহার নামের এক মহিলাকে শনাক্ত করেছি। সে ধরা পড়লে পুরো রহস্য উদ্ঘাটন সম্ভব হবে। আর রাউজানের সাবেক এক চেয়ারম্যানের পরিত্যক্ত বাড়ি থেকে তানভিরকে উদ্ধার করি।’