কক্সবাজারের সেই খুদে উশু খেলোয়াড় আমির হোসেন (১৭) এবারের অষ্টম বাংলাদেশ গেমসে স্বর্ণপদক অর্জন করেছেন। এর আগেও তিনি নানা পুরস্কার পেয়েছেন। আমির হোসেন শহরের শেখ রাসেল সড়কস্থ (অ্যান্ডারসন সড়ক) নাট্যজন জামাল হোসেনের ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ ও ২৭ এপ্রিল রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অষ্টম বাংলাদেশ গেমস। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) এই গেমসের আয়োজন করে। আমির হোসেন বিকেএসপির খেলোয়াড় হিসেবে ওই প্রতিযোগিতায় অংশ নেন এবং নানচুয়ানে ইভেন্টে তিনি প্রথম পুরস্কার হিসেবে স্বর্ণপদক লাভ করেন। গত জাতীয় উশু চ্যাম্পিয়নশিপেও তিনি স্বর্ণপদক লাভ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আমির হোসেন ২০০৪ সাল থেকে কক্সবাজারের ঐতিহ্যবাহী বজ্রমুষ্টি উশু একাডেমির (বর্তমানে বাংলাদেশ উশু একাডেমি) জুনিয়র অ্যাথেলেট হিসেবে ভর্তি হন। বর্তমানে ওই একাডেমির সদস্য সংখ্যা ২৫০ জন। এর মধ্যে মেয়ে ১২ জন। আমির হোসেন ২০০৬ সালে জেলা উশু টিমের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। ২০০৭ সালে দক্ষিণ কোরিয়ার ইয়াংঝুতে অনুষ্ঠিত এশিয়া জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন আমির হোসেন। কিন্তু সামান্য ব্যবধানে তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী চীনের খেলোয়াড়ের কাছে হেরে যান। আমির হোসেন বলেন, ‘অষ্টম বাংলাদেশ গেমসে স্বর্ণপদক পেয়ে প্রথম হওয়ার স্বপ্নটি পূরণ হলো। এখন চীন গিয়ে উচ্চতর প্রশিক্ষণ নিতে চাই। এরপর আগামী সময়ে অলিম্পিক গেমসে উশু ইভেন্টে অংশ নিয়ে স্বর্ণপদক জিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চাই।’ তাঁর শিক্ষক ও কক্সবাজারের বাংলাদেশ উশু একাডেমির পরিচালক ডি এম রুস্তম বলেন, ‘আমির হোসেনের মধ্যে শুরু থেকে অসাধারণ প্রতিভা লক্ষ করছি। সরকারিভাবে তাকে চীন পাঠিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা গেলে বাংলাদেশ লাভবান হবে।’