মনোনয়নপত্র বাছাইয়ের পর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে চন্দনাইশ পৌরসভায়। প্রার্থীরা ঘনিষ্ঠ কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের যোগ্যতার বিবরণ দিয়ে দোয়া ও ভোট চাইছেন। তবে প্রচারণায় অন্যান্য বারের মতো নির্বাচনী আমেজ এবার দেখা যাচ্ছে না। প্রতীক বরাদ্দের পর প্রচারণা পুরোদমে জমে উঠবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। ভোটার ও দলীয় কর্মী-সমর্থকদের মতে, চন্দনাইশে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও এলডিপির (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) মধ্যে। প্রার্থীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এবার পৌর নির্বাচনে নির্বাচনী বিধিনিষেধের ব্যাপারে সংশ্লিষ্ট লোকজন সতর্ক। এ কারণে কেউ সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন না কিংবা কাউকে আঘাত করে বক্তব্য দিচ্ছেন না। কোনো প্রার্থীকে ছোট করে দেখছেন না তাঁরা। চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভোটার ব্যাংকার জামাল উদ্দীন চৌধুরী নির্বাচনী আচরণবিধি সমর্থন করে বলেন, ‘কঠোর আচরণবিধির কারণে মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’ ৮ নম্বর ওয়ার্ডের ভোটার আবদুল মাবুদ জানান, কঠোর আচরণবিধির কারণে আগের নির্বাচনগুলোর মতো উৎসব-আমেজ এবার দেখা যাচ্ছে না। উপজেলা নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দীন জানান, এখনো কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ-সমর্থিত একক মেয়র প্রার্থী মোহাম্মদ শেখ টিপু চৌধুরী ইতিমধ্যে ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করে ভোটারদের দোয়া ও সমর্থন চেয়েছেন। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান। দলীয় সূত্র জানায়, ২২ ডিসেম্বর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরীর বাসায় এক বৈঠকে দলের অপর মেয়র প্রার্থী আবদুর রহমান তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন। এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সমর্থিত মেয়র পদপ্রার্থী বর্তমান মেয়র মোহাম্মদ আইয়ুব পৌর সদর ও আশপাশের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেছেন। ২৩ ডিসেম্বর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ‘আমি জনগণের সঙ্গে আছি। জনগণ অতীতের উন্নয়নকাজ পর্যালোচনা করে আমাকে মূল্যায়ন করবেন বলে আমার আস্থা আছে।’ এ সময় তিনি দায়িত্বে থাকাকালে বাস্তবায়িত কর্মকাণ্ডের বিবরণ দেন। তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান মহাজোট সরকারের আমলে বরাদ্দ বেশি পেয়েছেন বলে মন্তব্য করেন তিনি। বিএনপি-সমর্থিত প্রার্থী নুরুল আনোয়ারের পক্ষে এখনো তেমন প্রচারণা দেখা যায়নি।