আমিরাতে বাংলাদেশি কৃষকের কৃষিবিপ্লব

মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে কৃষি জ্ঞানকে কাজে লাগিয়ে সফলতা পেয়েছেন কয়েকজন বাংলাদেশি। আমিরাতে এমনি এক সফল বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আবদুর রহিমের পুত্র মোহাম্মদ সুরুজ মিয়া। আমিরাতের ফুজাইরা প্রদেশের দিব্বা মাশাফীর মরুভুমি, পাথরের পাহাড় ও পাহাড়ের পাদদেশের বিরাট জায়গায় তিনি করেছেন সবুজের সমাহার।
প্রায় ২০ বছর আগে ফুজাইরা প্রদেশের দিব্বা মাশাফীর একটি কৃষি খামারে কৃষিভিসায় কাজ করতে এসেছিলেন সুরুজ মিয়া। পূর্ব কৃষি অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি কয়েক বছরের মধ্যেই সেই কৃষি খামারের বিস্তৃর্ণ জায়গায় শাকসবজির চাষ শুরু করেন। লাগান নানা ধরনের ফল ফুলের গাছ। চারদিকে সৃষ্টি হয় সবুজের সমাহার। ওই খামারে উৎপাদিত হতে থাকে নানা ধরনের শাকসবজি, ফল ও ফুল। এ সব বিক্রি করে যথেষ্ট লাভবান হন খামারের মালিক।
পরে এই খামার মালিক খুশি হয়ে সুরুজ মিয়াকে নামমাত্র মূল্যে লিজ দেন প্রায় একশ একরের মতো ভূমি। সরুজ মিয়া সেই জমিতে শুরু করেন নানা ধরনের শাকসবজির চাষ। লাগান বিভিন্ন ফল ও ফুলের গাছ। প্রথম দিকে তিনি একাই কাজ করতেন। কিছুদিন পর দেশ থেকে নিয়ে আসেন তিন-চারজন শ্রমিক।
সুরুজ মিয়ার চেষ্টা ব্যর্থ হয়নি। কয়েক বছরের মধ্যেই তিনি পেয়েছেন অর্থনৈতিক সাফল্য। পরে তিনি দেশ থেকে নিয়ে এসেছেন তাঁর পরিবারপরিজন, কয়েকজন আত্মীয়স্বজনসহ আরও অনেক শ্রমিক। পাহাড়ের পাদদেশের খেতে তিনি তৈরি করেছেন গ্রীন হাউজও।
সুরুজ মিয়া জানালেন, তিলে তিলে তিনি সাফল্যের মুখ দেখেছেন। আরও এগিয়ে যেতে চান। তবে এ জন্য তাঁর আরও শ্রমিক প্রয়োজন এবং তাঁরা বাংলাদেশি হলে ভালো হয়। কিন্তু আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকায় তিনি এগোতে পারছেন না।
সুরুজ মিয়ার কৃষি খামার এবং ফল ও ফুলের বাগান অন্যান্য বাংলাদেশির কৃষি খামারের চেয়ে কিছুটা ভিন্ন। তাই আমিরাতের বিভিন্ন এলাকা থেকে ছুটির দিনে প্রবাসী বাংলাদেশিসহ নানা দেশের পর্যটকরা তাঁর খামার দেখতে আসেন।
এম আবদুল মন্নান
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত