আমিরাবাদে পানির জন্য হাহাকার
লোহাগাড়ার উত্তর আমিরাবাদের অধিকাংশ গ্রামের টিউবওয়েলে পানি না পাওয়ার কারণে পানির কষ্টে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। এ এলাকার ১০-১২টি গ্রামের মধ্যে শুধু তিন থেকে চারটি টিউবওয়েলে পানি পাওয়া যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, কালু আমিনপাড়া, ব্রাহ্মণপাড়া, বনিকপাড়া, পালপাড়া, বৈরাগীপাড়া, মুদিপাড়া, জলদাশপাড়া, নাপিতপাড়া, মজুমদারপাড়া ও ছাটিয়ালপাড়ার চার-পাঁচ শ পরিবার গত কয়েক মাস ধরে তীব্র পানির কষ্টে আছেন।
ব্রাহ্মণপাড়ার দীপায়ন চক্রবর্তী জানান, তাঁর এলাকায় পানি না থাকার কারণে মহিলারা কয়েক কিলোমিটার দূরে এম বি উচ্চবিদ্যালয়ের নলকূপ থেকে খাবার পানি সংগ্রহ করেন। স্থানীয় খুরশিদা বেগম জানান, এ গরমে পর্যাপ্ত খাবার পানি না পেয়ে শিশুরা আরও বেশি অসুস্থ হচ্ছে।
কালু আমিনপাড়ার আখতারুল হক জানান, খাবার পানির সংকটের কথা স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার জানানো হলেও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই তিনি নিজে ৫০ হাজার টাকা খরচ করে তাঁর নলকূপ থেকে মোটর যন্ত্রের মাধ্যমে পানি তুলে আশপাশের এলাকার দুই-তিন শ পারিবারকে সরবরাহ করছেন।
এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. নেজাম উদ্দিন বলেন, ‘আমার এলাকার অধিকাংশ নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। বিষয়টি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের অবহিত করেছি। তবে এখনো সাড়া পাইনি।’
লোহাগাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মনিরুজ্জামান দেওয়ানজী জানান, পানির স্তর নেমে যাওয়ায় এ সময় অধিকাংশ টিউবওয়েলে পানি পাওয়া যাচ্ছে না। তাই ভবিষ্যতে ৬০-৭০ ফুট নিচ থেকে যাতে পানি পাওয়া যায়, সে ধরনের টিউবওয়েল স্থাপনের প্রক্রিয়া চলছে।