আমৃত্যু লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি জানি, আমাকে টিকে থাকতে হবে ওটা পেতে হলে। মারা গেলে ওরা তোমাকে ওটা দেবে না। আমাকে টিকে থাকতেই হবে।’ মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে নিজের মেয়েকে মজা করে বলেছিলেন ২০১১ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া বর্ষীয়ান জীববিজ্ঞানী রাল্ফ এম স্টেইনম্যান। না, টিকে তিনি ছিলেন না ৩ অক্টোবর সোমবার পর্যন্ত, যেদিন নোবেল কমিটি পুরস্কার বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করে। অবাক ব্যাপার হচ্ছে, নোবেল কমিটিও জানত না যে তিন দিন আগে তিনি মারা গেছেন। জানলে হয়তো এই পুরস্কারটি তাঁর ভাগ্যে জুটত না। কারণ, নোবেল ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী, মরণোত্তর পুরস্কার দেওয়ার কোনো নিয়ম নেই। তবে মৃত্যুর খবর জানার পরও মানবতার কল্যাণে আমৃত্যু কাজ করে যাওয়া এই অসাধারণ পণ্ডিতকে দেওয়া সম্মানটুকু ফিরিয়ে নেয়নি নোবেল কমিটি। বরং নিজেদের নিয়মকেই উপেক্ষা করে দাঁড় করিয়েছে নোবেলের ইতিহাসে অনন্য এক উদাহরণ।কানাডার মন্ট্রিয়লে এক সাধারণ ইহুদি পরিবারে জন্মেছিলেন স্টেইনম্যান। বাবার ছোট একটি কাপড়ের দোকান ছিল। ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে বিজ্ঞানে স্নাতক শেষ করে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। বহু মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত এই শারীরবৃত্তবিদ সারা জীবন গবেষণা করে গেছেন মানবদেহের রোগ প্রতিরোধব্যবস্থার আদ্যোপান্ত জানতে।আমরা যখন বলি, একবার কারও জলবসন্ত হলে সারা জীবনে আর তা হয় না, তখন শরীরের যে প্রতিরোধব্যবস্থার কথা বলি, স্টেইনম্যান মানবদেহের অদ্ভুত সেই রহস্যেরই জট খুলে দিয়েছিলেন ১৯৭৩ সালে। ডেনড্রাইটিক কোষ নামে তিনি যে বিশেষ ধরনের কোষ আবিষ্কার করেন, তা মানবদেহের এই রোগ প্রতিরোধব্যবস্থার মূল সঞ্চালক ও সমন্বয়ক। সাধারণ কথায়, শরীরের বাইরে থেকে কোনো জীবাণু দেহে প্রবেশ করলে এই বিশেষ কোষ তাকে শনাক্ত করে; তাকে নিজস্ব রোগ প্রতিরোধকারী প্রক্রিয়ার কাছে হস্তান্তর করে। আবার ভবিষ্যতে এই একই জীবাণু শরীরে প্রবেশ করলে নিজস্ব প্রতিরোধব্যবস্থা যাতে সহজে ও দ্রুত তাকে চিনে নিতে পারে এবং মেরে ফেলতে পারে, সে ব্যবস্থাও এই ডেনড্রাইটিক কোষই করে। এই অমূল্য গবেষণার ওপর ভিত্তি করে বিজ্ঞানীরা আশা করছেন, অদূর ভবিষ্যতেই ক্যানসার, বাত ও বাতজ্বরসহ অনেক সংক্রামক রোগের বিরুদ্ধে চিকিৎসাবিজ্ঞান আরও কার্যকর হবে। অবশ্য সে স্বপ্নও দেখিয়ে গেছেন স্টেইনম্যান নিজেই অনেকটা। চার বছর আগে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হলে ডেনড্রাইটিক কোষসংবলিত থেরাপির সাহায্য নিয়েই তিনি নিজের চিকিৎসা করেন, যাতে অনেকটাই সফল হয়েছেন তিনি জীবন-দৈর্ঘ্য বাড়াতে। মানবতার সেবায় শেষ দিন পর্যন্ত এভাবেই নিজেকে উৎসর্গ করে গেছেন বলেই বোধ হয় নিয়ম ভেঙেই জিতে নিলেন নোবেল পুরস্কার।টুকরো জীবনজন্ম: ১৯৪৩, মন্ট্রিয়ল, কানাডা।মৃত্যু: ৩০ সেপ্টেম্বর, ২০১১।সর্বশেষ কর্মস্থল: রকফেলার বিশ্ববিদ্যালয়, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রযে কারণে নোবেল: ডেনড্রাইটিক কোষ আবিষ্কার ও মানবদেহের অভিযোজিত রোগ প্রতিরোধব্যবস্থায় এর ভূমিকা।উল্লেখযোগ্য পুরস্কার: উইলিয়াম বি কলি পুরস্কার (১৯৯৮), রবার্ট কক পুরস্কার (১৯৯৯), আলবার্ট ল্যাস্কার পুরস্কার (২০০৭)।