আমিন সেন্টারে ১০০ টাকার পণ্য কিনলেই মোটর কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের কেনাকাটার আমেজ লেগেছে লালখান বাজার আমিন সেন্টারে। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য মার্কেট সাজানো হয়েছে আলোর ঝরনায়। কেনাকাটা চলছে দিনভর। তবে ক্রেতাদের ভিড় বাড়ে ইফতারের পর। আর এ ভিড় লেগে থাকে গভীর রাত পর্যন্ত।আমিন সেন্টার ব্যবসায়ী সমিতির সহসভাপতি সত্য তলাপাত্র জানান, এখানে মাত্র ১০০ টাকার পণ্য কিনলেই দেওয়া হচ্ছে লটারি কুপন। লটারিতে রয়েছে বিভিন্ন মানের ১৫টি উপহার। এ ছাড়া ঈদ এবং মার্কেটের দশম বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে মেগা ফেস্টিভ্যালের।২ আগস্ট থেকে ৫ নভেম্বর পর্যন্ত ১০০ টাকার পণ্য কিনলেই ক্রেতাদের জন্য রয়েছে মোটর গাড়ি, ফ্রিজ, টেলিভিশন, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, ওয়াশিং মেশিন, ওভেনসহ নানা ধরনের পুরস্কারের হাতছানি।চারতলাবিশিষ্ট এ মার্কেটের প্রায় সব তলাতেই পাওয়া যাবে বিভিন্ন বয়সের ক্রেতাদের পোশাক, গয়না, প্রসাধনী থেকে জুতা পর্যন্ত। তবে এই মার্কেটের মূল আকর্ষণ দেশি-বিদেশি কাপড়ের তৈরি পোশাক। চতুর্থ তলার একস্টেসিতে গিয়ে দেখা যায়, পুরুষদের ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, জিন্স ও ক্যাজুয়াল প্যান্টে শোরুম সাজানো। এসবই এবারের ঈদ উপলক্ষে আনা হয়েছে বলে জানালেন শোরুমের ব্যবস্থাপক মো. শোহিন বেপারি। তিনি বলেন, ‘একস্টেসি পণ্যের ক্রেতা মূলত তরুণেরাই। সুতির চেক কাপড়ের তৈরি ফোল্ডিং করা হাতা এবং ব্যান্ড কলার শার্ট এবার বেশ চলছে। দাম এক হাজার ১৫০ থেকে এক হাজার ৪২০ টাকা। এ ছাড়া টি-শার্ট ৫৮০ থেকে এক হাজার ১৫০ টাকা। ফরমাল শার্ট এক হাজার ৪২০ থেকে দুই হাজার ২৫০ টাকা, ফরমাল প্যান্ট এক হাজার ১৫০ থেকে এক হাজার ৩৮০ টাকা, জিনসের প্যান্ট এক হাজার ৬৮০ থেকে দুই হাজার ৪৮০ টাকা। ঈদে পাঞ্জাবি পরে নামাজ আদায় করবেন অনেকে। তাই পাঞ্জাবির কদরও অনেক বেশি। একস্টেসিতে পাঞ্জাবির দাম রাখা হয়েছে এক হাজার ৮২০ থেকে দুই হাজার ৯০০ টাকা। দ্বিতীয় তলার কিডস ওয়ার্ল্ড, কিডস পয়েন্টসহ বেশ কয়েকটি শিশুদের পোশাকের দোকান ঘুরে দেখা গেছে, বাহারি ডিজাইনের পোশাক দিয়ে সাজানো প্রতিটি শোরুম। একই তলার ঐশি, বিশাখা, চন্দ্রবিন্দুতে মিলবে শিশুদের ফ্রক, স্কার্ট, লেহেঙ্গা, টপস, ডিভাইডেড, শার্ট, প্যান্ট, জিন্সসহ নানাধর্মী পোশাক। মাসাককালি, আকসারা, নাবিয়া নামের মেয়েদের এবং লাড্ডু, হ্যারাম, জেব্রা নামের মেয়েশিশুদের পোশাকে ঝলমল করছে প্রতিটি শোরুম। ফ্যাশন হাউস চন্দ্রবিন্দুর তৈরি লেহেঙ্গার দাম পড়বে সাত হাজার থেকে ৩৫ হাজার ৮৫০ টাকা পর্যন্ত। এ ছাড়া এখানে এক হাজার থেকে ১৬ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে সালোয়ার-কামিজ।অন্যান্য মার্কেট ছেড়ে এ মার্কেটে কেনাকাটা করতে কেন এসেছেন জানতে চাইলে ক্রেতা রুমানা ইসলাম বলেন, ‘ঈদের কেনাকাটার জন্য ইতিমধ্যে অনেক মার্কেটই ঘুরেছি। দেখা গেছে, দাম এবং মানের ক্ষেত্রে এ মার্কেটের ওপর একটু বেশি নির্ভর করা যায়। তা ছাড়া এখানে বাচ্চাদের রুচিশীল পোশাকের সংগ্রহ অনেক বেশি।’নিচতলায় রয়েছে কসমেটিক, শিশু ও পুরুষদের পোশাকের দোকান। বুটিক হাউস স্নেহা দেশীয় পণ্যের পাশাপাশি শিশুদের জন্য রেখেছে বিদেশি পোশাক এবং মহিলাদের জন্য ব্যাগ, ইমিটেশন ও জুতাসামগ্রী। শিশুদের দেশীয় সুতির পোশাক ৩৫০ থেকে এক হাজার ৫৫০ টাকা, জুতা ৮৯০ থেকে এক হাজার ১৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এ ছাড়া নূর ডিপার্টমেন্টাল স্টোরে ইমিটেশনের বিভিন্ন গয়না, প্রসাধনী এবং লাইফস্টাইলে ছেলেদের আকর্ষণীয় জুতা, স্যান্ডেল, শু পাওয়া যাচ্ছে।