আমের বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপজেলা সদরের বাবুপাড়া গ্রামে বাগান থেকে আম পেড়ে ঝুড়ি ভর্তি করছেন চাষি সিকু চাকমা। দাম না পেয়ে তঁার মতো হতাশ অন্য চাষিরাও l প্রথম আলো
উপজেলা সদরের বাবুপাড়া গ্রামে বাগান থেকে আম পেড়ে ঝুড়ি ভর্তি করছেন চাষি সিকু চাকমা। দাম না পেয়ে তঁার মতো হতাশ অন্য চাষিরাও l প্রথম আলো

বাঘাইছড়ি উপজেলা সদরে বাবুপাড়া গ্রামের আমচাষি সিকু চাকমা। তাঁর আমবাগানের আয়তন প্রায় তিন একর। এ বছর পরিচর্যায় খরচ হয়েছে ৩০ হাজার টাকার বেশি। ফলনও হয়েছে ভালো। কিন্তু আম বিক্রি করেছেন মাত্র ২০ হাজার টাকার। শুধু সিকু নন, অর্ধশতাধিক আমচাষি প্রত্যাশিত বাজারমূল্য না পেয়ে লোকসানের মুখে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন বাগানে আম পাড়া শেষ পর্যায়ে। আম্রপালি, ল্যাংড়া, ফজলি ও মল্লিকা ঝুড়ি ভর্তি করে চাষিরাই আম বাজারে নিয়ে আসছেন। কিছু বাগানে এখন রাংগুই জাতের আম রয়েছে।
আমচাষিরা জানান, প্রতিবছর ঢাকা ও চট্টগ্রাম থেকে পাইকারেরা বাগান থেকে আম কিনে নিয়ে যান। কিন্তু এ বছর বাগানে কোনো পাইকার আসেননি। ফলে চাষিরাই আম বাজারে নিয়ে এসেছেন। এ কারণে আমের বাম্পার ফলন হলেও পানির দরে বিক্রি করতে হচ্ছে। আম্রপালি, ল্যাংড়া, ফজলি ও মল্লিকা আম বিক্রি করতে হচ্ছে প্রতি কেজি ১৫ থেকে ৩৫ টাকায়। অথচ গত বছর এসব জাতের আম বিক্রি হয় ৫০ থেকে ৮৯ টাকা করে। এদিকে দেশি আম বিক্রি হয়েছে ১০ থেকে ২৫ টাকা করে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ৩০০ একর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদন হয়েছে ১ হাজার ৫৬২ মেট্রিকটন। লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৪৫০ মেট্রিকটন। বাঘাইছড়িতে অাম্রপালি, ল্যাংড়া, রাংগুই, ফজলি ও মল্লিকা এবং দেশীয় বিভিন্ন জাতের আম চাষ করা হয়। দেশি আম পাকা শুরু হয় মে মাসের মাঝামাঝি থেকে। জুন মাসের শুরুতেই আম্রপালি, ল্যাংড়া, ফজলি ও মল্লিকা বিক্রি শুরু হয়। সম্প্রতি আম্রপালি, ল্যাংড়া, ফজলি ও মল্লিকা বিক্রি শেষ হতে চলেছে। এখন বাজারে আসছে রাংগুই।
আমচাষি সিকু চাকমা বলেন, ‘গত বছর ৫০ টাকার নিচে কোনো আম বিক্রি করিনি। এ বছর ১৫ টাকা করেও বিক্রি করতে হয়েছে। আমার গাছে ও আম পাড়ার পর কমপক্ষে ২০ মণ আম পচে গেছে। এ ছাড়া গাছে অনেক আম ফেটে নষ্ট হয়ে গেছে। এ বছর ওষুধ ও পরিচর্যার খরচও ওঠেনি।’
চৌমুহনী বাজারের ফল ব্যবসায়ী মো. মোবারক হোসেন বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এ বছর আমে কোনো পোকা নেই, মিষ্টিও হয়েছে। কিন্তু বাজারে দাম নেই। আমরা আম্রপালি সর্বোচ্চ ২০ টাকা করে কিনেছি। বিক্রি করতে হয়েছে ২৫ টাকা করে। খবর নিয়ে জানতে পারি চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়িতেও আমের দাম নেই। বেশি কিনলেও পচে নষ্ট হয়ে যায়।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল ইমরান বলেন, ‘এখানে তুলনামূলকভাবে আমের দাম অনেক কম। বাজারজাতের সমস্যার কারণে ভালো ফলন হলেও দাম পাচ্ছেন না চাষিরা। তা ছাড়া এ বছর ঢাকা-চট্টগ্রাম থেকে কোনো পাইকারি ক্রেতা আসেনি। আশা করি ভবিষ্যতে এখানকার আম বাইরে রপ্তানি হবে। কয়েক মাস আগে বিদেশে আম পাঠানোর চাহিদা চাওয়া হয়েছে। এতে বাঘাইছড়ি উপজেলাকেও তালিকাভুক্ত করা হয়। তখন হয়তো আমচাষিরা ভালো দাম পাবেন।’
তিনি জানান, চাষিদের আম চাষের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। মাঠপর্যায়ে কর্মকর্তারাও সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছেন।